মানুষের মনুষ্যত্ব ও সামাজিক মূল্যবোধের পরিচয় শুধু বড় বড় কাজেই নয়; দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণেও প্রকাশ পায়। জনপরিসরে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের বসার স্থানটি ছেড়ে দেওয়া তেমনই একটি সাধারণ অথচ তাৎপর্যপূর্ণ মানবিক আচরণ।
গণপরিবহন, রেলস্টেশন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর কিংবা যেকোনো জনসমাগমস্থলে এই সামান্য উদ্যোগ একজন মানুষের প্রতি আপনার সম্মান ও সহমর্মিতার পরিচয় বহন করে। এটি শুধু ব্যক্তিগত সৌজন্য নয়, বরং একটি সুন্দর ও দায়িত্বশীল সমাজ গঠনের সংস্কৃতি।
ইসলাম মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সম্মান, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। বয়োজ্যেষ্ঠদের সম্মান করার বিষয়ে নবীজি (সা.) বলেছেন, ‘আল্লাহকে সম্মান করার অংশ হলো বয়োবৃদ্ধ মুসলিমকে সম্মান করা।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৪৩)
এই হাদিসে বয়স্ক মানুষের প্রতি সম্মান প্রদর্শনকে নিছক সামাজিক শিষ্টাচার নয়, বরং ধর্মীয় মূল্যবোধের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। নবীজি (সা.) আরও বলেছেন, ‘যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের মর্যাদা ও অধিকার স্বীকার করে না, সে আমাদের আদর্শের অনুসারী নয়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯১৯)
বয়োজ্যেষ্ঠ ও অসহায় মানুষের জন্য নিজের আসন থেকে একটু উঠে জায়গা করে দেওয়াটা তাই আমাদের ব্যক্তিগত সৌজন্য, ধর্মীয় অনুশীলন এবং সামাজিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা প্রয়োজন।
অন্য একটি বর্ণনায় তিনি বলেছেন, ‘মানুষকে তাদের যথাযথ মর্যাদা অনুযায়ী মূল্যায়ন করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৪২)
অর্থাৎ বয়স, মর্যাদা ও অবস্থান বিবেচনায় যথাযথ সম্মান প্রদর্শন ইসলামি শিষ্টাচারের অন্যতম অংশ।
সম্মান প্রদর্শনের ক্ষেত্রে উঠে দাঁড়ানোর একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্তও রয়েছে ইসলামি ইতিহাসে। বনু কোরাইজা গোত্রের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য
আহত অবস্থায় সাহাবি সাদ ইবন মুয়াজ (রা.) নবীজি (সা.)–এর কাছে এলে তিনি সাহাবিদের উদ্দেশে বলেন, ‘তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়াও।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০৪৩)
এ ঘটনা সম্মানিত ব্যক্তিকে অভ্যর্থনা জানাতে উঠে দাঁড়ানোর একটি নববি দৃষ্টান্ত। যদিও ঘটনাটি সরাসরি আসন ছেড়ে দেওয়ার নির্দেশ নয়, তবু মানুষের মর্যাদা স্বীকার ও সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এর মধ্যে রয়েছে।
অন্যের জন্য বসার স্থান করে দেওয়ার বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশনাও অত্যন্ত প্রাসঙ্গিক। আল্লাহ-তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমাদের বলা হয় মজলিশে জায়গা প্রশস্ত করে দাও, তখন তোমরা জায়গা প্রশস্ত করে দেবে। আল্লাহ তোমাদের জন্য প্রশস্ততা দান করবেন।’ (সুরা মুজাদালাহ, আয়াত: ১১)
এই নির্দেশনা থেকে পারস্পরিক সহযোগিতা, অন্যের সুবিধার প্রতি মনোযোগ এবং জনমজলিশে স্থান করে দেওয়ার সামাজিক শিষ্টাচারের শিক্ষা পাওয়া যায়।
এ প্রসঙ্গে নবীজি (সা.) আরও বলেছেন, কাউকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে অন্যের বসা উচিত নয়; বরং পরস্পরের জন্য জায়গা প্রশস্ত করতে হবে। (সহিহ বুখারি, হাদিস: ৬২৭০)
অর্থাৎ সম্মান প্রদর্শনের নামে কাউকে জোর করে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বরং স্বতঃস্ফূর্তভাবে নিজের আসন ছেড়ে দেওয়া কিংবা অন্যের জন্য স্থান করে দেওয়াই উত্তম আচরণ।
এই দায়িত্ব কেবল বয়োজ্যেষ্ঠদের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন অসুস্থ, আহত, প্রতিবন্ধী, গর্ভবতী নারী কিংবা শারীরিকভাবে দুর্বল মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনও আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধের অংশ। বিশেষ করে গণপরিবহনে একজন সুস্থ ও সামর্থ্যবান ব্যক্তি যদি অসুস্থ বা চলাফেরায় অক্ষম কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেও নির্বিকার থাকেন, তাহলে তা আমাদের মানবিক চেতনার দুর্বলতাকেই প্রকাশ করে। বয়সের পাশাপাশি মানুষের শারীরিক অবস্থা ও বাস্তব প্রয়োজন বিবেচনা করাও অত্যন্ত জরুরি।
মনে রাখা প্রয়োজন, জনপরিসরেও মানবিক চরিত্রের বহিঃপ্রকাশ ও দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। নিজের সামান্য স্বাচ্ছন্দ্য ত্যাগ করে অন্য একজন মানুষের কষ্ট লাঘব করা হয়তো বড় কোনো ত্যাগ নয়, কিন্তু এর সামাজিক মূল্য অনেক। আজকের তরুণ আগামী দিনের বয়োজ্যেষ্ঠ। তাই অন্যের জন্য আজ আমরা যে সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করব, ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকেও ঠিক তেমন আচরণই প্রত্যাশা করতে পারব।
বয়োজ্যেষ্ঠ ও অসহায় মানুষের জন্য নিজের আসন থেকে একটু উঠে জায়গা করে দেওয়াটা তাই আমাদের ব্যক্তিগত সৌজন্য, ধর্মীয় অনুশীলন এবং সামাজিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা প্রয়োজন।
ড. মুহাম্মদ তাজাম্মুল হক অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়