মতামত

বৈষম্যবিরোধী আইন নিয়ে একটি অহেতুক আলোচনা

‘রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে’—বত্রিশটি শব্দের মধ্যেই ফুটে উঠেছে ঠিক কী ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একাত্তরের জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা। এটাই ছিল স্বাধীনতার প্রকৃত চেতনা। এখানেই শেষ নয়, সংবিধানের তৃতীয় ভাগের ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদ নাগরিকদের মৌলিক অধিকারগুলো স্পষ্ট করেছে।

সংবিধানের এই বিষয়গুলোকে উদ্দেশ্য এবং কারণ হিসেবে বিবৃত করে সংসদে পাস হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আইন ২০২২। বিলের শুরুতেই বলা আছে ‘যেহেতু মানবসত্তার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ এবং সমান অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্য নিরোধ করা আবশ্যক এবং যেহেতু ঐতিহাসিক মুক্তিসংগ্রামের মধ্যে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে একটি শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন এবং যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদ অনুযায়ী সর্বপ্রকার বৈষম্য নিরোধকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়’ সে কারণেই এ আইনটি করা হচ্ছে।

আইনটি যখন প্রাথমিকভাবে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আসে, তখন এটি নিয়ে সেই কমিটির একজন সদস্য হিসেবে আমার আলোচনার সুযোগ হয়। বিলটিতে ১৭টি ধারা আছে, যার মধ্যে অধিকাংশ ধারাই সংশোধনের দাবি রাখে।

প্রথমত, বৈষম্যের সংজ্ঞা কী? ধারা ৩–এ বলা আছে ধর্ম, বর্ণ, গোত্রসহ বেশ কিছু বিষয়ের অজুহাতে বৈষম্য করা যাবে না। বৈষম্যমূলক কাজের একটা তালিকাও আইনে আছে। অথচ গত কয়েক বছরে সবচেয়ে বেশি বৈষম্য করা হয়েছে যে দুটি বিষয়ের ভিত্তিতে, তার একটিও এখানে উল্লেখিত হয়নি। এক. ব্যক্তির রাজনৈতিক পরিচয়, দুই. অর্থনৈতিক অবস্থা।

রাজনৈতিক পরিচয় এতটাই শক্তিশালী যে সরকারি দলের সঙ্গে যুক্ত যেকোনো ব্যক্তি যেভাবে ইচ্ছা চলতে পারে, যেকোনো অন্যায়, অপকর্ম, দুর্নীতি করে আইন, পুলিশ, প্রশাসনের সহায়তায় পার পেতে পারে। চাকরি, বৈধ-অবৈধ ব্যবসা যেকোনো কিছুই তার জন্য সহজ। এমনকি ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের পরিবারের সদস্যদের দাপটও দেখার মতো। সেই দাপটে অবলীলায় ফৌজদারি অপরাধ যেমন করা যায়, তেমনি সরকারি দপ্তরে হুকুমও চালানো যায়।

আইনের দৃষ্টিতে সবাই সমান, তবে কারও কারও রাজনৈতিক পরিচয় ও অর্থনৈতিক অবস্থা তাকে নিঃসন্দেহে অন্যদের চেয়ে ‘বেশি সমান’ করে তোলে। এ ছাড়া বাংলাদেশের বেশ কিছু আইনে এমন ধারা যুক্ত আছে, যা বৈষম্যকেই (বিশেষ করে নারীদের প্রতি) উসকে দেয়, পাকাপোক্ত করে। এমন আইনের বিরুদ্ধে কিছুই বলা নেই প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইনে।

এ দেশে একদিকে যেমন বিরোধী মতপ্রকাশের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল করাও সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়ার একটি বড় কারণ হয়ে উঠছে। বিরোধী দল করলে মিথ্যা মামলা, গুম, বিনা বিচারে হত্যা থেকে শুরু করে এহেন নির্যাতন নেই, যার শিকার হতে হয় না। গত কয়েক বছরে রাজনীতি এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে বিরোধী দল করলে এলাকায় পর্যন্ত থাকা যায় না, ব্যবসা-বাণিজ্য চাকরি তো দূরে থাকুক। এমনকি বিসিএস পরীক্ষার সব ধাপ সফলভাবে অতিক্রম করার পর পুলিশ ভেরিফিকেশনে যদি কোনোভাবে বিরোধী দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে তার চাকরি পাওয়া অনিশ্চিত।

শুধু রাষ্ট্র নয়, সমাজেও ব্যক্তির রাজনৈতিক পরিচয় এখন তীব্র বৈষম্য সৃষ্টি করে। বিরোধী দলের পরিচয় পেলে ঘরভাড়া দেওয়া থেকে শুরু করে আত্মীয়তা রক্ষা পর্যন্ত সব ক্ষেত্রেই মানুষের মধ্যে ভয় কাজ করে।

ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের মতোই অর্থনৈতিক অবস্থাও বৈষম্যের বড় একটা কারণ। দুর্নীতি, কালোটাকা, ঘুষ ইত্যাদির মাধ্যমে কিছু মানুষের হাতে অকল্পনীয় পরিমাণ টাকা জমা হয়েছে। আমরা গত কয়েক বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমন জায়গায় নিয়ে গেছি, যেখানে একজন ধনী ব্যক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজের পক্ষে ব্যবহার করে যেকোনো অপরাধ করতে এবং করে পার পেতে পারেন। এর অনিবার্য প্রভাব পড়ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। উল্টো দিকে আর্থিকভাবে দুর্বল মানুষ এই রাষ্ট্র, সমাজে নানা বৈষম্যের শিকার হন। এ কারণেই এ দেশে দারিদ্র্য লজ্জার, দুর্নীতি নয়।

আইনের দৃষ্টিতে সবাই সমান, তবে কারও কারও রাজনৈতিক পরিচয় ও অর্থনৈতিক অবস্থা তাকে নিঃসন্দেহে অন্যদের চেয়ে ‘বেশি সমান’ করে তোলে। এ ছাড়া বাংলাদেশের বেশ কিছু আইনে এমন ধারা যুক্ত আছে, যা বৈষম্যকেই (বিশেষ করে নারীদের প্রতি) উসকে দেয়, পাকাপোক্ত করে। এমন আইনের বিরুদ্ধে কিছুই বলা নেই প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইনে। এমনকি বিসিএস রুল, জুডিশিয়াল সার্ভিস রুলের বিভিন্ন জায়গায় বৈষম্য রয়ে গেছে। এগুলো স্বীকার করে তাতে পরিবর্তন না আনলে সমাজ থেকে বৈষম্য দূর করা অসম্ভব।

এই আইনে একটি মনিটরিং কমিটির কথা বলা হয়েছে। এতে সদস্যসচিবসহ মোট ১৬ জন সরকারি আমলা থাকবেন। অর্থাৎ মোট ২৯ সদস্যের কমিটির সিংহভাগই আমলা।

নানা হিসাব–নিকাশ থেকে সর্বক্ষেত্রে আমলাদের ক্ষমতায়িত করার যে প্রবণতা, সেটা এখানেও উপস্থিত। ওদিকে যেহেতু বৈষম্যের একটা বড় অংশ ঘটে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, তাই সেসব ক্ষেত্রে অনুসন্ধান এবং ব্যবস্থা গ্রহণে আমলাদের সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব থাকবেই। এর মধ্যেই এর বহিঃপ্রকাশ দেখা গেছে দুদকে। সেখানে উচ্চ পদে সরকারি আমলাদের ছড়াছড়ি অন্য আমলাদের দুর্নীতির তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের পথে এক বড় প্রতিবন্ধক।

তাই আমার প্রস্তাব ছিল একটি কমিশন গঠনের, যা এই আইনের প্রয়োগ নিশ্চিত করবে। আমার মতে, এই কমিশনের প্রধান হওয়া উচিত সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের। কারণ, আমি নিশ্চিত, নির্দিষ্ট করা না হলে সরকার অন্যান্য কমিশনের মতো এখানেও তার অতি অনুগত একজন অবসরপ্রাপ্ত আমলাকে পদায়ন করবে।

আসলে এই আলাপগুলো অহেতুক। সংসদীয় স্থায়ী কমিটিতে এই অহেতুক আলাপগুলোই তুলেছিলাম আমি, যা এর মধ্যেই অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান সংসদীয় ব্যবস্থায় সংসদীয় স্থায়ী কমিটিতে কিংবা সংসদ অধিবেশনে যতই যৌক্তিক আলাপ বিরোধীদলীয় কোনো সদস্য করুন না কেন, সেটা অর্থহীন। সরকার কোনোভাবেই গ্রহণ করে না সেটা। একটা বিল প্রাথমিকভাবে সংসদে উত্থাপিত হওয়ার পর স্থায়ী কমিটির আলোচনার পর সুপারিশ হিসেবে যে সংশোধন আসে, সেটা বিরাম চিহ্ন, বানান শুদ্ধকরণ, কোনো শব্দের প্রতিশব্দ ব্যবহার করা এবং বাক্যের পুনর্গঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আইন পাসের সময়ও যদি কোনো সংশোধনী গৃহীত হয়, সেটাও সীমাবদ্ধ থাকে এর মধ্যেই। আইনের গুণগত পরিবর্তনের আলাপ তাই একেবারেই অহেতুক।

● রুমিন ফারহানা বিএনপির সংসদ সদস্য ও হুইপ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী