চি ঠি প ত্র

নারীমুক্তি

পালিত হলো আরও একটি নারী দিবস। নানা আলোচনা, সিম্পোজিয়াম ও অনুষ্ঠানে নানাভাবে সরব ছিল এ দিনটি।
কিন্তু একজন নারী গৃহব্যবস্থাপনায়, সন্তান লালন-পালনে, অথবা তাঁর পেশার ক্ষেত্রে যে পরিমাণ শ্রম দেন, তার সঠিক মূল্যায়ন কি তাঁরা কখনো পান? গৃহস্থালির কাজ কোনো কাজ বলেই বিবেচিত হয় না। এর বিনিময়ে কোনো পারিশ্রমিক তো দূরে থাক; উল্টো মনে করা হয়, নারীমাত্রই সংসারের সব দায়িত্ব একমাত্র তাঁরই।
অন্যদিকে চাকরিজীবী নারীরা অফিসে পুরুষের সমান কাজ করার পরও বাসায় ফিরে আবার তাঁদের রান্নাবান্না, স্বামী-সন্তানের দেখাশোনা, সন্তানের পড়াশোনার দায়িত্ব পালনসহ সবকিছুই সামলাতে হয় একা হাতে। অথচ অফিস-ফেরত স্বামী আয়েশ করে চা-হাতে পত্রিকা অথবা টিভির সামনে গা এলিয়ে দেন। নিজের কষ্টার্জিত উপার্জনটুকুও স্বাধীনভাবে খরচ করতে পারেন না অনেক নারী।
আশার কথা, শহরের নারীরা অনেক বেশি শিক্ষিত ও সচেতন। কিন্তু গ্রামে-গঞ্জে-বস্তিতে নারীদের সামগ্রিক অবস্থাটা তেমন ভালো নয়। নারীদের অবস্থার দ্রুত পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি জরুরি ‘শিক্ষার আলো’। একমাত্র শিক্ষার আলোই পারে আত্মনির্ভরশীল, মর্যাদাবোধসম্পন্ন, প্রতিবাদী তথা একজন ‘মানুষ’ হিসেবে নারীর অবস্থানকে দৃঢ় করতে।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।