
আমাদের দেশে পৌষ–মাঘ (ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি) নিয়ে শীতকাল। অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যখন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে, আমরা তাকে শৈত্যপ্রবাহ বলি। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও তা যদি কমপক্ষে তিন দিন না থাকে, তবে তা শৈত্যপ্রবাহ হিসেবে ধরা যাবে না।
তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয় এবং কমপক্ষে তিন দিন সেটা স্থায়ী হয়, তবে সেটা হবে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এর চেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে হবে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হবে। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের একজন সাবেক পরিচালক তাঁর অভিজ্ঞতার আলোকে জানালেন, সংরক্ষিত উপাত্ত না থাকলেও এটা প্রায় নিশ্চিত করে বলা যায় ডিসেম্বর মাসে গড়ে এক থেকে দুটি, জানুয়ারি মাসে দুই থেকে তিনটি এবং ফেব্রুয়ারিতে একটি শৈত্যপ্রবাহ হয়ে থাকে। কখনো কখনো একটি শৈত্যপ্রবাহই লম্বা সময় ধরে চলতে পারে।
উত্তরের বাতাস কখনো কখনো তাপমাত্রা কমিয়ে ১০ ডিগ্রির নিচে নিয়ে যায়। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙামাটি শৈত্যপ্রবাহপ্রবণ অঞ্চল। এ ছাড়া কোনো কোনো ক্ষেত্রে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, যেমন গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, টাঙ্গাইল অঞ্চলেও শৈত্যপ্রবাহ হয়ে থাকে।
পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, চাঁপাইনবাগঞ্জ, রাজশাহী বগুড়া, যশোর, কুষ্টিয়া, ঈশ্বরদী, পাবনা, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি, বান্দরবান, সীতাকুণ্ড, গোপালগঞ্জ, সৈয়দপুর, মাদারীপুর অঞ্চলও শৈত্যপ্রবাহে আক্রান্ত হয়ে থাকে। আমাদের দেশে উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঢাকাসহ আশপাশের এলাকাগুলোয় বিগত বছরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসে শৈত্যপ্রবাহের সৃষ্টি করেছে। ২০২২ সালে বরিশাল, ময়মনসিংহ অঞ্চলেও শৈত্যপ্রবাহ হয়েছে।
কুয়াশা শীতের একটি বৈশিষ্ট্য। তবে চারদিক কুয়াশায় ছেয়ে গেলেও সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহের আলামত বা সূচক হিসেবে গণ্য করা যাবে না। তবে কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সরাসরি কোনো সম্পর্ক নেই। একটু খেয়াল করলেই বোঝা যায়, কুয়াশার দিনে ঠান্ডা কম থাকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে এলেই কুয়াশা সৃষ্টি। হঠাৎ এমন পরিবর্তনে আমরা একটু হকচকিয়ে যাই। তবে একে শৈত্যপ্রবাহ বলা যায় না। কুয়াশা দেখে অনেকে ঠান্ডার ভয়ে স্বাভাবিক সময়ের চেয়ে কম গোসল করেন। তবে যাঁরা নিয়মিত গোসল চালিয়ে যান, তাঁদের বরং শীতকাতরতা কম হয়।
অনেক সময় শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহানোর সময়ও দুর্ঘটনা ঘটে। সে ক্ষেত্রে আগুন পোহালেও বিশেষ সতর্কতা নেওয়া জরুরি। এ ছাড়া গরু, ছাগলের মতো গবাদিপশু এ সময় ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়। সে ক্ষেত্রে অসুস্থতার হাত থেকে বাঁচাতে চট দিয়ে তাদের গা মুড়িয়ে রাখা যেতে পারে। বোরো ধানের বীজতলা শীতে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেদিকেও আমাদের নজর রাখতে হবে।
হাসপাতালগুলোয় ঠান্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা শীতকালে বাড়তে থাকে। এ পর্যন্ত কাগজে–কলমে শৈত্যপ্রবাহ অধরা থাকলেও নিউমোনিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগের খবর আর হাসপাতালগুলোর অপ্রস্তুতির ছবি আসছে সংবাদমাধ্যমে। অনেক জায়গায় নির্দিষ্ট শয্যার বিপরীতে রোগীর সংখ্যা বেশি হওয়ায় বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকেই। রাজশাহী, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, বান্দরবান ইতিমধ্যে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে।
সবচেয়ে আশঙ্কার খবর আসছে বরিশাল থেকে। দেশের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যপ্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৩৫টি শিশু মারা গেছে (আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ১১ হাজার ৪৫৭)। গত বছর একই সময়ে ৭ হাজার ২৬৬টি শিশু আক্রান্ত হলেও মৃত্যু হয় মাত্র ২২ জনের। সে হিসাবে এক বছরে নিউমোনিয়ায় শিশু মৃত্যুহার বেড়েছে ছয় গুণ। এখন সেখানে প্রতিদিন গড়ে ৩৮১টি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে ৪৮টি শয্যার বিপরীতে এখন ভর্তি রয়েছে তিন শতাধিক শিশু। এক শয্যায় দুই থেকে তিনজন রোগী রাখতে হচ্ছে।
নিউমোনিয়ায় আক্রান্ত মুমূর্ষু শিশুদের সাধারণত পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) রেখে চিকিৎসা করা হয়। যেটিকে বলা হয় শিশুদের আইসিইউ। তবে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থাপন করা হয়নি অত্যাবশ্যকীয় ইউনিটটি। বাধ্য হয়ে চিকিৎসকেরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছেন। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে গিয়ে কখনো কখনো শিশুর মৃত্যুও হচ্ছে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের জন্য পাঁচ শয্যার আইসিইউ চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি চালাচালি চলছে। এ জন্য ইতিমধ্যে এক কক্ষের একটি অবকাঠামো তৈরি করা হচ্ছে, এখন শুধু ঢাকার ঢাকঢোলের অপেক্ষা।
আমরা জানি, দেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় এক লাখ শিশু মারা যায়। এর মধ্যে ২৪ হাজারের (২৪ শতাংশ) মৃত্যু হয় শুধু নিউমোনিয়ায়। সারা পৃথিবীতে এ হার ১৪ শতাংশ। শৈত্যপ্রবাহের আঁচ অনুমানে সময় নষ্ট না করে নিউমোনিয়ার মাসগুলোয় একটু বেশি সতর্ক হলে সহজেই পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার কমানো সম্ভব।
গওহার নঈম ওয়ারা লেখক–গবেষক
wahragawher@gmail.com