বইপত্র

সাফা মরিয়মের বাসনা: এক শ এক রাতের গল্প

আধুনিক যুগে যত বড়, বর্বর বা নৃশংস অপরাধই হোক না কেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে অপরাধীর শবদেহ যাবতীয় গুনাখাতা থেকে অব্যাহতি দেয় আইনকানুনের নিগড়। তাতে ক্ষান্ত থাকেনি মানুষ, এমনকি মৃতদেহের অবমাননাও শাস্তিযোগ্য করেছে। শুধু তা-ই নয়, মৃতের মানহানি করাও আইনে নিষিদ্ধ। কেউ মৃত ব্যক্তির মানহানি করলে তার উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রেখেছে।

কিন্তু প্রাচীন যুগে সফোক্লেসের ‘অ্যান্টিগোনি’ নাটকে রাজার বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে নিহত হয়েও পলিনাইসেসের নিস্তার নেই। শাস্তি পেতে হবে। আর সেই সাজা হলো, তার মরদেহ সৎকার হওয়া থেকে বঞ্চিত হয়ে খোলা ময়দানে পড়ে থাকবে শিয়াল-শকুন আর পশুপাখির সম্ভাব্য খাবার হিসেবে, যা ছিল সেই সময়কার সর্বোচ্চ শাস্তি রাজদ্রোহের। আর যে-ই এ দেহের সৎকার করতে যাবে, প্রাণদণ্ড হবে তার।

মানবদেহের এমনধারা অবমাননা, তখনকার আইনস্বীকৃত হিসেবে সবাই মেনে নিলে পলিনাইসেসের বোন অ্যান্টিগোনির প্রাণে সয় না। যায় যদি যাক প্রাণ, ভাইয়ের লাশের সৎকার করতে মরিয়া বোন। তিনি যখন রাজাজ্ঞা অমান্য ও প্রাণদণ্ডের হুমকি উপেক্ষা করে তাঁর মৃত ভাইয়ের মরদেহ সৎকার করতে চান, তখন তিনি আসলে তাবৎ মানুষ জাতির মর্যাদার লড়াই–ই করেন। অবচেতনে তিনি হয়তো মানুষের আধুনিকতায় উত্তীর্ণ হওয়ার পথও তৈরি করেন।

‘এক শ এক রাতের গল্প’ নামের সদ্য প্রকাশিত উপন্যাসে শাহীন আখতার এ যুগের অ্যান্টিগোনি সাফা মরিয়ম জামালের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। মে-ফ্লাওয়ার রেস্তোরাঁয় দেশি-বিদেশির রক্তে স্নান করা শেষে, সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত হওয়া শাহরিয়ার জামাল অপুসহ অন্য জঙ্গি যারা হতে চেয়েছিল ‘দুনিয়াবির এক রাতের হিরো, তারপর অনন্তকালের বেহেশত’ তাদের লাশকাটা ঘরের হিমঘরে পড়ে থাকা মরদেহের শেষকৃত্য সম্পন্নের প্রচেষ্টা এ আখ্যানের কেন্দ্র। কিন্তু এ সহজ কাজ নয়। যেমনটা শোনা যায় সাফা মরিয়মের মামার মুখে, ‘তুমি অ্যান্টিগোনির মতো রাজাজ্ঞা লঙ্ঘন করে ভাইকে কবর দিতে চাও! এসব নাটক নভেলেই মানায়।’

উপন্যাসটি শুরু হয় উমবের্তো একোর ‘দ্য নেম অব দ্য রোজ’ থেকে একটি উদ্ধৃতির মাধ্যমে, ‘ছাপার অক্ষরে যা আছে, তা–ই বিশ্বাস করার জন্য বই রচিত হয় না, বরং অনুসন্ধিৎসাকে উসকে দেওয়াই এর উদ্দিষ্ট। কোনো বই বিচার করার কালে এতে কী লেখা আছে তা নয়, এর মানে কী? নিজেদের এ প্রশ্ন করা উচিত আমাদের।’ এ উপন্যাস পড়ে শেষ করার পর অবচেতনে যে পয়লা সওয়ালের উদ্রেক ঘটে, তা–ও অনেকটা এমন যে এর মানে কী? ইতিহাস, বাস্তব, পরাবাস্তব বা জাদুবাস্তবের অলিগলিতে আইসিস, ইঙ্গিমাসি, হাসাসিন, ক্রুসেড, হাসান সাব্বাহ, সালাউদ্দিন, রিচার্ড, বাইজান্টাইন রাজকুমারী আনা কমনিনা, খিলাফত আন্দোলন, গান্ধী বা আলী ভাইদের সঙ্গে মহাভারত, লেভান্ত, আর ইউরেশিয়ার পথে–প্রান্তরে শফি মোহাম্মদ, দিলরুবা মেহবুবা আর সাফা মরিয়মের যে ঝঞ্ঝাবিক্ষুব্ধ পাঠভ্রমণ, তাতে হাজারো ঘনঘটা আর লাখো শব্দে যা–ই লেখা হোক না কেন, এর মানে সম্ভবত জাক লাঁকার ‘ডোন্ট গিভ আপ অন ইয়োর ডিজায়ার’–এর দার্শনিকতাই। অথবা ‘ডু ইয়োর ডিউটি’, যা আদতে অ্যান্টিগোনিরই বাসনা।

এক শ এক রাতের গল্পশাহীন আখতারপ্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: জুলাই ২০২২, প্রচ্ছদ: জাহিদুর রহিম অঞ্জন, ২৩২ পৃষ্ঠা, দাম: ৪২০ টাকা।বইটি পাওয়া যাচ্ছেprothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।

উপন্যাসটি পড়ে শেষ করার পর জঙ্গি শাহরিয়ার জামালদের জন্যও কি দীর্ঘতর শ্বাসটি বেরিয়ে আসে না—হায়, মানুষের সঙ্গে দেখা হয়নিকো তাদের, আর হওয়ারও নয়! রূপ-রস-গন্ধ-ঘাম-অশ্রুতে মাখামাখি অমীমাংসিত মানুষের সঙ্গে যদি দেখাই হয়ে যেত তাদের, তবে হয়তো জানত, মানুষ শুধু সটান এই রকম আর ওই রকম বাইনারির হয় না, নানান রকমেরই হয়। দুই দিনের দুনিয়া আর অনন্ত জান্নাতের মাঝখান দিয়ে বিরাজে আরেক অনন্ত নহর, যা মানুষের বৈভবে ভরপুর।

শাহরিয়ার, জাভেদ মুর্তজারা ওই বিস্মৃত হওয়ার প্রক্রিয়ায় যে শুধু নিজেকেই চিনতে অপারগ হয়ে ওঠে, তা–ই নয়। একই সঙ্গে অপরের কাছেও নিজেকে অচিন করে তোলে। না হলে, ব্রেকিং নিউজে মে-ফ্লাওয়ার রেস্তোরাঁয় জঙ্গি হামলার খবরে যখন ‘টিভির স্ক্রিনজুড়ে আমাক নিউজ এজেন্সি পরিবেশিত হামলাকারীদের ছবি’ দেখায়, তখন ‘শহীদ হতে উন্মুখ একদল তরুণের হাসিমুখ ঝটিতি মিলিয়ে যায়। হাতের একে-৪৭ যেন অন্য কথা বলছে—হিংস্র, ক্রুর। সাফা একযোগে অনুভব করে, বন্দুকের ব্যারেল থেকে নির্গত বারুদের গন্ধ, আগুনের ঝলকানি আর দমবন্ধকর ধোঁয়ার উদ্‌গার। হামলাকারীদের মাথায় লাল-সাদা চেকের মস্তকাবরণ কেফায়া, গায়ে লম্বা কালো কোর্তার সাজে শাহরিয়ারকে তার সহোদরেরাও চিনতে ব্যর্থ হবে কেন? শুধু কি বোন, মায়ের সেই একান্ত আপন, ‘গিটার বাজাতে বাজাতে মাথা ঝাঁকিয়ে কপাল থেকে চুল’ সরানো, মা-বাবার কথা না শোনা, ক্লাস কামাই দেওয়া, লুকিয়ে সিগারেট ফোঁকা, নখ না কাটা, রাত জাগা, ক্লাস না থাকলে দুপুরাবধি বিছানায় গড়ানো খুব করে চেনা শাহরিয়ার জামালের নিতান্তই পর বা অপর হয়ে মানুষ মারার সঙ্গে সঙ্গে নিজেকে মারতে শেখা ফিদাই হয়ে যাওয়া ছেলেকেও যে চিনতে পারেন না গর্ভধারিণী মা, সাবেরা বেগম।

শফি মোহাম্মদ চরিত্রের ভেতর দিয়ে যে ঐতিহাসিক বয়ানের নির্মিতি ঘটেছে, সেটা ধর্মভিত্তিক জজবা এবং খুনখারাবিকে জায়েজ করা কিংবা নিন্দা করার মতো—হয় ‘আমাদের’ নয় ‘অপর’ —এমনধারা বাইনারির তৈরির বদলে আরেকটি এমন পাটাতনের হদিস দেয়, যেখানে মানুষ তার সব সর্বনাশ আর বাসনা নিয়ে জড়াজড়ি করে বসবাস করে। রাজনীতিতে খুনখারাবি তো জ্যান্তব সত্য। ইতিহাসের ধারাবাহিকতায় সব ধর্মের, মতবাদের, বর্ণের ও জাতের মানুষ অন্যকে ‘অপর’ সাব্যস্ত করে অকাতরে খুন করেছে, নির্মূল করেছে। একে মহিমান্বিত যেমন করা যায় না, তেমন মুছেও ফেলা যায় না। এ পটভূমি না থাকলে উপন্যাসটা আবার দাঁড়াতে পারত না, নেহাতই প্রোপাগান্ডা বা কিছু আমবয়ানে পর্যবসিত হতে বাধ্য হতো। এখানেই শাহীন আখতারের মুনশিয়ানা ক্লেদে কুসুম ফোটানোর। হত্যার হোলিখেলায় মেতে থাকা মানুষকে তার রক্ত, ধ্বংস, ঘৃণা আর বিবমিষার সায়রে স্নান করিয়ে এনে নিজের নাঙা শরীর দেখিয়েও ভাবতে বাধ্য করেন যে তোমার ইতিহাস স্বজাতির হত্যাযজ্ঞ আর প্রলয়ের তাণ্ডবলীলায় একাকার হলেও তুমি মানবিক হয়ে ওঠো মর্যাদায়।

আলিফ লায়লার শেহেরজাদ প্রতি রাতে যেমন গল্পের মজমা জমিয়ে বাদশাহ শাহরিয়ারকে ভোরতক বুঁদ করিয়ে রেখে আরও এক রাতের জিন্দেগি কিনে নেন, এই বিনির্মিত সময়ের আলিফ লায়লাতে শফি মোহাম্মদও অমোঘ ভীতির বাদশাহির কাছ থেকে কিংবা নিজেকেই তাড়া করে ফেরা আপনার কাছ থেকে আরও কিছুটা শ্বাসপ্রশ্বাস বজায় রাখার অধিকার আদায় করেন। যেন মনে করিয়ে দেন যে এই উত্তরাধুনিক জীবন-জগতে নারী-পুরুষ কারোই নিস্তার নেই। সবাইকে খরিদ করে নিতে হয় বাঁচার আশ্বাস।

গ্রামদেশে এমন ধরনের কিছু কৃষক সব তল্লাটে পাওয়া যায়, যারা প্রতি মৌসুমে জমি চাষ করতে গিয়ে নিজের জমি পরিষ্কার করার পাশাপাশি আল কাটেন। সন্তর্পণে আল কেটে নিজের জমির সীমা প্রতিবছর কিছু না কিছু বাড়িয়ে নেন। বাংলা উপন্যাসের জমিনে শাহীন আখতার যেন সেই আলকাটা কৃষকটিই। প্রতিটি উপন্যাসে যিনি নিজের সঙ্গে সঙ্গে বাংলা উপন্যাসের চৌহদ্দি কিছু না কিছু বাড়িয়ে নেন। ‘তালাশ’, ‘সখী রঙ্গমালা’, ‘ময়ূর সিংহাসন’ বা ‘অসুখী দিন’—সব কটিতে তিনি সীমা লঙ্ঘনকারী।

কেবল দেখনদারি নারীবাদী বা নারীর প্রতি সহজাত সহানুভূতি উদ্রেককারী টুলসের ব্যবহার তিনি সযত্নে পরিহার করে চলেন। এটাও তাঁর আরেক শক্তির জায়গা। তাঁর উপন্যাসের নারীরাও ছিঁচকাঁদুনে হন না, নিজেকে নিজে বহন করে চলেন আপন শক্তির জোরে। পরিমিতিবোধ ও লেখার সাধনায় নিমগ্ন থাকাই সম্ভবত শাহীন আখতারকে ফুরসত দেয় নিজেকে ক্রমাগত পরিশীলিত করতে। প্রতিটি গল্প বলার জন্য একটা উপযোগী ভাষার উদ্ভাবন করার ধাত লেখকের সব সময়ই ছিল। নিজস্ব কোনো অনায়াসসাধ্য অথচ ক্লিশে ভাষা নির্মাণের প্রয়াস তাঁর লেখায় দেখা যায় না। এ দুরূহ গল্পটি বুনবার জন্য দরকার ছিল একটা ভাষাপ্রকরণ। এই উপন্যাসেও তিনি এই নিরীক্ষায় উতরে গেছেন বলে মনে হয়। জনপ্রিয়তার কুহকে পড়ে নানান মাধ্যমে ছড়িয়ে-ছিটিয়ে না দিয়ে অপচয় থেকে রক্ষা করে নিজেকে অতিক্রমের এই বাসনা, বিশ্বজনীনতায় উত্তীর্ণের ধাঁচ। এর মানে হলো, তাঁর চোখ সুদূরের পানে চেয়ে আছে, সাহিত্যে উত্তীর্ণ হওয়ার সলতেটা জ্বালিয়ে রাখেন।

গল্প-উপন্যাস মানুষ কেন পড়ে? প্রধান একটা কারণ বোধ হয়, এমন কিছু উপভোগ করা, যা ‘লার্জার দ্যান লাইফ!’ এমন কিছু দেখা বা শোনা কিংবা জানা অথবা উপলব্ধি করে বিনোদিত হওয়া যা জীবনের বাড়া! শাহীন আখতারের এ উপন্যাসে মানুষের ওই সব ধরনের ক্ষুধা-তৃষ্ণা মেটানোর ও চক্ষু-কর্ণের বিবাদভঞ্জনের যাবতীয় আয়োজন আছে। এক অসম্ভব অদেখার পরতের পর পরত উন্মোচন করতে করতে তিনি আমাদের হাঁটিয়ে নিয়ে আসেন ইতিহাসের নানান প্রান্তর আর কানাগলিতে।

মানবজীবনের উচ্চাবচতা তার অপার সাহসিকতার এক আখ্যান রচেছে এখানে। যে অচেনার ফলই কেবল আদেখলাপনায় আস্বাদিত হয় আমাদের যাপিত জীবনে, তার রূঢ়-কর্কশতার সিঁড়ি বেয়ে নামিয়ে একেবারে ভিতবাস্তবতায় এনে ফেলে দেন। যেন সবাইকে চ্যালেঞ্জ দেন—দেখি উঠে এসো, যদি পারো!’