এইচটিএসের নেতা আবু মোহাম্মদ আল–জুলানি
এইচটিএসের নেতা আবু মোহাম্মদ আল–জুলানি

মতামত

যে কারণে এইচটিএস-কে পশ্চিমের স্বীকৃতি দেওয়া উচিত

সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের পতন শুধু দেশটির ভেতরেই নয়, পুরো মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি করার সুযোগ এনেছে। ইরানের প্রভাব কমেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় সিরিয়ায় আগের চেয়ে দুর্বল হয়েছে। আর তুরস্ক এখানে আস্তে আস্তে তার ক্ষমতা বাড়াচ্ছে। 

এই পরিস্থিতিতে সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা। একটি হলো নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি চালিয়ে যাওয়া। অন্যটি হলো আগের তুলনায় ইতিবাচক ও সহযোগিতামূলক নীতি গ্রহণ করা। 

এখন সিরিয়া নতুন করে ভারসাম্য খুঁজছে। সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থায় প্রভাবশালী ছিল যে রুশ সেনারা, তারা ইউক্রেন যুদ্ধের কারণে সিরিয়া থেকে প্রায় সবাই সরে গেছে। বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে গেছেন। 

রাশিয়া এখন সিরিয়ার নতুন শাসক দল হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে চুক্তি করতে চাইছে, যাতে তারা লাতাকিয়ার বিমানঘাঁটি এবং তারতুসের নৌঘাঁটি ধরে রাখতে পারে। 

অন্যদিকে, ইরান সিরিয়া থেকে তাদের সামরিক শক্তি প্রত্যাহার করেছে। তেহরান থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ইরানের প্রভাবের যে ‘অক্ষ’ ছিল, সেটাও এখন ভেঙে পড়েছে। 

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে কৌশলগত প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে। তুরস্ক, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। 

তুরস্ক এই সুযোগে তাদের সীমান্তের কাছে থাকা যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। তুরস্ক এই বাহিনীকে সন্ত্রাসী মনে করে। কারণ, তাদের সঙ্গে তুরস্কভিত্তিক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগ রয়েছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকানোর লক্ষ্যে সিরিয়ায় অবশিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ইসরায়েল গোলান মালভূমিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে। 

ইসরায়েল সিরিয়ার ক্ষেপণাস্ত্র এবং রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলোতে ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছে। এসব হামলার মাধ্যমে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিটি দেশ তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। এটি পুরো অঞ্চলকে এক নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে। 

প্রতিটি শক্তির লক্ষ্য ভিন্ন হলেও, তাদের তড়িৎ পদক্ষেপ সিরিয়ার নতুন শাসকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।  

এইচটিএস একসময় সিরিয়ার আল-কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল। তবে এইচটিএস বলছে, তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায়। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা। 

এইচটিএস যেভাবে ক্ষমতা নিয়েছে, তা প্রায় রক্তপাতহীন। দামেস্কে পৌঁছে তারা প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালিকে শান্তিপূর্ণভাবে পদ থেকে সরিয়ে দেয়। 

বাশারের পতনের পর আবু মোহাম্মদ আল-জুলানি তাঁর ভাষণে পুরোনো সমস্যার কথা তুলে ধরেন। তিনি ইরানের সমর্থনে ছড়ানো সাম্প্রদায়িকতা এবং দেশীয় দুর্নীতির সমালোচনা করেন। একই সঙ্গে তিনি তাঁর অতীতের চরমপন্থা থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করেন। 

যুক্তরাজ্য ইতিমধ্যেই এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে কি না, তা পুনর্বিবেচনা করার প্রস্তুতি নিচ্ছে। এভাবে যুক্তরাষ্ট্র এইচটিএস উৎসাহিত করতে পারে। এমন পদক্ষেপে রাশিয়া বা ইরান প্রভাব ফিরে পাওয়ার সুযোগ পাবে না। এই কৌশলগত পরিবর্তন যুক্তরাষ্ট্রের লাভজনক হবে, এবং সিরিয়ার পুনর্গঠনকে সমর্থন করতে নতুন, আরও স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ সরকার গঠনে সাহায্য করবে।

এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের জন্য পুরোনো কৌশল ধরে রাখা ভুল হবে। এত দিন যুক্তরাষ্ট্র ইরানের প্রভাব কমানো এবং রাশিয়ার অবস্থান দুর্বল করার চেষ্টা করেছে। 

কিন্তু এইচটিএস ইতিমধ্যে তাদের লক্ষ্য আংশিকভাবে পূরণ করেছে। তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছে এবং যদি তাদের আরও সহযোগিতা করা হয়, তাহলে তারা বেসামরিক শাসনের দিকে এগোতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। 

তাই যুক্তরাষ্ট্রের বোমা হামলা করে সুযোগ নষ্ট না করে এইচটিএসের সঙ্গে কাজ করার নীতি গ্রহণ করা উচিত। 

এর মানে হলো, যুক্তরাষ্ট্র এখন জুলানি এবং এইচটিএসের শীর্ষ নেতৃত্বের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে এবং সিরিয়ার পুনর্গঠন সমর্থন করে আলোচনা চালানোর ইচ্ছা প্রকাশ করতে পারে। এমন পদক্ষেপ নিলে সেটি চরমপন্থার প্রতি ছাড় দেওয়া হবে না, বরং উদারবাদকে উৎসাহিত করার জন্য এটি একটি সতর্ক পদক্ষেপ হিসেবে কাজ করবে। 

যুক্তরাজ্য ইতিমধ্যেই এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে কি না, তা পুনর্বিবেচনা করার প্রস্তুতি নিচ্ছে। এভাবে যুক্তরাষ্ট্র এইচটিএস উৎসাহিত করতে পারে। এমন পদক্ষেপে রাশিয়া বা ইরান প্রভাব ফিরে পাওয়ার সুযোগ পাবে না। 

এই কৌশলগত পরিবর্তন যুক্তরাষ্ট্রের লাভজনক হবে, এবং সিরিয়ার পুনর্গঠনকে সমর্থন করতে নতুন, আরও স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ সরকার গঠনে সাহায্য করবে। 

● কারলা নরলফ টরন্টো বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট; ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনূদিত