
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলন এক রাজনৈতিক ও অর্থনৈতিক সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। এই সন্ধিক্ষণের বৈশিষ্ট্যগুলোকে সংক্ষেপে আলোচনা করা যাক।
সরকার পোশাক খাতের জন্য একটি মজুরি বোর্ড গঠন করেছে এবং আগামী ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরি কার্যকর হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের প্রত্যাশা ছিল এর ফলে পোশাক খাতের শ্রমিকেরা আশ্বস্ত হয়ে কারখানায় ফিরে যাবেন এবং শ্রমিক অঞ্চলগুলোয় শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন পর্যন্ত সাধারণ শ্রমিকদের ধারণা যে চাপে না রাখলে সরকার ও মালিকপক্ষ তাঁদের প্রত্যাশা অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করবে না।
অতীতেও দেখা গেছে, মজুরি বোর্ড সিদ্ধান্ত নিতে ৫ থেকে ৬ মাস গড়িমসি করেছে এবং শ্রমিকদের দাবির তুলনায় মজুরি নিম্ন মাত্রায় নির্ধারিত হয়েছে। ২০২৩ সালে শ্রমিকদের দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা, সেখানে মালিকদের প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা। অবশেষে তদানীন্তন সরকার গড়িমসি করার পর ন্যূনতম মজুরি মাসিক ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছিল। এর ফলে তখন ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
সে সময়ের তুলনায় এখন শ্রমিকদের প্রকৃত মজুরি মূল্যস্ফীতির কারণে অনেক কমে গেছে। কেউ কেউ হিসাব করে দেখিয়েছেন, বাড়িভাড়া বৃদ্ধি, জ্বালানি খরচ বৃদ্ধি, যাতায়াত খরচ বৃদ্ধি, লেখাপড়া ও স্বাস্থ্যসেবার খরচ বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে জীবনধারণের ব্যয় এতটাই বেড়েছে যে ন্যূনতম মজুরি চতুর্থ গ্রেডেই বর্তমানে মাসিক ৩২ হাজার ১৩০ টাকা না হলে সংসার চলবে না।
সন্ধিক্ষণের এই মুহূর্তে সরকারের জন্য রাজনৈতিক ঝড়ের আশঙ্কাও রয়েছে। সরকারও দাবি করেছে, তারা সদিচ্ছা নিয়ে মজুরি বোর্ড দ্রুত তৈরি করেছে এবং দ্রুতই ন্যায়সংগত মজুরি ঘোষণা করবে। তাদের পর্যবেক্ষণ ও আশা হচ্ছে, সাধারণ শ্রমিকেরা এখন নিশ্চয় আন্দোলন থেকে ফিরে আসবেন। তাদের দৃষ্টিতে মজুরি বৃদ্ধি নয়, বরং রাজনৈতিক কারণে ষড়যন্ত্রকারীরা বর্তমানে ডিসেম্বর মাসে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করছেন।
শ্রমিকনেতাদের বক্তব্য হচ্ছে, এ ধরনের কোনো নৈরাজ্য শ্রমিকেরা সৃষ্টি করছেন না। তবে নেতাদের মধ্যে আশঙ্কা আছে, মালিকেরা যদি কৃত্রিম চাপ সৃষ্টির জন্য এখন কারখানা বন্ধ করে ব্যাপক শ্রমিক ছাঁটাইয়ের পথে অগ্রসর হন, তাহলে শ্রমিক এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়বে।
আমরা দেখেছি, জীবনযাত্রার ব্যয় গত তিন বছরে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরকার এবার সরকারি কর্মচারীদের সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করেছে। ফলে শ্রমিকেরা এর কমে রাজি হচ্ছেন না। তবে মালিকেরা সরকারকে বলে দিয়েছেন যে এই মজুরি প্রদান অসম্ভব।
অন্যদিকে মালিকপক্ষ থেকে আমরা এখন পর্যন্ত দুই রকম বক্তব্যই পাচ্ছি। যথারীতি এবারও তাঁরা বলছেন যে শ্রমিকেরা যা দাবি করছেন, সে রকম মজুরি দিয়ে তাঁদের পক্ষে মোটেও কারখানা চালানো সম্ভব নয়। একদিকে তাঁরা বিদ্যুৎ, গ্যাসসহ নানা সংকটের কথা বলছেন, অন্যদিকে তাঁদের যুক্তি হচ্ছে, শ্রমিকদের উৎপাদনশীলতা আসলে কম। ফলে বেশি মজুরি দিলে এবং এসব বাড়তি খরচের বোঝা বহন করতে হলে তাঁদের পক্ষে মুনাফা ধরে রাখা সম্ভব হবে না। তাহলে কেনই-বা তাঁরা কারখানা চালাতে যাবেন?
তবে মালিকদের মধ্যে এই সুরের তারতম্য রয়েছে। কেউ কেউ মনে করেন যে তাঁদের পক্ষে এমনকি ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বা আরও বেশি মজুরি দেওয়া সম্ভব হবে, যদি সরকার অবকাঠামোগত সার্ভিস ঠিকমতো সরবরাহ করতে পারে, যদি নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয় এবং যদি ব্র্যান্ড ক্রেতারা প্রকৃতই ন্যায্য দাম দিতে সম্মত হন, তাহলে উচ্চ মজুরি প্রদান মোটেও অসম্ভব নয়।
কিন্তু এগুলো কীভাবে করা সম্ভব হবে, তার রোডম্যাপ এখন পর্যন্ত মালিক ও সরকার কেউই দিতে পারেনি। যত দিন তা সম্ভব হবে না, তত দিন শ্রমিকেরা কীভাবে চলবেন, সে বিষয়ে তাঁদের কোনো স্পষ্ট বক্তব্যই নেই।
বস্তুত, ছোট, মাঝারি বা ইপিজেড–বহির্ভূত অসংখ্য পোশাক কারখানা রয়েছে, যেগুলোর পক্ষে এত মজুরি দেওয়া সত্যিই কঠিন। এ ধরনের মালিকদের বক্তব্য একটু ভিন্ন। তাঁদের কারখানার উৎপাদনশীলতা বাড়াতে না পারলে এবং মধ্যবর্তী ক্রেতাদের কাছ থেকে ‘সাব–কন্ট্রাক্টর প্রাইজ’ হিসেবে বাড়তি মূল্য না পেলে তাঁরা এই মাত্রায় মজুরি ইচ্ছা থাকলেও দিতে পারবেন না। তাই তাঁদের সাধারণ প্রস্তাব হচ্ছে, অন্তর্বর্তীকালে শ্রমিক পরিবারগুলোর জন্য সরকারকে প্রয়োজনীয় নিত্যপণ্যের রেশনিং ও অন্যান্য সুবিধা দিতে হবে।
যেমন অল্প পরিমাণে বাড়িভাড়া কমানো এবং স্বল্প মূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব আপাতত সরকার নিজের কাঁধে নিক। আরেক ধাপ এগিয়ে কেউ কেউ বলছেন, এই অর্থের সংস্থান করতে পোশাকশিল্পের বৃহৎ মালিক বা ‘রাঘববোয়ালদের’ (যাঁদের একাধিক বাড়ি-গাড়ি ও কোটি টাকার ব্যাংক হিসাব রয়েছে) ওপর সম্পদকর আরোপ করা হোক। পাশাপাশি এত দিন ধরে তাঁদের যেসব আর্থিক সুবিধা (নগদ ভর্তুকি, কর অব্যাহতি, ঋণের সুদে ছাড় ও রপ্তানি বোনাস) দেওয়া হচ্ছে, তা কিছুটা কমিয়ে বা কর হিসেবে আদায় করে বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানাগুলোয় সাময়িক ভর্তুকি দেওয়া হোক। এভাবেই আপৎকালীন সংকট মোকাবিলা করার পরামর্শ দিচ্ছেন তাঁরা। অর্থাৎ মূলত সরকারকেই এই দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে।
এর পাশাপাশি শ্রমবান্ধব এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিদের মূল বক্তব্যও অপেক্ষাকৃত শ্রমিকবান্ধব। তাঁরা সামগ্রিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নটি সামনে নিয়ে এসেছেন। তাঁরা বলছেন, পোশাক কারখানার মালিকেরা এযাবৎ অনেক সুযোগ–সুবিধা পেয়েছেন। তাঁদের উচিত ছিল আগে থেকেই শ্রমিকদের জন্য লভ্যাংশ থেকে টাকা বাঁচিয়ে কল্যাণ তহবিল গড়ে তোলা এবং শ্রমিক প্রশিক্ষণে ও প্রযুক্তি উন্নয়নে লাভের অংশবিশেষ ব্যয় করা।
যেহেতু ডলারের বিপরীতে টাকার মান কমায় কোনো বাড়তি শ্রম ছাড়াই তাঁদের আয় ক্রমাগত বেড়েছে, তাই এখন তাঁদের সর্বমোট আয়-ব্যয়, প্রাপ্ত সুযোগ-সুবিধা, মুনাফার হার, প্রদত্ত কর, নতুন বিনিয়োগ এবং সর্বোপরি আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ তহবিলে প্রদেয় অর্থের স্বচ্ছ হিসাব দেখতে চাইছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যান্য দেশের তুলনায় এ দেশের শ্রমিকদের উৎপাদনশীলতার পার্থক্য ঠিক কতটুকু এবং সেসব দেশে প্রকৃত মজুরি কেমন, তা তাঁরা জানতে চান। বাংলাদেশ কেন বিশ্বের ‘সবচেয়ে সস্তা শ্রমের’ দেশ হিসেবে পরিচিত থাকবে? ওভারটাইম বাড়িয়ে, ট্রেড ইউনিয়ন করার অধিকার খর্ব করে এবং আইনে স্বীকৃত বিভিন্ন সুবিধা (যেমন বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, ছাঁটাই–সুবিধা ও মাতৃত্বকালীন ছুটি) কমিয়ে দিয়েও পোশাক কারখানাগুলো এত দিনে কেন স্বাবলম্বী হতে পারল না, সে প্রশ্নও উঠছে।
সমালোচকদের মতে, এসব তথ্য-উপাত্ত প্রত্যেক মালিককে নিজ নিজ শ্রমিক তথা জাতির সামনে প্রকাশ করতে হবে। ১৯৮০-এর দশকে এই শিল্পের শৈশবকালে এসব বিষয়ে উদাসীন থাকা চললেও এখন আর তা মেনে নেওয়া যায় না। যাত্রা শুরুর ৪৬ বছর পর, ২০২৬ সালে এসেও ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি ভারত বা পাকিস্তানের সমান মজুরি দিয়ে বাংলাদেশের পোশাক খাত কেন প্রতিযোগিতায় টিকতে পারবে না, তা নিয়ে খোলামেলা ও তথ্যভিত্তিক চুলচেরা বিশ্লেষণ হওয়া প্রয়োজন।
এই মুহূর্তে তাই সরকারের উচিত শ্রমিকদের বিরুদ্ধে বলপ্রয়োগের উপকরণ ব্যবহার না করে বা ষড়যন্ত্রতত্ত্বের দোহাই না দিয়ে শ্রমিকদের জীবন ও বাস্তবতার দিকে নজর দেওয়া। দ্রুত ন্যায্য পুনর্বণ্টনমূলক সমাধান দিতে না পারলে দেশের অর্থনৈতিক সংকট নৈরাজ্যময় হয়ে উঠতে পারে। একটি বাস্তবায়নযোগ্য ন্যূনতম মজুরি নীতি প্রণয়নের জন্য আমাদের অবশ্যই পূর্বাভিজ্ঞতা ও আগের সুপারিশগুলো বিবেচনায় নিতে হবে।
বিভিন্ন সময় গবেষণা ও গবেষণালব্ধ সুপারিশের সংখ্যা কম নয়। এসব সুপারিশ থেকে বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করে পরিকল্পিত ও সমন্বিতভাবে স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোকে এখনই কাজে হাত দিতে হবে। তবে প্রাথমিক উদ্যোগ যেহেতু নির্বাচিত সরকারকেই নিতে হবে, সেহেতু আমার বিবেচনায় নিম্নোক্ত কাজে মনোনিবেশ করা যেতে পারে।
প্রথমত, প্রতি তিন বছর পর মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে আর্থিক মজুরি বাড়াতে হবে, যাতে একবারে বিরাট চাপের মুখোমুখি হতে না হয়। এ ক্ষেত্রে শ্রমিকদের ভোগ্যপণ্য, যথাযথ পুষ্টি, বাড়িভাড়া, শিক্ষা ব্যয় ও স্বাস্থ্য ব্যয়ের সম্মিলিত মূল্যস্ফীতি সূচককে সর্বদা বিবেচনায় নিতে হবে।
দ্বিতীয়ত, শ্রমিকদের গণতান্ত্রিক কায়দায় নির্বাচিত ট্রেড ইউনিয়ন গঠন ও দর–কষাকষি করার দক্ষতা অর্জন করতে হবে। সে জন্য শ্রম আইন ও শ্রমিকবান্ধব আইন সংস্থা ও অঙ্গীকারসম্পন্ন শিক্ষিত ট্রেড ইউনিয়ন নেতৃত্বের অধিকার, সুযোগ ও সক্ষমতা গড়ে তুলতে হবে। তাঁদের আন্দোলনের অধিকার ও কর্মস্থলে কাজের নিরাপত্তা দিতে হবে।
তৃতীয়ত, মুনাফায় শ্রমিকদের যথাযথ অংশগ্রহণের সুযোগ থাকতে হবে এবং বাধ্যতামূলকভাবে কল্যাণ তহবিল গঠন করতে হবে। সেখান থেকে জরুরি চিকিৎসা, পেনশন ও জীবনবিমার ‘ইনবিল্ট’ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
চতুর্থত, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আবাসন ভাতা, খাদ্য বা মহার্ঘ ভাতা এবং চিকিৎসা ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে। এ ব্যয়ের পুরোটাই কেবল কারখানার মালিকদের কাছ থেকে আদায় করা হবে, এমনটা ভাবা ঠিক নয়; বরং কারখানার মালিকেরা যেন আরও উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতের বিপুলসংখ্যক শ্রমিকের জন্য ধাপে ধাপে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান তৈরি করেন, সেটিই কাম্য।
পঞ্চমত, মালিকদের অতিরিক্ত মুনাফার প্রবণতা, কর্মপ্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির অভাবে শ্রমিকদের কম গড় উৎপাদনশীলতা, কিংবা অবকাঠামোগত সেবার উচ্চ মূল্য ও ঋণের সুদের বোঝা—এ কারণগুলোকে সুনির্দিষ্টভাবে, তথ্য-উপাত্তসহ নির্ণয় করতে হবে। আর এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি পূর্ণাঙ্গ তথ্যগত স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
ষষ্ঠত, ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের মূল করণীয় হলো ভাঙচুর বা আইন হাতে তুলে না নিয়ে এবং মালিকদের আজ্ঞাবহ সংগঠনে পরিণত না হয়ে তথ্যভিত্তিক দর–কষাকষির মাধ্যমে প্রকৃত ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলা।
জাতীয় স্বার্থে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বিদেশি ক্রেতাদের কাছ থেকে পণ্যের ন্যায্যমূল্য আদায়ে শ্রমিক, মালিক ও সরকারের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সংশ্লিষ্ট সব পক্ষ যদি নিজ নিজ অধিকার ও দায়িত্ব সঠিকভাবে পালন করতে এগিয়ে আসে, তবেই এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে এবং বাংলাদেশের পোশাক খাত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
এম এম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক