
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই উদ্যোগের পক্ষে ওয়াশিংটনের যুক্তি হলো, বাংলাদেশের শিল্পনীতি, রপ্তানি প্রণোদনা, উৎপাদন সক্ষমতা ও শ্রমমান আন্তর্জাতিক প্রতিযোগিতাকে প্রভাবিত করছে এবং মার্কিন উৎপাদকদের অসুবিধায় ফেলছে। তবে এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
বাংলাদেশের শিল্প সম্প্রসারণ ও রপ্তানি প্রবৃদ্ধি মূলত দেশের উন্নয়নের কৌশল, তুলনামূলক সুবিধা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অংশগ্রহণের ফল। রপ্তানি প্রণোদনা কিংবা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করলেই তা অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ হয়ে যায় না। একটি উন্নয়নশীল দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে একটি শিল্পোন্নত দেশের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্যতা এবং নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থার নীতির সঙ্গেও সাংঘর্ষিক কি না, সে প্রশ্ন তৈরি করে।
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বিশ্ববাণিজ্যে একতরফা এবং নীতিবিরোধী পদক্ষেপের প্রবণতাকে আরও স্পষ্ট করেছে। এর ফলে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। শুল্কনীতির ঘন ঘন পরিবর্তন রপ্তানিকারক, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এ ধরনের অনিশ্চয়তা বিশেষভাবে ব্যয়বহুল; কারণ, আকস্মিক বাণিজ্যনীতির পরিবর্তন মোকাবিলার সক্ষমতা তাদের তুলনামূলকভাবে সীমিত।
প্রস্তাবিত শুল্ক বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। মার্কিন বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা ২০২৪ সালের ৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। ২০২৫ সালে এই রপ্তানির মধ্যে তৈরি পোশাকের পরিমাণ ছিল প্রায় ৮ দশমিক ২ বিলিয়ন ডলার।
একতরফা বাণিজ্যনীতির প্রভাবে পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে বাংলাদেশকে নিজের ন্যায্য বাণিজ্যিক স্বার্থ রক্ষার পাশাপাশি অর্থনীতির অভ্যন্তরীণ সক্ষমতাও বাড়াতে হবে। কার্যকর কূটনৈতিক উদ্যোগ, প্রয়োজনীয় সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণই হতে পারে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রধান ভিত্তি।
এ পরিসংখ্যান দুই দেশের বাণিজ্যে পোশাক খাতের গুরুত্ব স্পষ্ট করে। উচ্চ শুল্কের ফলে মার্কিন আমদানিকারকদের জন্য বাংলাদেশি পণ্যের ব্যয় বাড়তে পারে এবং তাঁরা বিকল্প দেশ থেকে পণ্য সংগ্রহে উৎসাহিত হতে পারেন। অন্যদিকে মার্কিন ক্রেতারা অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে বাংলাদেশি রপ্তানিকারকদের কাছ থেকে পণ্যের দাম কমানোর দাবি জানাতে পারেন। এতে রপ্তানিকারকদের মুনাফা ও বিনিয়োগের সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর প্রভাব শুধু রপ্তানি আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তৈরি পোশাকশিল্পে লাখ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এ খাতের সঙ্গে পরিবহন, প্যাকেজিং, সরবরাহ, ব্যাংকিংসহ বহু সহযোগী শিল্প ও সেবা খাত জড়িত। রপ্তানি আদেশ কমে গেলে উৎপাদন, কর্মসংস্থান ও পারিবারিক আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনের ওপরও চাপ সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি শুধু পোশাক রপ্তানিকারকদের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গেও সম্পর্কিত।
এ পরিস্থিতি বাংলাদেশের সীমিতসংখ্যক পণ্য ও বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতার দুর্বলতাও সামনে এনেছে। তৈরি পোশাক খাত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ নির্ভরতা আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিবর্তনের মুখে অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এ ঝুঁকি কমাতে ওষুধ, চামড়াজাত পণ্য, জুতা, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি বহুমুখীকরণ জরুরি।
এ পরিস্থিতিতে তিনটি পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। প্রথমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য-প্রমাণভিত্তিক আলোচনার মাধ্যমে প্রস্তাবিত শুল্কের যৌক্তিকতা চ্যালেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের জন্য অনুকূল সিদ্ধান্ত আদায়ের চেষ্টা চালাতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমাতে রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ ত্বরান্বিত করতে হবে। তৃতীয়ত, রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শিল্পের উৎপাদনশীলতা, প্রযুক্তিগত আধুনিকায়ন, অবকাঠামো ও শ্রমমান উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে।
সর্বোপরি একতরফা বাণিজ্যনীতির প্রভাবে পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে বাংলাদেশকে নিজের ন্যায্য বাণিজ্যিক স্বার্থ রক্ষার পাশাপাশি অর্থনীতির অভ্যন্তরীণ সক্ষমতাও বাড়াতে হবে। কার্যকর কূটনৈতিক উদ্যোগ, প্রয়োজনীয় সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণই হতে পারে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রধান ভিত্তি।
সেলিম রায়হান অর্থনীতির অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সানেম