ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু—সর্বোপরি আমার বাবা শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা ছিল আমার নিত্যদিনের কাজ। এসব ক্ষেত্রে গভীর এক শূন্যতা বুকে ধারণ করে, অন্তর্গত রক্তক্ষরণ মেনে নিয়ে এবং নানা ঘাত–প্রতিঘাত পেরিয়ে আমাকে সাহস জুগিয়েছেন মা। এ সময় বাবার প্রাণের সংগঠন ‘খেলাঘর’ ও ‘উদীচী’ হয়ে ওঠে আমার মানসিক আশ্রয়স্থল। খেলাঘরের সংস্পর্শে এসে আমি দেশ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আর বাংলাদেশের রক্তাক্ত পতাকাকে আঁকড়ে ধরে কখন যে গান, কবিতা, নাটক, ছবি আঁকা, গল্প লেখা, গল্প বলার ভেতর দিয়ে নিজের একান্ত ভুবন তৈরি করেছি, আজ আর তা মনে নেই।
বাবাকে আমি আবিষ্কার করেছিলাম খেলাঘর–এ। খেলাঘরের সাহিত্য আসরে যখন প্রথম বাবার কবিতা আবৃত্তি করি, তখন আমি পঞ্চম শ্রণিতে পড়ি। কবিতার নাম ‘একুশের ভোর’। ওই বয়সে বুঝিনি, কিন্তু পরে বুঝেছি, ২১ ফেব্রুয়ারি ছিল বাবার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পরপরই শহীদুল্লা কায়সার গ্রেপ্তার হন। তাঁর সাহিত্যচর্চাও মূলত তখন থেকে শুরু হয়। কারাবাসের সময়ই তিনি রচনা অনেক কবিতা। তাঁর কালজয়ী উপন্যাস সংশপ্তক, সারেং বৌ আর রাজবন্দীর রোজনামচা কারাগারে বসেই লেখা। এসব বই একেক বয়সে একেকভাবে আমার চিন্তা ও মননকে প্রভাবিত করেছে।
আমি যখন একটু একটু বুঝতে শিখেছি, তখনই সারেং বৌ পড়েছি। বেশ কয়েকবার পড়েছি। উপন্যাসটিতে আমাদের গ্রামীণ সমাজের মুখোশধারী আর প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এক একাকী নারীর সামাজিক ও পারিবারিক সংগ্রামের চিত্র দারুণভাবে ফুটে উঠেছে। বড় হয়ে উপলব্ধি করেছি, সারেং বৌ আদতে নারীর সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক অধিকারেরর এমন এক চালচিত্র, যা গ্রামীণ সমাজ, এমনকি আমাদের এই তথাকথিত ‘আধুনিক’ সমাজেও এখনো প্রাসঙ্গিক।
সারেং বৌ নিরন্তর যেভাবে সমাজের কথা বলে, সংশপ্তক উপন্যাসেও ধ্বনিত হয় সেই সমাজেরই কথা। বাবার এই উপন্যাস আমাকে আরও বেশি আলোড়িত করে। এখানে একজন মালু, একজন সাহেবের মধ্যে তো খুঁজে পাই শহীদুল্লা কায়সারের নিজেরই প্রতিবিম্ব। অন্যদিকে সেকান্দর মাস্টার সমাজের মেরুদণ্ড; রাবু, হুরমতী—এরা প্রতিবাদী নারী।
সত্যি বলতে, সংশপ্তক আমার কাছে আজও বিস্ময়। কীভাবে একজন মানুষ তাঁর শৈশব, কৈশোর, যৌবনের বেড়ে ওঠা সমাজ, মানুষ ও সময়কে এত নিখুঁতভাবে উপস্থাপন করতে পারেন! এই উপন্যাসের মধ্য দিয়ে যেন বাবার বেড়ে ওঠাও দেখতে পাই আমি।
আমার কাছে বাবার জেলজীবনের কিছু অপ্রকাশিত চিঠি আছে। এগুলো আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। চার দেয়ালে ঘেরা গরাদে বসে শহীদুল্লাহ কায়সার এসব চিঠি কাকে যে উদ্দেশ করে লিখেছিলেন, তা আমরা সঠিক জানতে পারিনি। কিন্তু ভালোবাসা, শ্লেষ, হাস্যরস, কখনো আবার অপরিসীম জীবনীশক্তিতে ভরপুর চিঠিগুলোয় যেমন মানব–মানবীর কথা আছে, তেমনি রয়েছে বিভিন্ন সামাজিক প্রসঙ্গ।
আমার জীবনে একসময় এমন মনে হয়েছিল যেন জীবন এখানেই থেমে গেছে। সে সময় বাবার লেখা সেসব চিঠিই কেবল আমাকে সাহস জুগিয়েছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। নিজের মতো করে আপন ভাবনার জগৎ তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছে। শহীদুল্লা কায়সার তাই আমার কাছে খুব জীবন্ত।
আর তিনি জীবন্ত বলেই তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়ে যেন বর্তমানকেও দেখতে পাই। তাই তরুণ প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্মের কথা উল্লেখ করতে চাই অনেক বড়ভাবে।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে জানানোর পাশাপাশি বাংলাদেশের এসব শ্রেষ্ঠ সন্তানকে এখনো তরুণ প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হয়নি। তাঁদের সাহিত্যকর্ম, তাঁদের কাজ, তাঁদের চেতনা উত্তর প্রজন্মের কাছে সত্যিকার অর্থে পৌঁছে দিতে পারলেই মুক্তিযুদ্ধের আদর্শের মানবিক সমাজের বির্নিমাণ আরও গতিময় হয়ে উঠবে।
বাবাকে আমি সেভাবে পাইনি। স্বাধীন বাংলাদেশই আমার কাছে আমার বাবার মুখ। তাঁর লেখাগুলোর মধ্য দিয়েই আমি তাঁকে দেখতে পাই।