চি ঠি প ত্র

ভূগোলও কথা বলে

আমরা একটি কথার সঙ্গে খুবই সুপরিচিত—ইতিহাস কথা বলে। ভূগোলও যে কথা বলে, সেটা আমরা খুব একটা জানি না। কেননা এটা কোনো লেখায় ব্যবহার করা হয়েছে বলে মনে পড়ে না। তাই এটা বাংলা ভাষার কোনো প্রবচন নয়, যে ভূগোলের ওপর মাটি মাড়িয়ে ইতিহাসবিদেরা বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস খুঁজে বেড়ান, আর তার নামই হয়ে যায় ইতিহাস। তাই ‘ইতিহাস কথা বলে’ প্রবচনটি হয়েছে বাংলা ভাষায় ভূগোলের ওপর পা মাড়িয়ে।
হাসান ফেরদৌস প্রথম আলো পত্রিকায় ১১ অক্টোবর যে লেখাটি লিখেছেন, তার শিরোনাম ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিগিরি’। এটার ভাবটা যা, তার সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্যাসংকুল পরিবেশ দেখলে হয়তো তিনিই শিরোনাম লেখতেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা’। ভারতবর্ষের পরিধি আসমুদ্রহিমাচল। এই অঞ্চলের লোকদের একাধিক রাষ্ট্র হলেও এমনভাবে থাকতে হবে, যা প্রয়াত জিন্নাহ সাহেব বলে গেছেন ‘লিভ অ্যান্ড লেট লিভ’ ধারণায়। কারণ, প্রতিটি নদীই স্বভাবগতভাবে পাহাড়ের পাদদেশে জন্ম নেয় পাহাড়ের নিঃসৃত জলরাশি থেকে। শেষ হয় সাগর-মহাসাগরে। এই যে স্থানগুলো সেগুলোই ভূগোল। তার চলার পথও ভূগোলেরই অংশ। তাই যেসব অঞ্চল দিয়ে জলরাশি আসে সেই অঞ্চলের লোকের প্রয়োজনমতো জল ব্যবহার করার পর উদ্বৃত্ত অংশ নিচু ভূমির অঞ্চল পায়। এটাই যখন বাস্তবতা তখন মমতা ব্যানার্জি কতটুকু দায়ী।
ভূগোলের এই কথাটা আমি বুঝতে পেরেই ওই সময় পত্রিকায় লিখেছিলাম, ‘যার পানি সে নাই, দুই বাংলার ঘুম নাই’। নদীগুলোর মধ্যে যেগুলো বড় সেগুলো হিমালয়ের চূড়া থেকে উৎসারিত। উৎসস্থল থেকে চীন খাল কেটে তার দেশে মরুভূমি অঞ্চলে জল নিয়ে গিয়ে মরূদ্যান বানাচ্ছে। আর আমরাসহ ভারতবর্ষ পরিমিত জল পাচ্ছি না। এদিকে কারও চোখ পড়ে না।
আমরা শেখ হাসিনা, খালেদা জিয়া ও মমতা ব্যানার্জির পারস্পরিক বাস্তবসম্মত সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে জিন্নাহ সাহেবের সেই অমোঘ বাণী লিভ অ্যান্ড লেট লিভ দর্শনের মাহাত্ম্য বুঝে নতুন করে শপথ নিই—আর মৃতদেহ নয়, আর রক্তপাত নয়। ভারতবর্ষের শতাব্দীর পর শতাব্দীর রাস্তা, নদী, নালা, পাহাড়—এগুলো অবারিত করে দিই এদের সঙ্গে সম্পৃক্ত দেশগুলোর জন্য। তবেই দেখা যাবে মমতা ব্যানার্জির মমতাও আমাদের জন্য একই হারে ঝরে পড়েছে।
রাধাকান্ত রায়, ঢাকা।