পাকিস্তানের রাজনৈতিক সংকট এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইমরান খানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটি আর শুধু তিনি আবার ক্ষমতায় ফিরবেন কি না, তার মধ্যে সীমাবদ্ধ নেই। আরও গুরুতর একটি প্রশ্ন সামনে এসেছে। তা হলো: কেউ কি চান, ইমরান খান রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন থাকুন, শারীরিকভাবে ঝুঁকির মধ্যে থাকুন এবং পাকিস্তানের রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যান?
দেশটির শীর্ষ বিচারকদের কাছে পাঠানো ইমরান খানের একটি খোলাচিঠি প্রকাশের পর এই উদ্বেগ নতুন করে আলোচনায় এসেছে। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থাও চেয়েছেন। তিনি বলেছেন, জীবিত ফিরে আসতে পারবেন কি না, তা নিয়েও তাঁর সংশয় রয়েছে। এতে রাজনৈতিক বিরোধ নতুন মাত্রা পেয়েছে।
এটি কেবল সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় ক্ষমতাকেন্দ্রের বিরোধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সংবিধানের সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা, কারাগারের পরিবেশ, রাজনৈতিক জবাবদিহি এবং হেফাজতে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেই কাউকে ক্ষতি করার পরিকল্পনা রয়েছে, এমন প্রমাণিত হয় না। মূল প্রশ্ন হলো, কর্তৃপক্ষ তাঁর নিরাপত্তার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে পারছে কি না, চিকিৎসার সুযোগ নিশ্চিত করছে কি না এবং স্বাধীনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখছে কি না।
পাকিস্তানের রাজনীতিতে নির্বাচিত নেতৃত্ব ও রাষ্ট্রীয় ক্ষমতাকেন্দ্রের বিরোধ নতুন নয়। অতীতে সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক জোট ভেঙেছে, বিরোধী আন্দোলন বাধার মুখে পড়েছে। দেশের রাজনীতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। কেউ মনে করেন, সংসদীয় প্রতিযোগিতার বাইরের শক্তি রাজনৈতিক ফলাফল নির্ধারণে প্রভাব রাখে। অন্যরা স্থিতিশীলতা, জাতীয় নিরাপত্তা ও শৃঙ্খলার যুক্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকার পক্ষে কথা বলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব বিস্তার আর কারাগারে একজন বন্দীর সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে—এ দুটি আলাদা বিষয়। রাজনৈতিক বিরোধ কখনো মৌলিক অধিকার উপেক্ষার কারণ হতে পারে না। জাতীয় স্থিতিশীলতার অজুহাতেও বিচারিক নজরদারি দুর্বল করা যায় না।
১৬ নভেম্বর তারিখের চিঠিতে ইমরান খান গুরুতর স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছেন। তাঁর দাবি, রক্তচাপ বিপজ্জনক মাত্রায় বেড়েছে। হৃদ্যন্ত্রের জটিলতা ও মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কাও রয়েছে। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে তিনি জানিয়েছেন। আইনজীবীদের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের কাছে যাওয়ার সুযোগ সীমিত থাকায় নিজের আইনি লড়াইও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি ও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন।
এর আগে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা এবং হাসপাতালে নেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিলেন বলে চিঠিতে দাবি করা হয়েছে। কিন্তু সেই নির্দেশ যথাযথভাবে কার্যকর হয়নি বলে অভিযোগ ইমরান খানের।
এসব অভিযোগ স্বাধীনভাবে চিকিৎসা পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন। কর্তৃপক্ষেরও স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। কোনো বন্দী জীবনসংকটের আশঙ্কার কথা জানালে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো প্রকৃত অবস্থা যাচাই করা, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং স্বাধীন চিকিৎসকের মূল্যায়ন নিশ্চিত করা। বন্দীর রাজনৈতিক পরিচয় এ ক্ষেত্রে বিবেচ্য হতে পারে না।
চিঠিতে দীর্ঘ সময় একাকী বন্দী রাখার অভিযোগও রয়েছে। ইমরান খানের দাবি, দিনের ২২ ঘণ্টা পর্যন্ত তাঁকে একাকী থাকতে হয়। পরিবারের সদস্য, আইনজীবী, বই ও টেলিভিশনের সুযোগও সীমিত। তাঁর অভিযোগ, যোগাযোগের ওপর এসব বিধিনিষেধ আইনি আত্মপক্ষ সমর্থনের ক্ষমতাও কমিয়ে দিয়েছে।
দীর্ঘ সময় একাকী বন্দী রাখা মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডেও এ ধরনের ব্যবস্থার ক্ষেত্রে কঠোর সুরক্ষা, স্বাধীন নজরদারি এবং সম্ভাব্য ক্ষতি বিবেচনার কথা বলা হয়েছে। অভিযোগ সত্য হলে জবাবদিহি নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষ তা অস্বীকার করলে রাজনৈতিক তর্কের বদলে স্বাধীন তদন্ত হওয়া উচিত। এই ঘটনায় বিচার বিভাগের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আদালতের নির্দেশ বাস্তবায়ন না হলে বিচারিক সিদ্ধান্তের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে। বিচার বিভাগের স্বাধীনতা শুধু রায়ের ভাষায় প্রকাশ পায় না; সেই রায় বাস্তবে কার্যকর হচ্ছে কি না, তার ওপরও তা নির্ভর করে।
সরকার বলেছে, ইমরান খানের চিকিৎসা পরীক্ষা হয়েছে। অন্যদিকে তাঁর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা ও হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হয়নি। দুই পক্ষের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। তাই তাঁর প্রকৃত শারীরিক অবস্থা, কী চিকিৎসা দেওয়া হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ কী এবং আদালতের নির্দেশ কতটা মানা হয়েছে—এসব বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন।
ইমরান খান এখনো পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি। তাঁর সমর্থকেরা মনে করেন, তাঁর প্রত্যাবর্তন রাজনৈতিক প্রতিযোগিতা ফিরিয়ে আনতে পারে। বিরোধীরা তাঁর রাজনৈতিক কৌশল ও ক্ষমতায় থাকার সময়কার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ফলে কারাগার–সংক্রান্ত প্রতিটি ঘটনাই ক্ষমতার লড়াইয়ের
সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।
ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হলে পাকিস্তানে আরও বড় রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। দেশটি এমনিতেই অর্থনৈতিক চাপ, রাজনৈতিক মেরুকরণ, প্রতিষ্ঠানগুলোর প্রতি অনাস্থা এবং গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্নের মুখে রয়েছে। তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, গণতান্ত্রিক দেশ এবং প্রবাসী পাকিস্তানিরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ ও নতুন রাজনৈতিক আন্দোলনও তৈরি হতে পারে।
ইমরান খান রাজনীতিতে না ফিরলে কারা লাভবান হবে—এ প্রশ্নও উঠেছে। শক্তিশালী বিরোধী নেতার অনুপস্থিতিতে কোনো কোনো রাজনৈতিক পক্ষ নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ পেতে পারে। আবার তাঁর প্রত্যাবর্তনে বিদ্যমান ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। তবে রাজনৈতিকভাবে লাভবান হওয়া আর তাঁকে শারীরিকভাবে ক্ষতি করার পরিকল্পনায় যুক্ত থাকা এক কথা নয়। এ বিষয়ে প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা যায় না। শেষ পর্যন্ত এই সংকট শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নয়। প্রশ্ন হলো, পাকিস্তানে বিরোধী নেতা কি নিরাপত্তার ভয় ছাড়াই রাজনীতি করতে পারবেন?
জিশান জাভেদ যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক
দ্য থিঙ্কট্যাংক জার্নাল থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত