চি ঠি প ত্র

এলএলএম কোর্স

প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আইন বিভাগ এরই অন্তর্ভুক্ত। আইন শিক্ষার ক্ষেত্রে এর রয়েছে যথেষ্ট সুনাম ও সুখ্যাতি। এ বিভাগে এলএলবি (সম্মান), এলএলএম, এমফিল এবং আইন ডক্টরেট এলএলডি অধ্যয়ন ও গবেষণার সুযোগ রয়েছে।

এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইনে কলেজগুলোর এলএলবি ডিগ্রিধারীদের জন্য স্বতন্ত্র এলএলএম কোর্স এর আগে দীর্ঘদিন চালু থাকলেও আইন কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেলে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ফলাফল প্রাপ্তিতে স্বল্পতার অজুহাতহেতু অদৃশ্য ইশারায় স্বতন্ত্র এলএলএম প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাস্টার্স প্রোগ্রামসহ আইবিএ এবং বাণিজ্য অনুষদের এমবিএ প্রোগ্রামে সর্বশ্রেণীর ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে আসছেন।

ফলাফলের অজুহাত দেখিয়ে এলএলবি ডিগ্রিধারীদের জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বতন্ত্র এলএলএম প্রোগ্রাম চালু না রাখা নিতান্তই অযৌক্তিক এবং অমানবিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব ও অহংকার। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিভিন্ন ক্ষেত্রে দিন দিন সম্প্রসারিত হলেও এলএলবি ডিগ্রিধারীদের জন্য চালু থাকা এলএলএম প্রোগ্রাম বন্ধ থাকা জাতির জন্য বিরাট হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

জাতির আইন শিক্ষা কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সর্বশ্রেণীর ফলাফলপ্রাপ্ত এলএলবি ডিগ্রিধারীদের জন্য অনতিবিলম্বে স্বতন্ত্র এলএলএম প্রোগ্রামটি আবার চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও যথেষ্ট অবদান রাখার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবে বলে আশা করছি।

মো. তাজুল ইসলাম খান

সতীশ সরকার রোড, গেন্ডারিয়া।