
বিজয়ীর বেশে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাকে আমেরিকান রাজনৈতিক নাটকের বড় চমক বলা যেতে পারে। এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীকে ট্রাম্প চমকে দিয়েছেন এবং সবার নজর কেড়েছেন। এটিই ছিল তাঁর মূল চাওয়া। ট্রাম্প শিবিরে একে বলা হচ্ছিল ‘শক অ্যান্ড অ’। অর্থাৎ এটি এমন এক শক্তিশালী উদ্যোগ, যার মাধ্যমে তিনি বাইডেন আমলের নীতিগুলো মুছে ফেলতে চান। তাই প্রথম দিনেই তিনি একের পর এক নির্বাহী আদেশ জারি করে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের সমর্থকদের খুশি করার ব্যবস্থা করেছেন।
কারও কাছে তুলনাটি অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু মনে রাখা দরকার—যুক্তরাষ্ট্র শেষবার যখন ‘শক অ্যান্ড অ’ কৌশল ব্যবহার করেছিল, সেটি ছিল ২০০৩ সালের ইরাক আক্রমণ। তখনো আমেরিকার শক্তি দেখানোর অনেক দৃশ্য তৈরি হয়েছিল, কিন্তু তার শেষ পরিণতি ভালো হয়নি।
ট্রাম্পের প্রত্যাবর্তন হয়তো অভিষেক অনুষ্ঠানগুলোর পরিচিত কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে অনুষ্ঠানটি ঘরের ভেতরে হয়েছে। অনুষ্ঠানটি হয়েছে সেই ক্যাপিটল ভবনেই, যেখানে ২০২১ সালে ট্রাম্প তাঁর সমর্থকদের মিছিল নিয়ে ঢুকে তাণ্ডব চালাতে উসকানি দিয়েছিলেন। তবে সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিকতা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে। অনেকেই মনে করেছেন, ২০১৭ সালের ভাষণের (সে ভাষণকে জর্জ ডব্লিউ বুশ ‘আজব ব্যাপার’ বলে মন্তব্য করেছিলেন) তুলনায় ট্রাম্প এবার কিছুটা সংযত ছিলেন। তবে ট্রাম্প যে কোনোভাবেই প্রচলিত ধাঁচের বা ধারাবাহিকতার অনুসারী প্রেসিডেন্ট নন এবং এটি যে তাঁর স্বভাবেও নেই, তার অজস্র প্রমাণও তিনি রেখেছেন। তিনি যে একজন স্বার্থপর ও স্বৈরাচারী, তা তিনি প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন। তিনি যে এমন একজন চুক্তিবাজ ব্যক্তি, যাঁর অন্যদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তা তিনি বুঝিয়ে দিয়েছেন। সোমবারের পুরো আয়োজনে এই সত্য আবারও অনুভব করা গেছে।
অধ্যাপকেরা ও পাঠ্যপুস্তক সব সময়ই বলে এসেছে, যুক্তরাষ্ট্র এমন এক দেশ, যেখানে প্রেসিডেন্ট, কংগ্রেস ও আদালতের মধ্যে ক্ষমতার সুস্পষ্ট বিভাজনের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হয়। অনেক ক্ষেত্রেই এটি এখনো সত্য। তবে এই সপ্তাহেই দেখা গেছে, সেই আদর্শ এখন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি এবং ট্রাম্পের আমলে সে ভয়াবহতা আরও তীব্র হবে।
যুক্তরাষ্ট্র এখন ক্রমেই এমন একটি দেশে পরিণত হচ্ছে, যেখানে শাসনব্যবস্থা মূলত একটি ‘কোর্টের’ মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে সেই ‘কোর্ট’ কোনো আইনি ‘কোর্ট’ বা আদালত নয়। সেই ‘কোর্ট’ হলো ‘রাজদরবার’। এমনিতেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারকদের ওপর শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। এই বিচারকদের অনেককেই তিনি তাঁর প্রথম মেয়াদে নিয়োগ দিয়ে গিয়েছিলেন। এখন সেই নিয়ন্ত্রণ আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্প শুধু আদালতের মাধ্যমে শাসন করেন না; তিনি নিজেকে একপ্রকার রাজতন্ত্রের আদলে প্রেসিডেন্টের ব্যক্তিগত দরবারের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছেন।
গত শতাব্দীতে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট অর্থনীতি ও আন্তর্জাতিক বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতার বিস্তৃতি ঘটিয়েছিলেন। ভিয়েতনাম যুদ্ধের পর ইতিহাসবিদ আর্থার শ্লেসিঙ্গার এই প্রবণতাকে ‘সাম্রাজ্যবাদী প্রেসিডেন্টের উত্থান’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু ক্ষমতার প্রসার সেখানেই থেমে থাকেনি।
১৯৭০-এর দশকে সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেওয়া সাক্ষাৎকারে সে সময়কার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বলেছিলেন, যদি কোনো প্রেসিডেন্ট কোনো কাজ অনুমোদন করেন, তাহলে সেটি আর অবৈধ হতে পারে না। গত বছর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই ধারণাকে আরও দৃঢ় করে রায় দেন, প্রেসিডেন্ট তাঁর সরকারি কাজের জন্য সম্পূর্ণ দায়মুক্তি পাবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র এই রায় সম্পর্কে বলেছেন, এটি প্রেসিডেন্টকে ‘আইনের ঊর্ধ্বে থাকা একজন রাজার’ ক্ষমতা দিয়েছে। আর যখন একজন রাজা থাকেন, তখন তাঁর আশপাশে একটি রাজসভাও তৈরি হয়। যদি রাজা আইনের ঊর্ধ্বে থাকেন, তাহলে তাঁর আশপাশের লোকজনের কাছেও আইন গুরুত্বহীন হয়ে পড়ে।
রাজতন্ত্রে রাজার দরবার বা ‘কোর্ট’ বলতে একদল উপদেষ্টা, অনুগামী এবং ক্ষমতাশালী ব্যক্তিদের বোঝানো হয়। তাঁরা রাজাকে ঘিরে থাকেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব রাখেন। তাঁরা নিজেরা স্বাধীনভাবে কাজ করেন না; বরং রাজাকে কেন্দ্র করেই তাঁদের ক্ষমতা নির্ধারিত হয়। তাই যদি রাজা কোনো নীতি বা নিয়ম উপেক্ষা করেন, তাহলে তাঁর দরবারও সেটাকেই সমর্থন করে।
আধুনিক গণতন্ত্রে এই ধরনের ‘দরবারি শাসন’ থাকার কথা নয়, কারণ এখানে প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং আদালত ক্ষমতা ভাগ করে একে অপরের ভারসাম্য রক্ষা করে। কিন্তু যুক্তরাষ্ট্রে ট্রাম্পের শাসনামলে দেখা যাচ্ছে, তিনি নিজেকে ‘রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা’ হিসেবে প্রতিষ্ঠিত করছেন এবং তার চারপাশে এমন একটি শক্তিশালী ‘দরবারি দল’ তৈরি হয়েছে, যারা তাঁর সিদ্ধান্তকে প্রশ্ন না করে সমর্থন করছে। ইতিহাসে এমন উদাহরণ আছে। ব্রিটেনে ষোড়শ ও সপ্তদশ শতকে রাজদরবারই ছিল ক্ষমতার মূল কেন্দ্র। রাজাদের চারপাশে থাকা ব্যক্তিরাই রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন, প্রতিদ্বন্দ্বিতা করতেন, এমনকি তাঁদের স্বার্থে অনেককে ‘বলি’ দেওয়া হতো। যদিও অষ্টাদশ শতকে পার্লামেন্ট শক্তিশালী হতে শুরু করে, তবু রাজানুগ দলগুলো সংসদের ক্ষমতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেত।
আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতা জর্জ ওয়াশিংটন এই দরবারভিত্তিক রাজতন্ত্রের বিপক্ষেই বিদ্রোহ করেছিলেন। তবে ট্রাম্পের শাসনব্যবস্থা রাজতন্ত্রের দরবারের মতো হয়ে যাচ্ছে। এখানে ক্ষমতা কিছু নির্দিষ্ট ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। ট্রাম্প ও বাইডেনের ক্ষমার অধিকার ব্যবহারের বিষয়টিও রাজকীয় শাসনের মতো দেখাচ্ছে। যুক্তরাষ্ট্র এখনো গণতন্ত্রের দেশ হলেও, সংবিধানের মূল নীতিগুলোকে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। ট্রাম্প যদি জন্মগত নাগরিকত্ব বাতিল করতে চান, তাহলে ভবিষ্যতে আরও বহু নীতি বদলাতে পারেন।
মার্টিন কেটল দ্য গার্ডিয়ান–এর কলাম লেখক
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনুবাদ: সারফুদ্দিন আহমেদ