মতামত

বীভৎস আগুন, মা–শিশুর লাশ হয়ে ফেরা এবং লা–জবাব রাজনীতি

কয়েক ঘণ্টা আগেও হয়তো ট্রেনের বগিটি ছিল গল্পে-কথায় সরগরম। ভোরের দিকে কেউ হয়তো চোখ বুজে জিরিয়ে নিচ্ছিলেন। আর এখন চারপাশে ধ্বংসের চিহ্ন নিয়ে থমকে আছে মোহনগঞ্জ এক্সপ্রেস
ছবি: প্রথম আলো

নেত্রকোনার বরুনা গ্রামের নাদিরা আক্তার। স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান কাজের ব্যস্ততায় ঢাকা ছাড়তে না পারায় তিনি দু্ই শিশু সন্তান ও ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বেড়াতে। মঙ্গলবার তাঁর ফিরে আসার কথা। সোমবার মধ্যরাতে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেসে ঢাকার উদ্দেশে রওনাও হন। কিন্তু দুর্বৃত্তের আগুন তাঁকে বাড়িতে ফিরতে দিল না।

ট্রেনটি ভোর পাঁচটায় তেজগাঁও স্টেশনে পৌঁছাতেই দেখা গেল, তাঁদের বগিটিসহ তিনটি বগি আগুনের লেলিহান শিখায় পুড়ছে। ভাই হাবিব এক ভাগ্নেকে নিয়ে কোনোভাবে অগ্নিদগ্ধ বগি থেকে বের হতে পারলেও নাদিরা আক্তার ও তাঁর তিন বছর বয়সী সন্তানটি বের হতে পারেনি। আগুনে পুড়েই তাঁদের মরতে হলো। শুধু নাদিরা ও তাঁর এক সন্তান নন, ওই আগুনে পুড়ে মারা গেছে আরও দুই জন। চার চারটি প্রাণ চলে গেল। অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ট্রেনের ভেতরে যেসব আসবাবপত্র ছিল, যাত্রীদের সঙ্গে যেসব মালামাল ছিল, সব পুড়ে মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। এমনকি ট্রেনের ছাদ ও দেয়ালও পুড়ছিল ফায়ার ব্রিগেডে এসে আগুন না নেভানো পর্যন্ত।

পুড়ে যাওয়া বগির যে ছবিগুলো সহকর্মী সাজিদ হোসেন ও শুভ্রকান্তি দাশ তুলেছেন, সেসবের দিকে তাকানো যায় না। পুড়ে যাওয়া শিশুর স্কুলব্যাগ, ওষুধ, স্যালাইনের প্যাকেট ও চিকিৎসকের হোমিও ওষুধের বাক্স। পাশে একটি পোড়া বই পড়ে আছে। কিন্তু বইয়ের মালিক কোথায় আছেন? তিনি কি নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন? তিনি কি সুস্থ আছেন? অগ্নিদগ্ধ বইয়ের মালিক কিংবা হোমিও ওষুধের বাক্স নিয়ে আসা চিকিৎসক কোথায় আছেন, জানি না।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নাদিরা আক্তার পপি (৩২) ও তাঁর তিন বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। পরিচয় জানা যায়নি।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে নাদিরা আক্তারের স্বামী মিজানুর রহমান বলেন,  ‘আমি চিৎকার করে কাঁদতে চাইছি। কিন্তু পারছি না। আমার ভেতরে কী চলছে, এটা বোঝাতে পারব না। আমার তো সবই শেষ হয়ে গেল। কী অপরাধে আমার সব শেষ হয়ে গেল জানি না। আমি কারও কাছে বিচার চাইব না। এখন একটাই চাওয়া, আমার স্ত্রী-সন্তানকে যেন আর কাটাছেঁড়া করা না হয়। শুধু অক্ষত লাশ ফেরত চাই।’

ঢাকার তেজগাঁও এলাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন মিজানুর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন পশ্চিম তেজতুরী বাজার এলাকায়। বড় ছেলে রিয়াদ হাসান ফাহিম স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তাঁর সঙ্গে প্রথম আলোর প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ‘রাতে মোহনগঞ্জ এক্সপ্রেসে ওঠার পর নাদিরার সঙ্গে কথা হয়েছিল। আজ ভোর পাঁচটার দিকে নাদিরার ভাই হাবিবুর ফোন করে আগুন লাগার খবর দেন। বাসা থেকে দ্রুত তেজগাঁও রেলস্টেশনে পৌঁছাই। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন চারটি লাশ নামায়,  দেখি আমার স্ত্রী-সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে।’

ট্রেনে আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন নুরুল হক আবদুল কাদের নামের এক ব্যক্তি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি যে বগিতে ছিলেন, সেই বগিতেই আগুনের সূত্রপাত হয় বলেন তিনি।

তেজগাঁও বিভাগ ও রেলওয়ে পুলিশের কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছে। অগ্নিসংযোগকারীরা হয়তো আগুন দিয়ে বিমানবন্দর স্টেশনেই নেমে গেছে। ওই এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ওই ট্রেনের সব যাত্রীর তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক দিদার আহম্মদ তেজগাঁও রেলস্টেশন পরিদর্শনে এসে বলেন, কারা আগুন দিয়েছে, সেটি উদ্‌ঘাটনে রেলওয়ে পুলিশ এরই মধ্য তদন্ত শুরু করেছে। পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে। শিগগিরই এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যারা হরতাল–অবরোধ ডেকেছে, তারাই এই কাজ করেছে।

সকাল আটটার দিকে তেজগাঁও স্টেশনে বকুল আক্তার নামের এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি মোহনগঞ্জ থেকে ট্রেনটিতে আসছিলেন। ছেলে খোকন মিয়াকে খুঁজে পাচ্ছেন না বলে জানান তিনি। বলেন, পুলিশ তাঁকে ঢাকা মেডিকেলে মরদেহ শনাক্তের জন্য নিয়ে যাবে।

কারা বাসে আগুন দিচ্ছে? কারা ট্রেনে আগুন দিয়েছে?  তাদের পরিচয় কি কখনো জানা যাবে? কয়েক দিন আগে বিএনপির অবরোধ কর্মসূচির দিন গাজীপুরে রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনায় একজন মারা যান। রাজনৈতিক কর্মসূচির নামে একের পর এক নাশকতা কেন ঘটবে?   বিএনপির নেতারা বলেছেন, তাদের কোনো কর্মী বাসে-ট্রাকে ট্রেনে আগুন দিচ্ছে না। অন্যদিকে সরকারি দলের নেতারা বলছেন, এসব বিএনপি জামায়াতের কাজ। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে পাল্টাপাল্টি দোষারোপ শুরু হয়ে গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন, ‘ভোররাতে যারা ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিল, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহলবিশেষের প্রশ্রয় ছাড়া এ ধরনের মানবতাবিরোধী কাজ সম্ভব নয়। তাঁর ভাষায় এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা। নাশকতাকারীরা মানবসভ্যতার শত্রুপক্ষ, তারা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়।’ তিনি আগুনের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন।

বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ মারাও মানববতাবিরোধী অপরাধ। প্রশ্ন হলো কারা এটা ঘটাচ্ছে?  গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করার অধিকার সবার আছে। এমনকি হরতাল–অবরোধের মতো কর্মসূচি পালন করেও রাজনৈতিক দলগুলো দাবি আদায় করতে চায়। বিএনপি সরকারের সাজানো নির্বাচন প্রত্যাখ্যানের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। সেটা তারা জানাতেই পারে। সরকারি দল জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সেটাও তাদের অধিকার।

রাজনীতিকেরা রাজনীতি করেন ক্ষমতায় যাওয়ার জন্য ও ক্ষমতায় থাকার জন্য। কিন্তু নিরীহ ও সাধারণ মানুষ কেন সেই রাজনীতির কারণে অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে? কী জবাব দেবেন আমাদের রাজনীতির হোমরাচোমড়ারা।

সরকার নির্বাচন করুক। বিরোধী দল আন্দোলন করুক। কিন্তু দেশকে ধ্বংস করবেন না। মানুষের জীবন বিপন্ন হতে পারে এমন কিছু করবেন না।

এর আগের ট্রেনের দুর্ঘটনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা কিন্তু দেশবাসী পাননি। তাহলে কি গাজীপুরের ঘটনায় তারা সরকারের অভিযোগই সত্য বলে মেনে নিচ্ছেন?

পুলিশ কর্মকর্তা তদন্তের আগেই বললেন, এটা আন্দোলনকারীদের কাজ। আবার বিএনপির নেতা বললেন, বিশেষ মহল এটি করেছে। এ বিষয়ে তাদের  তাতে তথ্যপ্রমাণ থাকলে দেশবাসীকে জানাক।  কিন্তু যে অপরাজনীতি সন্তান কোলে মাকে আগুনে পুড়িয়ে মারে, সেই রাজনীতি বন্ধ করতেই হবে।

  • সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি