মতামত

ছাত্রলীগের ছাত্র হওয়ার কথা, দখলদার বা জিম্মিকারী নয়

এই ধরনের শিরোনামে ছাত্রলীগের উপস্থিতি অনেকটাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এই ধরনের শিরোনামে ছাত্রলীগের উপস্থিতি অনেকটাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

গণমাধ্যমে প্রায়ই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসন-বাণিজ্য, কক্ষ দখলদারি ও শিক্ষার্থী নিপীড়নের খবর প্রচারিত হতে দেখি। আর এসব অভিযোগের আঙুল স্পষ্টভাবে ওঠে সরকারদলীয় ছাত্রসংগঠনের বিরুদ্ধে।

গণমাধ্যমে যেসব অভিযোগ আসে, এর বাইরেও অসংখ্য অভিযোগ শিক্ষার্থীরা প্রকাশ করে না বা করতে পারছে না।

গত ২৬ সেপ্টেম্বর আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হীরকজয়ন্তী অনুষ্ঠান ছিল। একাডেমিক ভবনে লাইটিং করার জন্য একটা লম্বা মইয়ের প্রয়োজন ছিল।

এ জন্য বিভাগের সভাপতির স্বাক্ষরকৃত একটি চিঠি নিয়ে আমি নিজে মইয়ের জন্য সংশ্লিষ্ট অফিসে যাই। আমি মই চাওয়াতে মনে হলো, তাঁরা আকাশ থেকে পড়লেন।

জানালেন, গত ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের কাউন্সিল ছিল। ওই কাউন্সিল উপলক্ষে ব্যানার লাগাতে সব মই তাঁরা (ছাত্রলীগ) নিয়ে গেছেন। ছয় দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তখন পর্যন্ত তাঁরা মইগুলো ফেরত পাননি।

নিয়ম আছে, যাঁরা মই নেবেন, তাঁরা আইডি কার্ড জমা দিয়ে মই নেবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মইগুলো অফিসে জমা দেবেন। কিন্তু আমার বিভাগের হীরকজয়ন্তীর আয়োজনের জন্য কোনো মই তাঁরা দিতে পারবেন না বলে প্রথমে জানিয়ে দেন।

তাঁরা জানান, জরুরি কাজে ব্যবহার করার জন্য একটি মই আছে, কিন্তু সেটি আমরা সাধারণত দিই না। তখন আমি চ্যালেঞ্জ করলাম, ছাত্রলীগের যেসব নেতা-কর্মী প্রায় ৮-১০ দিন আগে মই নিয়েছেন, তাঁদের কাছ থেকে সেটি ফেরত নেওয়ার দায়িত্বে নিশ্চয়ই আপনারা অবহেলা করেছেন।

তখন দায়িত্বরত অফিসার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমাকে বিনয়ের সঙ্গে বললেন, ‘স্যার, আমাদের জরুরি মইটাই আপনি আপাতত নিয়ে যান।’

কিন্তু আমার প্রশ্ন হলো, এটি কি কোনো চূড়ান্ত সমাধান? মোটেও না। এভাবে কোনো প্রতিষ্ঠান জিম্মি অবস্থায় চলতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শের কোথাও আমি খুঁজে পাইনি, অন্যায্য জিম্মি করার উদাহরণ।

অথচ কোনো নিয়মনীতি অনুসরণ না করে একটি বিশ্ববিদ্যালয়ের একটি অফিস প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট যাকে ইচ্ছা তাকে দেবে, সেটি কোনো মানানসই বিষয় নয়। এসব বিষয়ে লিখলে ছাত্রলীগের উচ্চপদস্থ নেতা-কর্মী এবং সংশ্লিষ্টরা মন খারাপ করেন।

বাস্তবে ছাত্রলীগ অনেক ভালো কাজের সঙ্গেও যুক্ত। এ ক্ষেত্রে হয়তো শতভাগ ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতা-কর্মী দায়ী নয়, বরং আমাদের সিস্টেমটাই দায়ী।

বেশ কিছুদিন আগে রাবির প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়েছিল।

সেগুলোর মধ্যে ছিল আবাসিক হলে আসন-বাণিজ্য বন্ধ করা, আসন-বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, অনলাইনে প্রতিটি হলের আসনের তালিকা প্রকাশ করা, হলের ডাইনিংয়ে খাবারের দাম কমিয়ে ভর্তুকি দিয়ে খাবারের মান বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসে খাবারের দাম ও মান মনিটরিং করা এবং গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করে অবিলম্বে রাকসু নির্বাচনের ব্যবস্থা করা। এই দাবিগুলো আমারও।

দীর্ঘদিন থেকে আসন-বাণিজ্য, কক্ষ দখলদারিসহ ভিন্ন ভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মনে একধরনের ক্ষোভ এবং মেধার ভিত্তিতে আবাসিক হলে আসন বরাদ্দ নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।

বছর খানিক আগে রাবির শের-ই-বাংলা হল থেকে এক আবাসিক শিক্ষার্থীকে ছাত্রলীগের হল শাখার সভাপতি জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ গণমাধ্যম সূত্রে নজরে আসে।

এমনকি এর আগে মতিহার হলের একজন বাক্‌প্রতিবন্ধী আবাসিক শিক্ষার্থীর সঙ্গে একই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে খবর দেখেছিলাম। এখন আর এসব খবর পড়তে ইচ্ছা করে না। এ জন্য পড়িও না। কারণ, এসব খবরকে স্বাভাবিক মনে হয়।

বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে সমাধান করলেও আরও বেশ কিছু ঘটনা রয়েছে, যেগুলোর জন্য সাধারণ শিক্ষার্থীদের মনে যথেষ্ট ক্ষোভ ও শঙ্কা বিরাজ করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে, রাবির আবাসিক হলগুলোতে আসন পেতে হল প্রশাসনের বরাদ্দ তালিকায় নাম থাকলেই শুধু হয় না বরং এ ক্ষেত্রে ছাত্রলীগের সম্মতিও লাগে।

ছাত্রলীগ নেতা-কর্মীদের সম্মতি ছাড়া শিক্ষার্থীরা হলের আসন পান না। এ ছাড়া শিক্ষার্থীদের কেউ কেউ গণমাধ্যমের কাছে অভিযোগ দিয়েছে, আবাসিক হলে আসন বরাদ্দ পেয়ে প্রতি মাসে টাকা গুনছেন ঠিকই। কিন্তু আসন দখল পাচ্ছেন না। উল্টো মেসভাড়া দিচ্ছেন। হল প্রাধ্যক্ষকে বললে তাঁরা ‘বড় ভাইদের’ (ছাত্রলীগ নেতা) ধরে হলে ওঠার পরামর্শ দেন।

এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমার মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। কারণ, এ বিষয়টি দ্রুততম সময়ে সুন্দর সমাধান না হলে এর সুদূরপ্রসারী প্রভাব সাধারণ শিক্ষার্থীদের তথা সাধারণ মানুষকে চরমভাবে ব্যথিত করে তুলবে।

ছাত্ররাজনীতি ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। এর অন্যতম কারণ ছাত্র সংসদ না থাকা, নির্বাচন না হওয়া। এমনকি যথাযথ প্রতিনিধিত্ব গড়ে না ওঠা। বিশেষ করে ক্ষমতার আধিপত্য, বড়াই-লড়াই, হল দখল, আসন-বাণিজ্য, টেন্ডারবাজি, চাটুকারিতা, পকেট নেতা তৈরি, প্রশাসনের অন্যায্য সমর্থন প্রভৃতি কারণে ছাত্ররাজনীতির যথাযথ বিকাশ হচ্ছে না।

ছাত্রসংগঠনগুলোর কমিটি গঠনের জন্য এখন যোগ্যতার পাশাপাশি চলে লাখ লাখ টাকার রাজনৈতিক বাণিজ্য। এই অপরাজনীতির দাপটে ক্রমেই ছাত্ররাজনীতি হয়ে উঠছে অসৎ ও অশুভ। আর এর প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।

সাধারণত পিতৃসংগঠন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে ছাত্রসংগঠনগুলো আধিপত্য বিস্তারের নামে নিজেদের হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলে। ইদানীং যেহেতু ছাত্রসংগঠনগুলো নির্বাচনের ভিত্তিতে নেতৃত্ব নির্ধারিত হয় না, সেহেতু সাধারণ শিক্ষার্থীদের ভালো-মন্দ বিচার কিংবা ছাত্রনেতাদের উত্তম চরিত্র প্রকাশের প্রয়োজন পড়ে না।

এ কারণে অনবরত সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার হয় ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দ্বারা। তারা কখনোই আমলে নেয় না যে একজন সাধারণ শিক্ষার্থীকে হয়রানি করার অর্থ হচ্ছে তার পরিবার তথা পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে হয়রানি করা। স্বাভাবিকভাবেই এসব ক্ষেত্রে পরিবারের দুঃখ-কষ্টের প্রভাব পড়ে জাতীয় নির্বাচনের ওপর।

এমনকি তারা এটাও চিন্তা করে না যে তাদের পিতৃসংগঠনগুলোর ক্ষমতায় আসতে সাধারণ জনগণের ভোটের মুখোমুখি হতে হয়।

এ কারণে অনবরত সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার হয় ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দ্বারা। তারা কখনোই আমলে নেয় না যে একজন সাধারণ শিক্ষার্থীকে হয়রানি করার অর্থ হচ্ছে তার পরিবার তথা পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে হয়রানি করা। স্বাভাবিকভাবেই এসব ক্ষেত্রে পরিবারের দুঃখ-কষ্টের প্রভাব পড়ে জাতীয় নির্বাচনের ওপর।

একটি সাধারণ পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ে এসে লাঞ্ছিত কিংবা হয়রানির শিকার হলে ওই পরিবারের সদস্যদের ভোট প্রদানের মাপকাঠি ভিন্নভাবে প্রভাবিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।

  • ড. সুলতান মাহমুদ অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।