বাংলা একাডেমি পুরস্কার পেলেন যাঁরা

ঘোষণা হয়েছে ২০২২ সালের বাংলা একাডেমি পুরস্কার। ২৫ জানুয়ারি বিকেলে একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারের ১১টি বিভাগে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার মোট ১৫ জন লেখক–কবি–সাহিত্যিক এই সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে কবিতা, কথাসাহিত্য, নাটকে ও ফোকলোরে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত; কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন; প্রবন্ধ বা গবেষণায় মাসুদুজ্জামান; অনুবাদে আলম খোরশেদ; নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল; শিশুসাহিত্যে ধ্রুব এষ; মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক; বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়; বিজ্ঞান, কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন; আত্মজীবনী, স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনিতে ইকতিয়ার চৌধুরী এবং ফোকলোর শাখায় আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।