মতামত

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার সময় হয়েছে

ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া এক ফিলিস্তিনি যুবককে আটক করছেন ইসরায়েলি সেনারা। জেরুজালেম থেকে তোলা ছবি।
এএফপি

আল–জাজিরার ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ ফিলিস্তিনিদের কাছে একটি ‘যৌথ প্যাথলজিক্যাল তদন্ত’ করার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের একমাত্র সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে ক্রোধ। কারণ, যখনই কোনো ফিলিস্তিনি হত্যার ঘটনায় ইসরায়েল ‘তদন্ত’ চালায়, তখনই বুঝে নিতে হয় সেই তদন্তের আসল উদ্দেশ্য সত্য উদ্‌ঘাটন নয় বরং সত্যকে কবর দেওয়া। এর লক্ষ্য অপরাধীদের জবাবদিহির বদলে তাদের দায়মুক্তি নিশ্চিত করা।

আবু আকলেহ হত্যাকাণ্ডের ‘যৌথ তদন্তের’ প্রস্তাব প্রথমে এসেছে পররাষ্ট্রমন্ত্রী লাপিদের কাছ থেকে। পরে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও এই প্রস্তাবের পুনরাবৃত্তি করেছেন। আবু আকলেহ হত্যার কারণে ইসরায়েল যে কতখানি জনসংযোগ সংকটের মুখোমুখি হচ্ছে এবং তাতে ইসরায়েলের উদ্বেগের মাত্রা কতখানি বেড়েছে, তা লাপিদ ও বেনেটের প্রস্তাবের মধ্য দিয়ে খানিকটা জানা যাচ্ছে।

ইসরায়েল সাধারণত যখনই তীব্র সমালোচনার মুখে পড়ে ঠিক তখনই তারা এ ধরনের ‘তদন্ত ও ‘বিশ্লেষণ’ শুরু করে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্ত নিম্নপদস্থ কর্মকর্তাদের নির্দোষ প্রমাণ করে পাক–সাফ করে ফেলার চক্রান্ত হিসেবে দেখা হয়। ইসরায়েল শুধু তখনই এই ধরনের ‘হোয়াইটওয়াশ’ কার্যক্রমে যুক্ত হয়, যখন তারা মনে করে কোনো ফিলিস্তিনিকে হত্যা করার কারণে তাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তা না হলে তারা এ ধরনের হত্যার বিষয়ে কোনো রকম পাত্তাই দেয় না।

ইসরায়েলকে তার বর্ণবাদী শাসন বজায় রাখতে দায়মুক্তি প্রয়োজন। রাষ্ট্রীয় সহিংসতা ছাড়া তারা একটি পরাধীন জনসংখ্যার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে না। সে কারণে তারা অপরিহার্যভাবে নিজেদের দায়মুক্তি দিয়ে থাকে। তাদের তদন্তকাজকে তদন্তের মতো দেখায়। আন্তর্জাতিক প্রত্যাশা পূরণের জন্য মূলত তারা এই লোকদেখানো তদন্ত করে থাকে। দায়মুক্তি আরও হত্যার পথ প্রশস্ত করে।

জেরুজালেমভিত্তিক অলাভজনক সংগঠন বিটসেলেম কয়েক দশক ধরে ইসরায়েলের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়াকে সরল বিশ্বাসে নিয়েছিল। কিন্তু বছরের পর বছর ধরে আমরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের ঘটনা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শত শত আবেদন করেও অর্থবহ জবাবদিহি দেখিনি। ছয় বছর আগে, আমরা উপসংহারে পৌঁছেছিলাম যে আমরা ইসরায়েলের তদন্তের আশ্বাসে আশ্বস্ত হয়ে শুধু একটি নিছক নিষ্ক্রিয় তদন্তপ্রক্রিয়ার সঙ্গে কাজ করছি। আমরা বুঝতে পেরেছি, এগুলো তাদের পরিকল্পিত ‘হোয়াইটওয়াশ অপারেশন’। তাদের তদন্তপ্রক্রিয়া স্পষ্টতই একটি ধোঁকাবাজি। ফিলিস্তিনি হত্যায় কোনো দিনই কোনো ইসরায়েলি সেনাকে দোষী প্রমাণিত করা হয় না। পুরো প্রক্রিয়াটি থাকে ধোঁকাবাজিতে ভরা। কারণ, তাদের তদন্তের ত্রুটিগুলো (প্রকৃতপক্ষে, সেগুলো তাদের তদন্তের প্রয়োজনীয় বৈশিষ্ট্য) অভিযুক্তকে দায়মুক্তি দিতে সক্ষম করে তোলে।

তারা যেটি করে তা হলো, শুরুতে সেনাবাহিনীকেই তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। অভিযুক্ত সেনাদের চ্যালেঞ্জ না করেই তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়। নিরপেক্ষ সূত্র থেকে প্রমাণ সংগ্রহের জন্য কোনো চেষ্টা করা হয় না এবং বছরের পর বছর ধরে ‘তদন্ত’ করা হয়। যদিওবা কখনো কোনো সেনার বিরুদ্ধে লোকদেখানো অভিযোগ তোলা হয় ও তদন্ত হয়, কিন্তু ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো সেনাদের যারা নিয়ন্ত্রণ করে সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম কখনোই অভিযোগে আনা হয় না।

বেশির ভাগ ক্ষেত্রে ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনিদের প্রাণহানি ইসরায়েলি সেনাবাহিনীর নীতি থেকে কোনো বিচ্যুতির কারণে ঘটেনি। বরং এটি ঘটেছে তাদের অপরাধমূলক নীতির কারণে। উদাহরণস্বরূপ, গ্রেট মার্চ অব রিটার্ন বিক্ষোভের সময় গাজায় বেড়াতে যাওয়া নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি স্নাইপারদের গুলি করার ঘটনাগুলো দেখা যেতে পারে। ইসরায়েল স্নাইপারদের গুলি করার কিছু অভিযোগ ‘তদন্ত’ করেছে। কিন্তু কেউ তদন্ত শেষ করেনি। সুতরাং স্পষ্টতই স্নাইপারদের গুলি করার জন্য কোনো সাজা পেতে হয় না।

আসলে ইসরায়েলকে তার বর্ণবাদী শাসন বজায় রাখতে দায়মুক্তি প্রয়োজন। রাষ্ট্রীয় সহিংসতা ছাড়া তারা একটি পরাধীন জনসংখ্যার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে না। সে কারণে তারা অপরিহার্যভাবে নিজেদের দায়মুক্তি দিয়ে থাকে। তাদের তদন্তকাজকে তদন্তের মতো দেখায়। আন্তর্জাতিক প্রত্যাশা পূরণের জন্য মূলত তারা এই লোকদেখানো তদন্ত করে থাকে। দায়মুক্তি আরও হত্যার পথ প্রশস্ত করে।

ফিলিস্তিনিদের ওপর ‘যৌথ’ তদন্ত গ্রহণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভট চাপ থাকে। তারা ক্রমাগত ফিলিস্তিনকে এই সব তদন্তে সহযোগিতা করার জন্য চাপ দিয়ে থাকে। কিন্তু সেই তদন্তের ফল কী হবে, তা ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ই ভালো করে জানে। কিন্তু এখন সবার এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় হয়েছে।

শিরিন আবু আকলেহ একবার বলেছিলেন, ‘বাস্তবতাকে বদলানো সহজ না–ও হতে পারে’, কিন্তু তিনি অন্তত ‘মানুষের কণ্ঠস্বর বিশ্বের কাছে’ পৌঁছাতে তো পারবেন। সেই ‘মানুষের কণ্ঠস্বরকে’ বাঁচিয়ে রাখতে, শিরিনের উত্তরাধিকারকে সম্মান জানাতে এবং ন্যায়বিচারের দাবিতে দয়া করে ইসরায়েলি প্রচারকে না বলুন, বাস্তবতাকে স্বচ্ছতার সঙ্গে দেখুন এবং ইসরায়েলকে দেখিয়ে দিন অবশেষে জবাবদিহির সময় এসেছে। বিলম্বে হলেও সে সময় এসে গেছে।

আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত

  • হাজাই এল আদ জেরুজালেমভিত্তিক অলাভজনক সংগঠন বিটসেলেম-এর নির্বাহী পরিচালক