মতামত

বাংলাদেশে প্রকৃত ভিআইপি হলেন শ্রমজীবী মানুষ

১৬ ডিসেম্বর ১৯৭১ সালে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ
ছবি: অমিয় তরফদার, পশ্চিমবঙ্গের আলোকচিত্রী

১৯৭০ সালের নির্বাচনের আগে একটা পোস্টার প্রকাশ করেছিল আওয়ামী লীগ—সোনার বাংলা শ্মশান কেন? তাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল। দেখানো হয়েছিল, বাংলাদেশে রাজস্ব খাতে ব্যয় ১ হাজার ৫০০ কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে ৫ হাজার কোটি টাকা; উন্নয়ন ব্যয় বাংলাদেশে ৩ হাজার কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে ৬ হাজার কোটি টাকা; বৈদেশিক মুদ্রার ব্যয় বাংলাদেশে ২০ শতাংশ, পশ্চিম পাকিস্তানে ৮০ শতাংশ।

অর্থাৎ, বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা প্রত্যয় থেকে—বৈষম্যমুক্তি, আঞ্চলিক শোষণের অবসান। এই এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তি। আর পাকিস্তানিরাও বাংলাদেশকে চিরস্থায়ীভাবে পদাবনত করে রাখার কৌশল হিসেবে তার সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে মুছে দেওয়ার পরিকল্পনা করেছিল, আঘাত করেছিল বাংলা ভাষা আর সংস্কৃতির ওপর।

এবং সেখানেই তারা ভুল করেছিল। আমি আমার নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য বদলাব কী করে? এটা তো আমার ডিএনএর মধ্যে রয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা কিসের ভিত্তিতে গড়ে উঠেছে, সে বিষয়ে সচেতন ছিলেন।

১৯৭২ সালের শেষ ভাগে বিখ্যাত লেখক সৈয়দ মুজতবা আলী বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, ‘আপনাদের বাঙালি জাতীয়তার ভিত্তি কি কেবল ভূগোল আর ভাষা?’ বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন, ‘না, কেবল ভূগোল বা ভাষা হলে তো আপনাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বিহার-উড়িষ্যার অংশবিশেষ দাবি করতাম। সে দাবি আমি করছি না। আমাদের বাঙালি জাতীয়তার ভিত্তি বাংলার সকল ধর্মের সকল বর্ণের মানুষের হাজার বছরের মিলিত সভ্যতা ও সংস্কৃতি। তাতে হিন্দু, বৌদ্ধ ও উপজাতীয় সভ্যতা-সংস্কৃতির যেমন ছাপ আছে, তেমনি আছে মুসলমানদের সভ্যতা-সংস্কৃতির মিশ্রণ। বর্তমানের ভারত একটি “পলিটিক্যাল ইউনিয়ন”। আর আমরা একটি “কালচারাল নেশন”।’

বঙ্গবন্ধুর এই চিন্তা খুবই বাস্তব এবং সুন্দর। আমরা একটা কালচারাল নেশন। তাতে হিন্দু-বৌদ্ধ এবং উপজাতীয় সভ্যতা-সংস্কৃতির ছাপ আছে এবং মুসলিম সভ্যতা-সংস্কৃতিরও অবদান এবং অংশ রয়েছে। আর স্থানিকতা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ভাষা বড় উপাদান হিসেবে তো কাজ করে চলেছেই। আমাদের সংস্কৃতি সমন্বয়ের, বিভেদের নয়। আমরা যেন বাদ দেওয়ার জন্য উঠেপড়ে না লাগি, আমরা যেন সবাইকে নিয়ে এক হয়ে চলি। বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের সূত্র খুঁজি, মিলনের মধ্য দিয়ে খুঁজে চলি সামনে এগিয়ে যাওয়ার মন্ত্রণা। আর আমরা যেন সব ধরনের বৈষম্যকে বিলোপ করতে পারি। বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়াই মুক্তিযুদ্ধের চেতনা। তা করতে অবশ্যই আমাদের গণতন্ত্রকেই প্রাণভোমরা করে তুলতে হবে।

‘আমার চোখে পানি এল। আমি দুধ একটু মুখে নিয়ে, সেই পয়সার সঙ্গে আরও কিছু টাকা তার হাতে দিয়ে বললাম, “তোমার দোয়া আমার জন্য যথেষ্ট, তোমার দোয়ার মূল্য টাকা দিয়ে শোধ করা যায় না।” টাকা সে নিল না, আমার মাথায় মুখে হাত দিয়ে বলল, “গরিবের দোয়া তোমার জন্য আছে বাবা।” নীরবে আমার চক্ষু দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল, যখন বাড়ি থেকে বেরিয়ে আসি। সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, “মানুষেরে ধোঁকা আমি দিতে পারব না।’’’

১৬ ডিসেম্বর সকালে আমাদের বিজয়ের দিনে এ কথাগুলোই মনে পড়ে। আমরা ১৯৭১-এ একটা অসম্ভব যুদ্ধে জয়লাভ করেছি। ১৯৭১ সালের এই দিনে সকাল থেকেই রাজপথ বাঙালিদের পদভারে কাঁপছিল। শাহবাগ থেকে তেজগাঁও পর্যন্ত পথে মানুষ আর মানুষ, সাধারণ মানুষ, আর রাইফেল কাঁধে মুক্তিযোদ্ধারা রাজপথ দখল করে ফেলেছিলেন। ইন্টারকন্টিনেন্টাল থেকে কুখ্যাত জেনারেল রাও ফরমান আলী বেরিয়ে পড়লেন বাঙালি জনতার সামনে, তিনি বাংলায় বললেন, ‘শান্তি শান্তি।’ শাহবাগ রেডিও অফিসের পাকিস্তানি পতাকা নামিয়ে ফেলল জনতা। আকাশে উড়তে লাগল বাংলাদেশের লাল-সবুজ-হলুদ পতাকা। ঢাকার চারপাশ তখন ঘিরে ফেলেছেন বাঙালি মুক্তিযোদ্ধারা।

মিরপুর সেতুর কাছে তখন অল্পসংখ্যক ভারতীয় সৈন্যই পৌঁছাতে পেরেছিল। ভারতীয় জেনারেল নাগরা চিরকুট পাঠালেন পাকিস্তানি জেনারেল নিয়াজির কাছে, ‘প্রিয় আবদুল্লাহ, তুমি এখন আমার কামানের রেঞ্জের ভেতরে। আলোচনার জন্য লোক পাঠাও।’ ঢাকা ক্যান্টনমেন্টে যে আলোচনা হয়েছিল ১৬ ডিসেম্বর দিবাভাগে, তাতে ভারতীয়রা বলেছিল, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী আত্মসমর্পণ করো, তা না করলে মুক্তিযোদ্ধাদের ছেড়ে দেওয়া হবে, তারা তোমাদের সেইভাবে মারবে, যেভাবে তোমরা ৯ মাস তাদের মেরেছ। তারা তাদের স্বজনদের মরতে দেখেছে, মা-বোনদের নির্যাতিত হতে দেখেছে, তাদের ঘরবাড়ি পুড়ে যেতে দেখেছে।’ এ কথাতেই কাজ হয়েছিল।

মুক্তিযোদ্ধাদের মুখগুলো আমি দেখি ইউটিউব ভিডিওতে। দেখি, মুক্তির গান চলচ্চিত্রে। তাঁদের পরনে লুঙ্গি। গায়ের গেঞ্জি ছেঁড়া। সাধারণ কৃষক, শ্রমিক। তরুণ শিক্ষার্থী। ইপিআর পুলিশের সেপাই। আগরতলার ট্রেনিং শেষে তাঁরা তুলছেন বাংলাদেশের পতাকা আর গাইছেন ‘আমার সোনার বাংলা’, সেই গানের কণ্ঠস্বরে এবং সুরে মিশে আছে বাংলার মাটির ঘ্রাণ, ভাওয়াইয়া-ভাটিয়ালি-বাউল গানের টান। আপনারা শুনে দেখুন আরেকবার, চেহারাগুলো দেখুন মুক্তিযোদ্ধাদের, চোখে পানি আটকাতে পারবেন না।

গরিব মানুষেরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধে জয়লাভকারী দেশ, এই দেশ পরাজিত হবে না। কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশটাকে কি আমরা লুটেরা ধনিকদের অভয়ারণ্যে পরিণত হতে দেব? বঙ্গবন্ধু বারবার বলতেন, এই দেশের গরিব-দুখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে! আমরা কি সেই অঙ্গীকার ভুলে যাব, সেই অঙ্গীকার থেকে সরে যাব?

বাংলাদেশে কোটিপতি বাড়ছে। বাড়ছে ধনী-গরিবের বৈষম্য। বাড়ছে আঞ্চলিক বৈষম্যও। ব্যাংক থেকে হাজার কোটি টাকা তুলে নিচ্ছে নাম না জানা প্রতিষ্ঠান। এটা কীভাবে সম্ভব? কীভাবে এগুলো হতে দেওয়া হয়, এ ধরনের পুকুরচুরিকে প্রশ্রয় দেওয়া হয়?

বিজয় দিবসে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারটাই বারবার মনে করিয়ে দেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন, ‘আমার মনে আছে খুবই গরিব এক বৃদ্ধ মহিলা কয়েক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, শুনেছে এই পথে আমি যাব, আমাকে দেখে আমার হাত ধরে বলল, “বাবা, আমার এ কুঁড়েঘরে তোমায় একটু বসতে হবে।” আমি তার হাত ধরেই তার বাড়িতে যাই। অনেক লোক আমার সঙ্গে, আমাকে মাটিতে একটা পাটি বিছিয়ে বসতে দিয়ে এক বাটি দুধ, একটা পান ও চার আনা পয়সা এনে আমার সামনে ধরে বলল, “খাও বাবা, আর পয়সা কয়টা তুমি নেও, আমার তো কিছুই নেই।”

‘আমার চোখে পানি এল। আমি দুধ একটু মুখে নিয়ে, সেই পয়সার সঙ্গে আরও কিছু টাকা তার হাতে দিয়ে বললাম, “তোমার দোয়া আমার জন্য যথেষ্ট, তোমার দোয়ার মূল্য টাকা দিয়ে শোধ করা যায় না।” টাকা সে নিল না, আমার মাথায় মুখে হাত দিয়ে বলল, “গরিবের দোয়া তোমার জন্য আছে বাবা।” নীরবে আমার চক্ষু দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল, যখন বাড়ি থেকে বেরিয়ে আসি। সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, “মানুষেরে ধোঁকা আমি দিতে পারব না।’’’

আমরা কি এসব বৃদ্ধ গরিব নারীকে আমাদের উন্নয়ন কর্মসূচিতে রেখেছি? আজকে বিজয়ের দিনে তাঁদের কি আমরা বিজয় উদ্‌যাপনের উৎসবের মধ্যে এনেছি? আমরা কি আমাদের উন্নয়নের যাত্রায় সঙ্গী করব না কুড়িগ্রামের চরের শিশুদের, উপকূলের বাঁধের ওপর আশ্রয় নেওয়া নারীদের, সুসংদুর্গাপুরের গারোদের, বান্দরবানের পাহাড়িদের? আমরা কি অভয়ারণ্য বানাব সেই কোটিপতিদের জন্য, যারা ব্যাংক থেকে টাকা তুলবে এবং বিদেশে পাচার করবে? অথচ দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন গরিব খেটে খাওয়া মানুষেরা।

যে যুবকেরা মধ্যপ্রাচ্যের গনগনে সূর্যের নিচে তাঁদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাদের জন্য বিলিয়ে দিচ্ছেন অনেক কষ্টে, অনেক দুঃখে আর ডলার পাঠাচ্ছেন দেশে, আমাদের তো তাঁদের পাশে দাঁড়াতে হবে! যে তরুণীরা পোশাকশিল্পে চোখধাঁধানো আলোর নিচে তাঁদের উদয়াস্ত নিবেদন করছেন, দেশটা তো তাঁদেরই। এর মালিক তাঁরা, এর উন্নয়নের প্রধান কারিগর তাঁরা।

যে কৃষকেরা কাদামাটিতে হাঁটু ডুবিয়ে ধানের চারা রোপণ করছেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাংলাদেশকে কৃষি উৎপাদনে চ্যাম্পিয়ন করছেন, সবজি-ফল-মাছ উৎপাদনে বিশ্ব রেকর্ড করছেন, বাংলাদেশ তো তাঁদের কাছে সকাল-সন্ধ্যা ঋণী।

এই বিজয় দিবসে অঙ্গীকার হতে হবে এই কৃষক-শ্রমিক-সাধারণ মানুষ-গরিব মানুষদের মুখে হাসি ফোটানো। বাংলাদেশে যদি ভিআইপি বলতে কিছু থেকে থাকে, তাহলে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ। বৈষম্যমুক্তির সাধনাই মুক্তিযুদ্ধের চেতনা।

  • আনিসুল হক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক