
বছরের শেষ ভাগে এসে আবারও টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নিয়ে তুমুল আলোচনা হলো। ১৯২৮ সাল থেকে টাইম ‘ম্যান অব দ্য ইয়ার’ (বর্ষসেরা ব্যক্তিত্ব) ঘোষণা করে আসছে। এখন অবশ্য এ তালিকায় নারী, কোনো একটি গোষ্ঠী বা ভাবধারাকেও পুরস্কৃত করার রেওয়াজ শুরু হয়েছে।
২০২৩ সালের ভয়াবহতা বিবেচনায় নিলে এ বছরের বর্ষসেরা ব্যক্তিত্ব হতে পারতেন ফিলিস্তিনি চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা। তাঁরা গাজা উপত্যকায় গণহত্যা থেকে মানুষকে বাঁচাতে বুক পেতে দিয়েছেন। ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী ২১ হাজার ফিলিস্তিনিকে খুন করেছে। তাঁদের মধ্যে ৮ হাজার ৬৬৩ শিশু। হেলথ কেয়ার ওয়ার্কার্স ওয়াচ-প্যালেস্টাইনের হিসাবে ৭ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৩৪০ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১৮ চিকিৎসক ও ১০৪ নার্স।
ইসরায়েলি বোমা হামলায় ৩৬ বছর বয়সী কিডনি রোগবিশেষজ্ঞ হাম্মাম আল্লোহ তাঁর দুই ছেলে, বাবাসহ নিহত হন। গত অক্টোবরে ডেমোক্রেসি নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে আল্লোহ বলেছিলেন, কেন তিনি গাজার আল শিফা হাসপাতাল ছাড়তে রাজি হননি। তিনি বলেন, ‘আপনি কি মনে করেন মেডিকেল স্কুল ও স্নাতকোত্তর লেখাপড়ায় ১৪ বছর পার করেছি শুধু আমার জীবন নিয়ে ভাবব বলে? আমার রোগীদের নয়?’
হাম্মাম আল্লোহ একা নন। ইসরায়েলের বেসামরিক জনগোষ্ঠী, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের ওপর নির্বিচার বোমা হামলার উল্টো দিকে প্রতিদিন ফিলিস্তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরার্থপরতার এমন দৃষ্টান্ত রেখে চলেছেন। স্বাস্থ্য অবকাঠামো ও স্বাস্থ্যকর্মীদের এই হামলাকে বৈধতা দিতে সামরিক বাহিনীর সঙ্গে তাল মিলিয়েছেন কিছু ইসরায়েলি চিকিৎসক।
ব্রিটিশ-ফিলিস্তিনি চিকিৎসক ঘাসান আবু সিত্তাহ ওয়াশিংটন পোস্টকে কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বহু বছর ধরেই ফিলিস্তিনে ইসরায়েলি হামলার সময় স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে কাজ করেছেন। এ দফায় অবরুদ্ধ গাজায় ছিলেন ৪৩ দিন। তিনি বলেন, এ যাত্রায় তাঁর মৃত্যু হবে, এ আশঙ্কাকে একটা সময় তিনি মেনেই নিয়েছিলেন। তাঁর রোগীদের মধ্যে একটা ছোট্ট মেয়ে ছিল। বোমা হামলায় তার মা ও ভাইবোনেরা নিহত হন। আবু সিত্তাহ ওই মেয়েটির কথা ভুলতে পারেন না, ‘ওর মুখের একটা অংশ উড়ে গেছে, নাকের অর্ধেকটা, কোটর থেকে বেরিয়ে এসেছে চোখ।’
এই সর্বগ্রাসী ভয়াবহতার মধ্যেও আবু সিত্তাহ মানবতাকে জয়ী হতে দেখেছেন। তিন বছরের একটি শিশুর হাত ও পা কেটে ফেলে দিতে বাধ্য হয়েছিলেন এই শল্যচিকিৎসক। তিনি বলছিলেন, ‘আমি ওকে দেখতে গিয়েছিলাম। ওর পাশের বিছানাতেই বোমা হামলায় আহত এক শিশু। সেই শিশুর মা ওকে কোলে নিয়ে বসে আছে। সামান্য খাবার তুলে দিচ্ছে দুই শিশুর মুখে।’
সুইফট হয়তো এই ফাঁপা দুনিয়ার প্রধান চরিত্র, যে পৃথিবী অসার বস্তুতে মত্ত হয়ে দ্রুত ছুটছে ধ্বংসের দিকে। অথচ এ পৃথিবী সত্যিকারের নায়কদের কৃতিত্ব দিতে পারত। বছরের শুরুতেও গণহত্যার সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে গাজার মানুষই আমার কাছে বর্ষসেরা ব্যক্তিত্ব।
আসলে গাজার চিকিৎসকেরাই শুধু নায়ক নন; যদি আপনি নায়কদের কথা বলেন, তাহলে ফিলিস্তিনি সাংবাদিকদের কথাও বলতে হবে। গাজা উপত্যকায় জান্তব হামলার সাক্ষী হওয়ায় তাঁরা ইসরায়েলের প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন ব্যাপকভাবে। নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলেছে, সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ংকর সময়। ১৯৯২ সালে যখন থেকে সিপিজে তথ্য সংগ্রহ শুরু করেছে, তখন থেকে আজ পর্যন্ত এর চেয়ে খারাপ সময় আর দেখা যায়নি। ৭ অক্টোবর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৬৯ জন সাংবাদিক ও সংবাদকর্মীর মৃত্যু নিশ্চিত করা গেছে। তাঁদের মধ্যে ৬২ ফিলিস্তিনি, ৪ ইসরায়েলি ও ৩ জন লেবাননের।
১৫ ডিসেম্বর আল-জাজিরার ক্যামেরাম্যান সামের আবুদাকা দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন। ইসরায়েলিরা অ্যাম্বুলেন্স ঢুকতে বাধা দিয়েছিল। ক্ষত থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে রক্তক্ষরণের পর তিনি মারা যান।
সত্যিকারের পৃথিবীতে এমন হাজারো বর্ষসেরা ব্যক্তিত্বের উপস্থিতি থাকলেও টাইম ম্যাগাজিন আমেরিকার শতকোটিপতি গায়ক ও গীতিকার টেইলর সুইফটকে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ বলে ঘোষণা দিয়েছে। টাইম তার সম্পর্কে লিখেছে, তিনি এই বিশ্বের প্রধানতম চরিত্র। (এর আগে টাইম অ্যাডলফ হিটলার, ডোনাল্ড ট্রাম্প, জো-বাইডেন ও কমলা হ্যারিস জুটি এবং ইতিহাসের সবচেয়ে ধনী বেসরকারি ব্যক্তিত্ব ইলন মাস্ককে এ উপাধিতে ভূষিত করেছিল।)
সুইফট হয়তো এই ফাঁপা দুনিয়ার প্রধান চরিত্র, যে পৃথিবী অসার বস্তুতে মত্ত হয়ে দ্রুত ছুটছে ধ্বংসের দিকে। অথচ এ পৃথিবী সত্যিকারের নায়কদের কৃতিত্ব দিতে পারত। বছরের শুরুতেও গণহত্যার সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে গাজার মানুষই আমার কাছে বর্ষসেরা ব্যক্তিত্ব।
● বেলেন ফার্নান্দেজ আল-জাজিরার নিয়মিত কলাম লেখক
আল-জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনূদিত