সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আত্মজীবনী প্রণীত জীবন–এ একটি বিস্ময়কর তথ্য আছে। বাবা সৈয়দ সিদ্দিক হুসাইনের কুড়িগ্রাম আসার কথা তিনি বর্ণনা করেছেন এভাবে—‘কলকাতায় হোমিও পড়াশোনা করে সেই মহানগরেই প্র্যাকটিস শুরু করে হঠাৎ এক অন্তর্গত তাড়নায় চলে আসেন কুড়িগ্রামে—১৯২৯ সালে তখনকার ব্রিটিশ বাংলার সবচেয়ে দরিদ্র এলাকা হিসেবে কুড়িগ্রামকে শনাক্ত করে।’
যে আঞ্চলিক বৈষম্যের সূত্র ধরে স্বাধীন বাংলাদেশের রূপরেখা রচিত হয়েছিল, সেই স্বাধীন দেশে অপ্রতিরোধ্যভাবে দারিদ্র্যের শীর্ষে থাকছে কুড়িগ্রাম। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৬ সালের খানা জরিপে বলা হয়, কুড়িগ্রাম জেলায় দেশের সবচেয়ে বেশি গরিব মানুষ! দারিদ্র্যের হার ৭০ দশমিক ৮ শতাংশ। প্রথম আলোর প্রতিবেদন বলছে, ‘কুড়িগ্রাম জেলার প্রতি ১০০ জন অধিবাসীর মধ্যে প্রায় ৭১ জনই গরিব। তারা নিজেদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত খাবার কিনতে পারে না। আবার দৈনন্দিন চাহিদা যেমন স্বাস্থ্য, শিক্ষা, বস্ত্র—এসবেও খরচ করার সুযোগ কম। জেলার কোথাও কোথাও দারিদ্র্যের হার ৭৭ শতাংশ ছাড়িয়ে গেছে। তবে কোথাও ৬৪ শতাংশের নিচে দারিদ্র্যের হার নেই।’ (১৯ অক্টোবর ২০১৭)
প্রশ্ন ওঠে, যেখানে দেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জনে ২০১৫ সাল নাগাদ দেশের দারিদ্র্যের হার ২৯ শতাংশে নামিয়ে আনার নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে ২০১২ সালেই; সেখানে একটি জেলার দারিদ্র্যের হার ক্রমান্বয়ে এত বৃদ্ধি পায় কী করে?
কুড়িগ্রামের দারিদ্র্য নিয়ে গত ২৪ অক্টোবর ২০১৭ প্রথম আলোতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদের একটি নিবন্ধ প্রকাশিত হয়। ‘কুড়িগ্রামের উন্নয়নবৈষম্য ঘোচাবে কে?’ শিরোনামের ওই নিবন্ধে তিনি জেলার দারিদ্র্যের কয়েকটি কারণ দেখিয়েছেন এবং সম্ভাবনাময় কুড়িগ্রামে উন্নয়ন না হওয়ায় সরকারের কাছে কিছু প্রশ্ন রেখেছেন। লেখকের এই বিশ্লেষণের সঙ্গে কয়েকটি বিষয় যোগ করার সুযোগ আছে।
কেউ অস্বীকার করতেও পারবে না, প্রতিবছর নদীভাঙনে কত মানুষ যে উদ্বাস্তু হয় অথবা অন্য কোথাও হারিয়ে যায়! তবু প্রশ্ন আসে, বন্যা, খরা বা নদীভাঙনের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ যদি আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করে, তাহলে সিডর, আইলাসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দারিদ্র্যের হার হওয়ার কথা বেশি। কিন্তু কুড়িগ্রামে কেন?
সংবিধানে নির্দিষ্ট কোনো জেলা থেকে মন্ত্রী করার বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকলেও আঞ্চলিক উন্নয়নে মন্ত্রীর ভূমিকা রাখার সুযোগ আছে। অথচ দুই দশকের বেশি সময় ধরে মন্ত্রী-বঞ্চিত এই জেলা। জাতীয় পার্টির ১০ বছরের উন্নয়নহীনতাকে নমুনা হিসেবে অনুসরণ করেছে পরবর্তী সরকারগুলো! এ জন্য জাতীয় পার্টির এমপিরা দায়ী হলেও অষ্টম জাতীয় সংসদে আওয়ামী লীগের দুজন প্রতিনিধিও কি কিছু করেছেন?
যোগাযোগব্যবস্থার কারণে একসময় যে কুড়িগ্রাম আসাম-পূর্ব বাংলার দরজা হিসেবে বিবেচিত হতো, সেই জেলা এখন পরিচিতি পায় ঢাকা থেকে অনেক দূরের এলাকা হিসেবে। গবেষক টিম স্টিল যখন আমেরিকার ইনস্টিটিউট অব আর্কিওলজি মাধ্যমে প্রমাণ দেন, ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকাকে পৃথিবীর সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার তথ্য, তখন নদ-নদীসৃষ্ট ভৌগোলিক বিভাজনের জেলা হিসেবে আমরা কুড়িগ্রামকে কি চিনি? যে জেলা দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে সহজ যোগাযোগ স্থাপন এবং ব্রহ্মপুত্র নদকে ব্যবহার করে ভারত, নেপাল, ভুটান ও চীন পর্যন্ত আন্ত–এশীয় নৌযোগাযোগ পুনরায় চালু করা যায়, সেসব উদ্যোগ না নিয়ে সরকার অবকাঠামোতে বিনিয়োগে আঞ্চলিক পক্ষপাতিত্ব, যোগাযোগব্যবস্থায় একমুখী সড়ক ও মোটরযান নির্ভরতা, রেল ও নৌপথকে অবহেলিত করার পথেই হঁাটছে।
এটা প্রমাণিত যে প্রান্তিকতা যেখানে বেশি, সেখানে দুর্নীতি হয় বেশি। ফলে কুড়িগ্রামে দুর্নীতির কথাও সবার মুখে মুখে। গত দুই দশকে মঙ্গা মোকাবিলা ও উন্নয়নের নামে যে পরিমাণ অর্থ এসেছে, তার ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারি-বেসরকারি এসব প্রকল্পে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সরকারি দলের নেতা-কর্মী ও যাঁরা এগুলো নাড়াচাড়া করেন, তাঁদের উন্নতি চোখে পড়ার মতো। ২০১০ সালে সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু হলে রাজারহাটের উপজেলার এক নেতা তো প্রকাশ্যেই ‘টাকা দিন, চাকরি নিন’-এর মতো ঘোষণা দিয়ে বসেন।
কর্মসংস্থানের অভাবে যেখানকার লাখ লাখ মানুষ এলাকা ছেড়ে, জীবনের ঝুঁকি নিয়ে অন্যত্র কাজ করে এলাকার মৃত্যু অথবা দুর্ভিক্ষ ঠেকিয়েছিল, সেই ইতিহাসও দখল হয়ে গেছে। তাদের বেঁচে থাকার নিরন্তর সংগ্রামকে প্রতিটি সরকার মঙ্গা জয়ের আবহ সংগীত হিসেবে একতরফা বাজায়! অথচ এই মানুষগুলোর কর্মসংস্থানের জন্য আজও শিল্পকারখানা গড়ে ওঠেনি। একটি টেক্সটাইল মিল ছিল, সেটিও বন্ধ।
রেল, নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি টানা পাঁচ বছর ধরে কুড়িগ্রামের উন্নয়নের দাবিতে আন্দোলন করে আসছে। কমিটির দাবিগুলোর মধ্যে—একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ঢাকা-চিলমারী রুটে একটি আন্তনগর ট্রেন, চিলমারী নদীবন্দর পুনরায় চালু করা, নদ-নদীর ড্রেজিং ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী। একটা প্রকল্পও এখনো আলোর মুখ দেখেনি। এ ছাড়া প্রস্তাবিত চিলমারী-সুন্দরগঞ্জ দ্বিতীয় তিস্তা সেতুর নকশায় রেলপথ যুক্ত করা, কমপক্ষে ২০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ২০টি নদ-নদীর এ জেলায় পর্যটনশিল্পের বিকাশ, পুঁজি বিনিয়োগের জন্য ব্যাংক-বিমা স্থাপন ও লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানিয়ে আসছে গণকমিটি। ন্যাশনাল সার্ভিস বা ১০ টাকায় খাদ্যবান্ধব কর্মসূচির মতো টোটকা পথে যে এ অঞ্চলের মানুষের দারিদ্র্যমুক্তি আসবে না, তা প্রমাণিত হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে কাদম্বিনী যেমন না মরিয়া প্রমাণ করতে পারেনি সে বেঁচে ছিল; তেমনি কুড়িগ্রামের মানুষের বুঝি কাল হয়ে দাঁড়িয়েছে কার্তিকের মৃত্যু থেকে বাঁচা। নইলে ব্রিটিশ শোষণ ও দেশভাগের অভিশাপে সৃষ্ট দারিদ্র্যে একটি অঞ্চলের মানুষের চোখের অশ্রু সব নদীর অশ্রু হয়ে ব্রহ্মপুত্রে মিশে শহর, নগর, বন্দর হয়ে বেয়ে বেয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়লেও একটি স্বাধীন রাষ্ট্রের উদাসীনতা ও সচেতন উপেক্ষা শেষ হয় না কেন?
জহির রায়হান: সাংবাদিক।
jrjewel90@gmail.com