মতামত

৮০ শতাংশ আমেরিকানই কেন রক্ষণশীল?

মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে। ভাসমান এই মানুষদের বড় একটা অংশ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।
ছবি : রয়টার্স

এ বছরের গ্রীষ্মে গবেষণা সংস্থা গ্যালাপ তাদের জরিপে বেশ কিছু বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে। জরিপে দেখা যাচ্ছে, এক দশকের যেকোনো সময়ের তুলনায় আমেরিকানরা এখন সামাজিকভাবে আরও বেশি রক্ষণশীল হয়ে পড়েছেন। সামাজিক বিষয়ে ৮০ শতাংশের বেশি মানুষ বলেছেন, তাঁরা ‘রক্ষণশীল’ অথবা ‘অতিরক্ষণশীল’। এর বিপরীতে মাত্র ২৯ শতাংশ বলেছেন তাঁরা ‘উদারপন্থী’ অথবা ‘অতি উদারপন্থী’। অথচ এক বছর আগে, ৩৩ শতাংশ আমেরিকান জানিয়েছিলেন তাঁরা রক্ষণশীল, আর উদারপন্থী ছিলেন ৩০ শতাংশ।

এত বেশি আমেরিকানের হঠাৎ ডান পন্থার দিকে ঝুঁকে পড়ার কারণ কী?

যুক্তরাষ্ট্রে সামাজিক রক্ষণশীলতা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল ২০০৯ সালের বারাক ওবামার ক্ষমতা গ্রহণের বছরে। আর ২০২১ সালে সামাজিক রক্ষণশীলতা সর্বনিম্ন পর্যায়ে ছিল। সে বছর ট্রাম্পপন্থীদের ভয়াবহ বিদ্রোহ যুক্তরাষ্ট্র ও রিপাবলিকান পার্টির জন্য লজ্জা বয়ে নিয়ে এসেছিল।

কিন্তু এর পর থেকে সামাজিক রক্ষণশীলতা ধারাবাহিকভাবে বেড়েছে। রিপাবলিকানদের মধ্যেই সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ করা গেছে। ২০২১ সালের তুলনায় তাঁদের মধ্যে রক্ষণশীলতা বা অতিরক্ষণশীলতা বেড়েছে ১৪ পয়েন্ট। নিরপেক্ষদের মধ্যে ডান পন্থার দিকে ঝুঁকে পড়ার সংখ্যা ৫ শতাংশ বেড়েছে। আর ডেমোক্র্যাটদের মধ্যে এ সংখ্যা স্থিতিশীল রয়েছে।

রিপাবলিকানদের মধ্যে সামাজিক বিষয়ে রক্ষণশীলতা বাড়ার একটি কারণ হলো এখন তাঁরা সরকারে নেই। এ থেকে এটা প্রমাণ হয় যে সরকারের চেয়ে বিরোধী দলে থাকলে সমর্থকদের মধ্যে কোনো উদ্দেশ্যে তাড়িত হওয়ার ঘটনা বেশি ঘটে। যখন কেউ মনে করেন তাঁর অনুভূতিকে পাশ কাটানো হচ্ছে, তখন তাঁর বঞ্চিত হওয়ার বোধ তৈরি হয়।

দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, মূলধারার ডেমোক্র্যাটদের বেশির ভাগ যখন মনে করছেন, অপরাধ সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা, তখন উদারবাদী বুদ্ধিজীবী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকে সেটা অস্বীকার করছেন। নিজের চোখে সাধারণ মানুষ যা দেখছেন, সেটাকে অস্বীকার করা হলে, সেই মানুষগুলোকেই দূরে সরিয়ে দেওয়া হয়, যাঁরা ডেমোক্র্যাট দলের মূল্যবোধ ও আদর্শ ধারণ করেন।

বয়সের তারতাম্যের কারণেও পরিবর্তন লক্ষ করা গেছে। ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ছাড়া অন্য সব কটি বয়সভিত্তিক গ্রুপে কমবেশি রক্ষণশীলতার দিকে বেশি ঝুঁকে পড়ার ঘটনা দেখা গেছে। ডান পন্থার দিকে সবচেয়ে বেশি ঝুঁকে পড়তে দেখা গেছে ৩০-৪৯ বছর বয়সীদের মধ্যে। এরপরেই আছেন ৫০-৬৪ বছর বয়সীরা। যাঁদের বয়স ৩০ ও ৪০-এর কোটায়, তাঁরা বিয়ে-থা করে পারিবারিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। তাঁদের মধ্যে রক্ষণশীলতার দিকে ঝুঁকে পড়া স্বাভাবিক।

গ্যালাপের তথ্য থেকে জানা গেছে, ৫৬ শতাংশ আমেরিকান জানিয়েছেন তাঁদের এলাকায় আগের তুলনায় অপরাধ বেড়েছে। ১৯৭২ সাল থেকে এ ধরনের জরিপ করে আসছে সংস্থাটি। অপরাধ বেড়েছে, এটা মনে করা মানুষের সংখ্যা এ বছরই সর্বোচ্চ ছিল।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৮ শতাংশ মনে করেন, অপরাধ দেশব্যাপীই বেড়েছে। অপরাধ বেড়েছে এই ধারণা ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানদের মধ্যে অপেক্ষাকৃত বেশি। এরপরও ৪২ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন তাঁদের এলাকায় অপরাধ বেড়েছে।

ধারণা যে হুবহু বাস্তবতার প্রতিফলন ঘটায়, তা অবশ্য নয়। পরিসংখ্যান বলছে, কোভিড মহামারির সময় যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের সংখ্যা বেড়ে গিয়েছিল। কিন্তু সেই সংখ্যা ১৯৯০-এর দশকের চেয়ে কম। এটা সত্যি যে অপরাধ সংঘটনের পরিসংখ্যান ঠিকমতো নথিভুক্ত করা হয় না। এরপরও যতটুকু তথ্য পাওয়া যায়, তাতে এটা বলা যাবে না যে আধুনিক আমেরিকান সমাজ সহিংস অপরাধের চরম সীমায় পৌঁছে গেছে।

অনেক আমেরিকান যখন ভাবছেন যে অপরাধ বেড়ে গেছে, তখন তাঁরা কী কারণে ভাবছেন, তা বিবেচনায় আনা প্রয়োজন। আমার সন্দেহ, অপরাধ বেড়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে এই ধারণা তৈরি হওয়ার পেছনে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি এবং মাদকাসক্তি ও সমাজবিরোধী আচরণ বাড়ার মতো বিষয়গুলো যুক্ত।

মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে। ভাসমান এই মানুষদের বড় একটা অংশ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। নিউইয়র্ক শহরের রাস্তায় ও সাবওয়েতে ঘুমাতে হয়, এ রকম মানুষের সংখ্যা আগের তুলনায় ১৮ শতাংশ বেড়ে গেছে। এই প্রথম শহরটিতে গৃহহীন মানুষের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে। সান ফ্রান্সিসকো উপকূলীয় এলাকায় গৃহহীন মানুষ বেড়েছে ৩৫ শতাংশ। লস অ্যাঞ্জেলেসে ২০১৮ সালের তুলনায় গৃহহীন মানুষ বেড়েছে ৪০ শতাংশ।

পশ্চিম উপকূলের বড় শহরগুলো তাঁবু দিয়ে নির্মিত বসতিতে ভরে উঠেছে। সেগুলোতে গাং কর্মকাণ্ড, অবৈধ মাদকের রমরমা ব্যবহার, যৌন সহিংসতাসহ আরও অপরাধ সংঘটিত হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তারা সংখ্যায় অল্প হলেও এমন ধারণা তৈরি হচ্ছে যে গৃহহীন মানুষেরা যাঁরা রাস্তায় রাত কাটান, তাঁরা সামাজিক অস্থিরতা তৈরি করছেন। এর সঙ্গে বাড়াবাড়ি মাত্রার মাদক সেবন করার কারণে অনেকে অস্বাভাবিক আচরণ করছেন। এটিও সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তা বোধ তৈরি করছে।

এসব কিছু মিলে তাঁদের মনে ধারণা জন্ম নিচ্ছে যে অপরাধ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ডেমোক্র্যাট ও উদারপন্থীরা সাধারণ মানুষের এই উদ্বেগ আমলে নিচ্ছে না, এই ধারণা থেকেই তাঁরা ডান পন্থার দিকে এত বেশি ঝুঁকে পড়তে পারে।

দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, মূলধারার ডেমোক্র্যাটদের বেশির ভাগ যখন মনে করছেন, অপরাধ সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা, তখন উদারবাদী বুদ্ধিজীবী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকে সেটা অস্বীকার করছেন। নিজের চোখে সাধারণ মানুষ যা দেখছেন, সেটাকে অস্বীকার করা হলে, সেই মানুষগুলোকেই দূরে সরিয়ে দেওয়া হয়, যাঁরা ডেমোক্র্যাট দলের মূল্যবোধ ও আদর্শ ধারণ করেন।

  • জিল ফিলিপোভিক যুক্তরাষ্ট্রের লেখক ও আইনজীবী

দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিতভাবে অনূদিত