মতামত

ব্যাংক কোম্পানি আইন সংশোধন: বোর্ড পরিচালনার সংস্কৃতিতেও বদল দরকার

বাংলাদেশের ব্যাংক খাতের সংকটকে আমরা প্রায়ই খেলাপি ঋণ, মূলধনঘাটতি কিংবা তারল্যসংকট দিয়ে ব্যাখ্যা করি। কিন্তু এসব সমস্যার গভীরে রয়েছে আরও একটি বড় সংকট, সেটি হলো ব্যাংকের পরিচালনা ও সুশাসনের দুর্বলতা।

৩৭ বছর দেশে-বিদেশে ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটি ভালো ব্যাংক আর দুর্বল ব্যাংকের পার্থক্য শুধু মূলধন বা মুনাফায় নয়; বড় পার্থক্য তৈরি করে পরিচালনা পর্ষদ।

বোর্ড দায়িত্বশীল হলে ব্যবস্থাপনা জবাবদিহির মধ্যে থাকে। আর বোর্ড যখন পরিবার, রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কাছে জিম্মি হয়, তখন ব্যাংক আমানতকারীদের প্রতিষ্ঠান না থেকে মালিকের স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়।

এই বাস্তবতায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের নতুন খসড়াকে ইতিবাচকভাবে দেখছি। ২২ নভেম্বর সরকার সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে। পরিচালকদের মেয়াদ কমানো, পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ সীমিত করা এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্যাংকের নেতৃত্ব থেকে দূরে রাখার প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ। তবে শুধু আইন সংশোধনের পাশাপাশি পরিচালনা পর্ষদের সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে। তা না হলে ব্যাংক খাতের দীর্ঘদিনের অসংগতি দূর করা কঠিন হবে।

প্রথমত, পরিচালকদের টানা মেয়াদ সর্বোচ্চ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর এবং এরপর তিন বছরের বিরতি রাখার প্রস্তাবটি সময়োপযোগী। ২০১৮ সালে মেয়াদ ৬ বছর থেকে বাড়িয়ে ৯ বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়েছিল। এর ফলে একই ব্যক্তির দীর্ঘদিন বোর্ডে থাকার সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় একই ব্যক্তির হাতে নিয়ন্ত্রণ থাকলে স্বার্থের সংঘাত ও ব্যক্তিকেন্দ্রিক প্রভাব বাড়ে। ব্যাংক কারও পৈতৃক সম্পত্তি নয়। ৬ বছরে কার্যকর অবদান রাখতে না পারলে ১২ বছরেও তা সম্ভব হবে না।

দ্বিতীয়ত, একই পরিবারের সদস্যদের বোর্ডে থাকার সংখ্যা তিন থেকে কমিয়ে দুই এবং পরিবার-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচালক দুই থেকে একজন করার প্রস্তাব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাংক খাতে পরিবারকেন্দ্রিক মালিকানা বড় সমস্যা। অনেক ক্ষেত্রে ঋণগ্রহীতা ও ঋণ অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণকারীরা একই স্বার্থের বলয়ে অবস্থান করেছেন। ফলে ব্যাংকের ঝুঁকি বেড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন আমানতকারীরা। তবে শুধু সদস্যসংখ্যা কমালেই হবে না; আত্মীয়স্বজন, ব্যবসায়িক অংশীদার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণের সুযোগও বন্ধ করতে হবে।

তৃতীয়ত, স্বাধীন পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবটিও ইতিবাচক। ২০ সদস্যের বোর্ডে অন্তত ৪ জন এবং এর কম সদস্যের বোর্ডে অন্তত ৩ জন স্বাধীন পরিচালক রাখার কথা বলা হয়েছে। আগের তুলনায় এটি অগ্রগতি। কিন্তু ২০ সদস্যের বোর্ডে মাত্র ৪ জন স্বাধীন পরিচালক কতটা কার্যকরভাবে মালিকপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যায়। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক খসড়ায় সর্বোচ্চ ১৫ সদস্যের বোর্ড এবং অন্তত অর্ধেক স্বাধীন পরিচালক রাখার প্রস্তাব ছিল। চূড়ান্ত খসড়ায় সেখান থেকে সরে আসা হয়েছে।

আমার মতে, বোর্ডের অন্তত এক-তৃতীয়াংশ সদস্য স্বাধীন পরিচালক হওয়া উচিত। তাঁদের নিয়োগে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্যানেল থাকা প্রয়োজন। শুধু মালিকপক্ষের পছন্দের ব্যক্তিকে স্বাধীন পরিচালক নিয়োগ দিলে প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে না। অডিট, ঝুঁকি ব্যবস্থাপনা ও মনোনয়ন কমিটির নেতৃত্বেও তাঁদের অগ্রাধিকার দিতে হবে।

চতুর্থত, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংক পরিচালনার উদ্যোগটি গুরুত্বপূর্ণ। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব প্রশংসনীয়। ঋণ অনুমোদনে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় এলে ব্যাংকিংয়ের শৃঙ্খলা নষ্ট হয়। ঋণ তখন ব্যবসায়িক সিদ্ধান্ত না থেকে ব্যক্তিগত আনুকূল্যের বিষয়ে পরিণত হয়। তবে রাজনৈতিক পদধারীদের পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থের মাধ্যমে পরোক্ষ প্রভাব বিস্তারের পথও বন্ধ করতে হবে।

পঞ্চমত, ব্যাংকের পরিচালনা পর্ষদে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। ব্যাংক কোম্পানি আইনের নতুন খসড়ায় নারীদের জন্য নির্দিষ্ট কোটা নেই। তবে ২২ নভেম্বর প্রকাশিত পৃথক সরকারি নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ও সরকারি অংশীদারত্বের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বোর্ডে এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারী নিয়োগ বিবেচনার কথা বলা হয়েছে। বেসরকারি ব্যাংকেও যোগ্য নারী পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ানো উচিত। তাঁদের আর্থিক, আইনগত, প্রযুক্তিগত ও ঝুঁকি ব্যবস্থাপনায় বাস্তব দক্ষতা থাকতে হবে।

আইন পরিবর্তন করা সহজ; দীর্ঘদিনের স্বার্থের বলয় ভেঙে ব্যাংকের পরিচালনা সংস্কৃতি বদলানো কঠিন। কিন্তু সেই কঠিন কাজটিই এখন করতে হবে। কারণ, আইন বদলালেই ব্যাংক বদলাবে না, বোর্ড পরিচালনার সংস্কৃতিও বদলাতে হবে।

ষষ্ঠত, ফিট অ্যান্ড প্রপার বা উপযুক্ততা যাচাই আরও কার্যকর করতে হবে। ঋণখেলাপি, আর্থিক অপরাধে জড়িত ব্যক্তি কিংবা নিয়ন্ত্রক বিধি লঙ্ঘনকারীদের পরিচালক হওয়ার সুযোগ সীমিত করার পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও পেশাগত যোগ্যতা যাচাই জরুরি। শুধু কাগজপত্র দেখে পরিচালকের দক্ষতা বোঝা যায় না। ব্যাংকিং ঝুঁকি, সাইবার নিরাপত্তা, মানি লন্ডারিং, জলবায়ু ঝুঁকি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে পরিচালকদের নিয়মিত প্রশিক্ষণ থাকা উচিত। বছরে অন্তত দুই থেকে তিন দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা যেতে পারে।

ব্যাংক খাতের আর্থিক অবস্থাও আমাদের সতর্ক করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি ছিল ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা। জুনে এই ঘাটতি ছিল ২ লাখ ২২ হাজার ৩৫৮ কোটি টাকা। অন্যদিকে জুন শেষে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত বা সিআরএআর নেমে এসেছে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে। যেখানে ব্যাসেল-৩ কাঠামোয় ন্যূনতম মূলধন অনুপাত ১০ শতাংশ এবং মূলধন সংরক্ষণ বাফারসহ নিয়ন্ত্রক চাহিদা ১২ দশমিক ৫০ শতাংশ। এই পরিস্থিতি দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সুশাসনের ব্যর্থতারও প্রতিফলন।

এ কারণে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ শেয়ারধারণের সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব ইতিবাচক। তবে বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা, সুশাসনের অভিজ্ঞতা এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকার বিবেচনা করতে হবে। একই সঙ্গে পরিচালকের পদ ছাড়ার পরও তাঁর নেওয়া ঋণ পুনঃ তফসিলের সুযোগ ছাড়া আদায়ের প্রস্তাবটি কার্যকর রাখতে হবে।

সবশেষে, ব্যবস্থাপনার স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। পরিচালনা পর্ষদ নীতিগত সিদ্ধান্ত নেবে, কিন্তু দৈনন্দিন ব্যাংক পরিচালনায় ব্যবস্থাপনা পরিচালককে পেশাগত স্বাধীনতা দিতে হবে। মালিকের অনৈতিক নির্দেশ প্রত্যাখ্যান করলে চাকরি হারানোর ভয় থাকলে কোনো এমডির পক্ষেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এমডি নিয়োগের পাশাপাশি তাঁকে অপসারণের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের কার্যকর তদারকি প্রয়োজন। বোর্ড ভেঙে দেওয়া, নতুন বোর্ড গঠন এবং অনিয়মের জন্য শাস্তি দেওয়ার ক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংককে বাস্তবে প্রয়োগ করতে হবে।

একটি ব্যাংকের মালিকানা ব্যক্তিমালিকানায় থাকতে পারে, কিন্তু তার দায়বদ্ধতা শুধু মালিকের কাছে নয়। এর সঙ্গে জড়িয়ে আছে লাখো আমানতকারীর সঞ্চয়, উদ্যোক্তার বিনিয়োগ এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা। তাই ব্যাংক পরিচালনা বড় প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আইন সেই দায়িত্বের কাঠামো তৈরি করতে পারে, কিন্তু তা কার্যকর করতে প্রয়োজন স্বাধীন বোর্ড, পেশাদার ব্যবস্থাপনা এবং শক্তিশালী নিয়ন্ত্রক তদারকি।

আইন পরিবর্তন করা সহজ; দীর্ঘদিনের স্বার্থের বলয় ভেঙে ব্যাংকের পরিচালনা সংস্কৃতি বদলানো কঠিন। কিন্তু সেই কঠিন কাজটিই এখন করতে হবে। কারণ, আইন বদলালেই ব্যাংক বদলাবে না, বোর্ড পরিচালনার সংস্কৃতিও বদলাতে হবে।

  • মামুন রশীদ ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক

    মতামত লেখকের নিজস্ব