মতামত

ছাত্রলীগের ‘রক্তের দাম’ ও বিবেকতাড়িত শিক্ষক

অধ্যাপক তানজীমের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন। ৫ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

লেখার শুরুতেই এস এম এহসানউল্লাহ ওরফে ধ্রুবের সুস্থতা কামনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে শ্রেণিকক্ষে ফিরে আসুন, এটাই কায়মনে প্রার্থনা। কেননা আবেগের বশে একজন তরুণের শিক্ষাজীবন নষ্ট হবে, সেটা কাম্য নয়।

এস এম এহসানউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক। তাঁর বিষয়টি ছিল একান্ত ব্যক্তিগত। তাঁর ব্যাচের এক নারী শিক্ষার্থীর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তিনি সেই বন্ধুত্বকে প্রেমে নিয়ে যেতে চাইলে ওই শিক্ষার্থী রাজি হননি। এটাই ছিল তাঁর ক্ষোভ ও অভিমানের কারণ। এর সঙ্গে ওই বিভাগের শিক্ষক তানজীমউদ্দিন খানের কোনো রকম যোগসূত্র নেই। তিনি বিভাগে শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসেবেই পরিচিত। তাঁদের বিপদে–আপদে পাশে দাঁড়ান। সাধ্যমতো সহায়তা করেন। এটি রাজনৈতিক আন্দোলন–সংগ্রামের সময় যেমন দেখা গেছে, তেমনি প্রশাসনের স্বৈরতান্ত্রিক আচরণের বেলায়ও।

এহসানউল্লাহ স্বেচ্ছায় তাঁর কাছে গিয়ে অভিযোগ করেন, সহপাঠী মেয়েটি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ ক্ষেত্রে একজন দায়িত্বশীল শিক্ষক কী করতে পারেন। তিনি ওই শিক্ষার্থীকে বোঝাতে পারেন। তানজীমউদ্দিনও সেটি করেছেন।
তিনি এহসানউল্লাহর  কাছে জানতে চান, ওই শিক্ষার্থী ও তাঁর বন্ধুরা যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এর কোনো প্রমাণ আছে? সহপাঠীদের বিরুদ্ধে কিছু না জেনে বলা ঠিক নয়। এ পর্যায়ে ওই শিক্ষার্থী বলেন, ‘তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাই আমিও ষড়যন্ত্র করেছি।’

এর জবাবে শিক্ষক বলেন,  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজের সহপাঠীদের সম্পর্কে কী বলা যায় আর কী বলা যায় না, সেটি তার বোঝা উচিত। উত্তরে যখন এহসান কিছু বলতে চান, তখন তানজীমউদ্দিন তাঁকে থামিয়ে দিয়ে বলেন, একজনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার কারণে সেই ব্যক্তি সম্পর্কে কুৎসা রটনা করার অধিকার তাঁর (এহসান) নেই।

ক্লাসের পর ওই শিক্ষার্থী তানজীমউদ্দিনের কক্ষে গিয়ে ক্ষমা চান। তানজীমউদ্দিনও ওই শিক্ষার্থীকে ফুচকা খাইয়ে বিদায় করে দেন। শিক্ষক ও ছাত্রের মধ্যকার তর্কের বিষয়টি এখনেই শেষ হতে পারত। কিন্তু তা শেষ হয়নি। এহসান স্বেচ্ছায় হোক কিংবা অন্য কারও প্ররোচনায় হোক, ওই রাতে ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিতমূলক একটি পোস্ট দেন। পোস্টে তিনি অধ্যাপক তানজীমের বিরুদ্ধে তাঁর সঙ্গে অন্যায় করা ও অপমানজনক আচরণের অভিযোগ তোলেন।

এই স্ট্যাটাসের পর এহসান নিখোঁজ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারী একদল নেতা-কর্মী এই ‘অপমানের’ জন্য শিক্ষকের বিচার চেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে ঘণ্টা দু-এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান করেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের পুকুরপাড় থেকে অচেতন অবস্থায় এহসান উদ্ধার হন। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা এই ছাত্রলীগ নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সুস্থ আছেন। আমাদের সহকর্মী আসিফ হাওলাদার তাঁর সঙ্গে কথাও বলেছেন।
বৃহস্পতিবার রাতেই ছাত্রলীগের নেতা তানভীর হাসান ফেসবুকে লিখেছিলেন, ‘আমার ভাইয়ের কিছু হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগেরও রক্তের মূল্য আছে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্তের মূল্য আদায় হবে। জয় বাংলা।’

এই স্ট্যাটাসের অর্থ কি হত্যার বদলে হত্যা ও রক্তের বদলে রক্ত নেওয়া নয়? কোনো শিক্ষার্থী কি একজন শিক্ষককে ইঙ্গিত করে এ রকম কথা লিখতে পারেন? অবশ্য ছাত্রলীগের কাছে এসব কোনো ব্যাপারই নয়। সোমবারই প্রথম আলোর খবর: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মাহজাবিন হলের প্রাধ্যক্ষকে এই বলে শাসিয়েছেন, ‘যাকে যেখানে খুশি সিট দেব। আপনি কে? আমি হলের ছাত্রলীগের সভাপতি। হল আমার কথায় চলবে।’

সেদিক থেকে তানজীমউদ্দিনকে ভাগ্যবানই বলতে হবে। তাঁকে ছাত্রলীগের কোনো নেতা সরাসরি হুমকি দেননি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ভক্তের বদলে রক্ত নেওয়া হবে। ছাত্রলীগের বিক্ষোভ ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে গণতান্ত্রিক বাম ছাত্র জোট বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ তানজীমউদ্দিনের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন। এরপর ছাত্রলীগ আর ক্যাম্পাসে এ ঘটনা নিয়ে উচ্চবাচ্য করেনি। হয়তো তারা তাদের ভুল বুঝতে পেরেছে।

তানজীমউদ্দিন যা করেছেন, বিবেকের তাড়নায়ই করেছেন। কিন্তু তাঁর বিরোধিতা যাঁরা করছিলেন, তাঁরা কিসের তাড়নায় করেছেন, সেটাই প্রশ্ন। প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা নিয়েও।

কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম, যে বিভাগের শিক্ষককে নিয়ে এত কাণ্ড, সেই বিভাগের শিক্ষকেরাও একজোট হয়ে সহকর্মীর পাশে দাঁড়াতে পারেননি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপারসন লাইলুফার ইয়াসমিন রোববার বিভাগের সমন্বয় ও উন্নয়ন কমিটির বৈঠক ডাকেন। কিন্তু তানজীমউদ্দিন খান আপত্তি তুলে বলেন, এ বিষয়ে আলোচনার এখতিয়ার এই কমিটির নেই। সেই বৈঠকে মাত্র চার–পাঁচজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এরপর সোমবার একাডেমিক কমিটির বৈঠকে ১৮ জন শিক্ষক উপস্থিত ছিলেন। একজন শিক্ষক উপস্থিত থাকতে না পারলেও লিখিত বক্তব্য দিয়েছেন। তাঁরা সবাই তানজীমউদ্দিনের ওপর ঘটে যাওয়া ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। অন্যদিকে ছাত্রলীগ নেতা এহসানউল্লাহ যে ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তিনি বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

তানজীমউদ্দিন যা করেছেন, বিবেকের তাড়নায়ই করেছেন। কিন্তু তাঁর বিরোধিতা যাঁরা করছিলেন, তাঁরা কিসের তাড়নায় করেছেন, সেটাই প্রশ্ন। প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা নিয়েও।

● সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি

sohrabhassan55@gmail.com