দুই দিন ধরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৈঠকে বসেছেন ইউরোপের নেতারা। আলোচনার অন্যতম প্রধান বিষয় আবারও ইউক্রেন যুদ্ধ এবং দেশটির প্রতি ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সহায়তা। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে আগামী বছর ব্রাসেলসের কাছ থেকে অতিরিক্ত ৪৫ বিলিয়ন ইউরো সহায়তা প্রয়োজন। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন নিয়েও ইউরোপের দেশগুলোর মধ্যে ততই প্রশ্ন ও সংশয় বাড়ছে।
একসময় যে সহায়তার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য ছিল, এখন সেখানে দেখা দিচ্ছে মতপার্থক্য ও রাজনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতিতে শীর্ষ সম্মেলনে ইউরোপের সমর্থন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর লক্ষ্য, যুদ্ধ অব্যাহত রাখার পাশাপাশি ইউক্রেনের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা যেন কোনোভাবেই কমে না যায়, তা নিশ্চিত করা।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু হয়। এর পর থেকে যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক পর্যায়ে নানা উদ্যোগ, আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু এত দিনেও যুদ্ধ বন্ধের কোনো কার্যকর পথ বের করা সম্ভব হয়নি; বরং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণহানি, অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। কবে এই যুদ্ধের অবসান হবে, তারও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
যুদ্ধের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক ও সামরিক সহায়তা দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষাকে ইউরোপ নিজেদের নিরাপত্তার প্রশ্ন হিসেবেও বিবেচনা করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সরঞ্জাম সরবরাহের চাপ এখন ইউরোপের দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। অর্থনৈতিক সংকট, বাজেটের ওপর বাড়তি চাপ এবং নিজ নিজ দেশের জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে ক্লান্তি ও অসন্তোষ—সব মিলিয়ে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার প্রশ্নটি ক্রমেই জটিল হয়ে উঠছে।
ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে এখন আর আগের মতো অভিন্ন অবস্থান দেখা যাচ্ছে না। কেউ ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, আবার কেউ অর্থের জোগান, সহায়তার পরিমাণ এবং যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে ভাবতে চাইছে। এই মতপার্থক্য ইউরোপীয় ঐক্যের জন্যও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ডাবলিনের শীর্ষ সম্মেলনে তাই শুধু ইউক্রেনের ভবিষ্যৎ নয়, যুদ্ধের প্রশ্নে ইউরোপ কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সাধারণত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভ্যন্তরীণ বিরোধ ও মতপার্থক্য আড়াল করে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে পছন্দ করে। কারণ, প্রকাশ্য বিরোধকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হয়। তাই অধিকাংশ সময় মতবিরোধের বিষয়গুলো প্রকাশ্যে আসে না। কিন্তু এবার আয়ারল্যান্ডের ডাবলিনে পরিস্থিতি ভিন্ন। ইউক্রেননীতি এবং দেশটির পাশে ইউরোপের দেশগুলো কতটা দৃঢ়ভাবে দাঁড়াবে, সেই প্রশ্ন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
আগামী বছর ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে ব্রাসেলসের কাছ থেকে অতিরিক্ত ৪৫ বিলিয়ন ইউরো প্রয়োজন হবে। তাত্ত্বিকভাবে প্রায় সব দেশই ইউক্রেনের পাশে থাকার কথা বলছে। কিন্তু অর্থ দেওয়ার প্রশ্ন এলেই সেই সংহতি দুর্বল হয়ে পড়ছে। হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশ অতিরিক্ত অর্থায়নে অংশ নিতে চায় না।
ইউরোপের দুই প্রভাবশালী রাজনৈতিক নেতা এবার প্রকাশ্যেই পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছেন। রুদ্ধদ্বার বৈঠকের পরিবর্তে তাঁরা সরাসরি ও প্রকাশ্যে নিজেদের অবস্থান তুলে ধরছেন, যাতে বিষয়টি সবার নজরে আসে। শীর্ষ সম্মেলনের আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে লেখা দুটি চিঠি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর একটি লিখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। চিঠিতে তিনি একটি সরল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: ইউক্রেনের শান্তি আলোচনায় ইইউর পক্ষ থেকে কারা আলোচনার টেবিলে বসবেন?
ইউরোপীয় ইউনিয়ন প্রথম থেকেই বলে আসছে, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের বাদ দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোনো সমঝোতা করতে পারেন না।
কিন্তু পুতিন যদি শান্তি আলোচনায় ইউরোপের উপস্থিতি মেনে নেন, তাহলে ইইউর পক্ষ থেকে কারা সেখানে প্রতিনিধিত্ব করবেন, সেই প্রশ্নের উত্তর এখনো দিতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। মেলোনি চান, আসন্ন শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হোক এবং একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হোক। এটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক প্রশ্ন। ইইউর ২৭টি সদস্যরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ, নেতৃত্বের আকাঙ্ক্ষা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এক নয়। ফলে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোও সহজ নয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে তাঁর দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও বিবেচনায় রাখতে হচ্ছে। ইতালিতে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়টি সবার কাছে জনপ্রিয় নয়। দেশটিতে শান্তির প্রত্যাশা ক্রমেই বাড়ছে। তাই শান্তি আলোচনার প্রতিনিধিদলে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তিনি, যাতে ইতালির ভোটারদের কাছে তাঁকে দুর্বল নেতা বলে মনে না হয়।
একই ধরনের অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনিও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে চিঠি লিখেছেন। ইউরোপে ইউক্রেনের অন্যতম প্রধান সমর্থক হিসেবে তিনি আলোচনায় নেতৃত্ব দিতে চান। মের্ৎস মনে করেন, শান্তি আলোচনায় তাঁর অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। ফ্রান্সও একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করছে। ঐতিহাসিক অভিজ্ঞতা ও ভৌগোলিক অবস্থানের কারণে পোল্যান্ডও আলোচনার টেবিলে নিজেদের উপস্থিতি অপরিহার্য মনে করে।
অন্যদিকে ইউরোপের ছোট দেশগুলো চায়, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব করুন, যাতে তাদের স্বার্থ ও বক্তব্য উপেক্ষিত না হয়। সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন প্রশ্ন আসে, শান্তি আলোচনায় ইউরোপের অভিন্ন অবস্থান কী হবে। সম্ভাব্য শান্তিচুক্তি কার্যকর ও নিরাপদ রাখতে কোন দেশ স্থলসেনা পাঠাতে প্রস্তুত? কিংবা কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশ নিতে কোন দেশ রাজি? এসব প্রশ্নে এখনো ইউরোপের কোনো অভিন্ন উত্তর নেই।
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ এই বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। ডাবলিনের শীর্ষ সম্মেলনে নেতাদের এসব মতপার্থক্য দূর করার চেষ্টা করতে হবে। এখন দেখার বিষয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের এই মতপার্থক্য আরও বাড়বে, নাকি কমবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের এই বহুমুখী অবস্থান ও মতপার্থক্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর কাছে এটি ইউরোপের দুর্বলতারই একটি ইঙ্গিত। তাই ডাবলিনের শীর্ষ সম্মেলন থেকে ইউরোপকে আরও স্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে এগোতে হবে।
এ তো গেল শান্তি আলোচনা শুরু হলে সেখানে কোন দেশের প্রতিনিধিত্ব থাকবে, সেই প্রশ্ন। এর সঙ্গে যুক্ত হয়েছে ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে ইইউর অভ্যন্তরীণ বিরোধ। গত চার বছরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জনগণের মধ্যে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে এতটা বিরূপ মনোভাব আগে দেখা যায়নি।
আগামী বছর ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে ব্রাসেলসের কাছ থেকে অতিরিক্ত ৪৫ বিলিয়ন ইউরো প্রয়োজন হবে। তাত্ত্বিকভাবে প্রায় সব দেশই ইউক্রেনের পাশে থাকার কথা বলছে। কিন্তু অর্থ দেওয়ার প্রশ্ন এলেই সেই সংহতি দুর্বল হয়ে পড়ছে। হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশ অতিরিক্ত অর্থায়নে অংশ নিতে চায় না।
এতে ক্ষুব্ধ হয়েছেন জার্মানির চ্যান্সেলর মের্ৎস। তাঁর আশঙ্কা, শেষ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার সিংহভাগ ব্যয় জার্মানিকেই বহন করতে হবে। এ কারণেই ডাবলিন সম্মেলনের আগে তিনি কঠোর ভাষায় একটি চিঠি লিখেছেন। সেখানে দাবি করেছেন, ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে ইইউর প্রতিটি সদস্যরাষ্ট্রকে ন্যায্য অংশের আর্থিক অবদান রাখতে হবে। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি ইইউর পরবর্তী বাজেট নিয়ে আলোচনা এগিয়ে নিতে চান না।
নিঃসন্দেহে এটি একটি কঠোর হুঁশিয়ারি। ইইউর সবচেয়ে বড় অর্থদাতা দেশ জার্মানি। মের্ৎসের এই অবস্থানের সমালোচনা করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো। জার্মানির আর্থিক অবদানের ওপর নির্ভরশীল একটি দেশের সরকারপ্রধান মের্ৎসের পদক্ষেপকে ‘চাঁদাবাজি’ বা রাজনৈতিক চাপ প্রয়োগের সঙ্গে তুলনা করেছেন।
এদিকে নিজ দেশ জার্মানিতে সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারগুলোর নির্বাচনে মের্ৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) এবং জোট সরকারের অপর শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে।
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ এই বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। ডাবলিনের শীর্ষ সম্মেলনে নেতাদের এসব মতপার্থক্য দূর করার চেষ্টা করতে হবে। এখন দেখার বিষয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের এই মতপার্থক্য আরও বাড়বে, নাকি কমবে।
সরাফ আহমেদ
প্রথম আলোর জার্মান প্রতিনিধি
Sharaf.ahmed@gmx.net