মানুষ সমষ্টিগতভাবে ও জন্মগতভাবে স্বাধীন। স্বাধীনতা মানবের মৌলিক অধিকার। মানুষ মনোজগতে সব সময় স্বাধীন। মানবতার মুক্তিদূত প্রিয় নবী হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘প্রত্যেক নবজাতক স্বভাবধর্মে জন্মে; তার পিতা–মাতা তাকে বিভিন্ন শৃঙ্খলায় আবদ্ধ করে।’ (মুসলিম ও তিরমিজি)
মানুষ আল্লাহ ছাড়া কারও গোলামি করবে না, করবে না কারও দাসত্ব। এক আল্লাহর প্রভুত্ব ছাড়া কারও প্রভুত্ব স্বীকার করবে না। এটাই স্রষ্টার প্রকৃতির বিধান। জগতের সব মানুষ একই পিতা–মাতার সন্তান। সব মানুষ ভাই ভাই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বর্ণবৈষম্য, ভাষাবৈষম্য এবং ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পার্থক্য মানুষে মানুষে কোনো প্রভেদ তৈরি করে না।
কোরআন করিমে আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তিই অধিক মর্যাদাসম্পন্ন, যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন।’ (সুরা-৪৯ হুজুরাত, আয়াত: ১৩)
বহু ত্যাগের বিনিময়ে অর্জিত মহামূল্য বিজয়কে সার্থক করার জন্য নাগরিক অধিকার সমুন্নত করা ও মানবাধিকার প্রতিষ্ঠা করার বিকল্প নেই। বিজয় পূর্ণতা পাবে জনতার মুখে সুখের হাসিতে
ইসলামের মূল বাণী পবিত্র কালেমায় ঘোষিত হয়েছে: ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ অর্থাৎ ‘এক আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নাই, হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার রাসুল’। এই ঘোষণার মাধ্যমে মানুষ সব প্রকার তাগুতি শক্তির গোলামি থেকে মুক্ত হয়ে যায় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মাদ (সা.)–কে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কালোর ওপর সাদার প্রাধান্য নেই, অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই।’ (আল বিদায়া ওয়ান নিহায়া)
স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা নীতিনৈতিকতা, মূল্যবোধ ও রীতিনীতি ও আইনকানুনের শৃঙ্খলে আবদ্ধ। স্বাধীনতা সব সময় অন্যের ন্যায্য অধিকারের সীমানায় সীমাবদ্ধ। স্বাধীনতা মানে সত্য প্রকাশের স্বাধীনতা, সত্য গ্রহণের স্বাধীনতা, সত্য প্রচারের স্বাধীনতা, সত্য সুন্দর ও ন্যায়ের পথে চলার স্বাধীনতা। স্বাধীনতা হলো সুন্দর, সুশীল, সুকুমারবৃত্তির চর্চার স্বাধীনতা। স্বাধীনতা মানে অসুন্দরকে বর্জন করার স্বাধীনতা, অসত্যকে অগ্রাহ্য করার স্বাধীনতা, অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা। স্বাধীনতা মানে বুদ্ধিবৃত্তিক যৌক্তিক মতপ্রকাশের স্বাধীনতা।
নবী রাসুল যুগে যুগে এই স্বাধীনতা ও মানবতার মুক্তির জন্য সংগ্রাম করেছেন। কখনো স্বাধীনতা অর্জন ও এর সুরক্ষার জন্য বাধ্য হয়ে যুদ্ধও করেছেন। বিজয়ের মাধ্যমেই স্বাধীনতা পূর্ণতা লাভ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বহু যুদ্ধ জয়ের মাধ্যমে মানবমুক্তি ও স্বাধীনতা নিশ্চিত করেছেন। স্বাধীনতা আল্লাহর দান, বিজয় আসে আল্লাহর মদদে।
খোদার হাবিব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন আল্লাহ তাআলা তাঁর উদ্দেশে বলেন, ‘আল্লাহর সাহায্য ও বিজয় যখন আসবে আর আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন আপনি আপনার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করুন; নিশ্চয় তিনি তওবা কবুলকারী।’ (সুরা-১১০ নাসর, আয়াত: ১-৩)।
বহু ত্যাগের বিনিময়ে অর্জিত মহামূল্য বিজয়কে সার্থক করার জন্য নাগরিক অধিকার সমুন্নত করা ও মানবাধিকার প্রতিষ্ঠা করার বিকল্প নেই। বিজয় পূর্ণতা পাবে জনতার মুখে সুখের হাসিতে। বিজয় কাঙ্ক্ষিত, বিজয় গৌরবের; কিন্তু বিজয় যদি হয় লক্ষ্যভ্রষ্ট আর বিজেতারা যদি হন নীতিভ্রষ্ট, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হীনস্বার্থ যদি পায় অগ্রাধিকার; তাহলে সে বিজয় প্রকৃত আনন্দ উপহার দেয় না। তা নির্মম পরিহাসে পরিণত হয়।
বিজয় আল্লাহর দয়ার দান। দান পেয়ে দাতার কৃতজ্ঞ হতে হয়। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন, ‘নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।’ (সুরা-৪৮ ফাৎহ, আয়াত: ১) ‘যদি তোমরা কৃতজ্ঞ হও অবশ্যই আমি তোমাদের প্রবৃদ্ধি দান করব; আর যদি তোমরা কুফরি করো, তবে নিশ্চয় আমার শাস্তি অতীব কঠোর।’ (সুরা-১৪ ইব্রাহিম, আয়াত: ৭)
বিজয়–পরবর্তী করণীয় সম্পর্কে কোরআন মজিদে আল্লাহ ঘোষণা করেন, ‘আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং সৎকাজের আদেশ করবে ও অসৎ কাজে নিষেধ করবে; আর সকল কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারে।’ (সুরা-২২ হজ, আয়াত: ৪১)
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম
smusmangonee@gmail.com