
একই পদে চাকরির জন্য আবেদন করেছেন একজন নারী ও একজন পুরুষ। তাঁদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতাও সমান। বেতনের জন্য কত টাকা চাওয়া উচিত, তা জানতে দুজনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পরামর্শ চাইলেন। কিন্তু এআই তাঁদের একই পরামর্শ না দিয়ে নারীকে পুরুষের তুলনায় অনেক কম বেতন দাবি করতে বলল।
এটি কোনো কাল্পনিক ঘটনা নয়। ২০২৫ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, একই যোগ্যতার নারী ও পুরুষকে বেতন নিয়ে দর-কষাকষির ক্ষেত্রে এআই ভিন্ন পরামর্শ দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষায় ব্যবহৃত একাধিক এআই মডেল নারীদের ধারাবাহিকভাবে কম বেতন দাবি করতে বলেছে। অনেক ক্ষেত্রে এই ব্যবধান ছিল প্রায় ১০ শতাংশ।
এই উদাহরণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যে প্রযুক্তিকে আমরা নিরপেক্ষ, তথ্যনির্ভর ও দক্ষ বলে মনে করছি, সেটিই যদি নারীর প্রতি বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে দেয়, তাহলে কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার ভবিষ্যৎ কী হবে?
সম্প্রতি যুক্তরাজ্যের নারী অধিকারবিষয়ক সংগঠন ফসেট সোসাইটি প্রকাশিত ‘ক্যান উই অ্যাফোর্ড টু অটোমেট জেন্ডার ইনইকুয়ালিটি?’ শীর্ষক শ্বেতপত্রে এই উদ্বেগ উঠে এসেছে। এতে দেখানো হয়েছে, এআইভিত্তিক ব্যবস্থা কীভাবে নিয়োগ, বেতন ও পদোন্নতিতে বিদ্যমান লিঙ্গবৈষম্যকে আরও গভীর করতে পারে।
বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ এবং মানবিক পর্যালোচনার ব্যবস্থা থাকা প্রয়োজন। সরকারকে উচ্চ ঝুঁকির এআই ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা ও জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। নারীদের এআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোও জরুরি।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০৩০ সালের মধ্যে কিছু শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআইয়ের কারণে ৪০ শতাংশ পর্যন্ত নারী কর্মচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশ্লেষণেও দেখা গেছে, পুরুষপ্রধান পেশাগুলোর তুলনায় নারীপ্রধান পেশাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক বেশি পরিবর্তন ও ঝুঁকির মুখে রয়েছে।
সমস্যা শুধু কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কায় সীমাবদ্ধ নয়। এআই নিয়োগ ও পদোন্নতির সিদ্ধান্তেও নারীদের প্রতি বৈষম্য করতে পারে। এর একটি আলোচিত উদাহরণ অ্যামাজন। প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে একটি এআইভিত্তিক নিয়োগব্যবস্থা তৈরি করেছিল। অতীতের নিয়োগসংক্রান্ত তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত এই প্রযুক্তি পুরুষ প্রার্থীদের বেশি গুরুত্ব দিতে শেখে। নারীদের দরখাস্ত তুলনামূলকভাবে কম মূল্যায়িত হচ্ছিল। শেষ পর্যন্ত অ্যামাজন ব্যবস্থাটি বাতিল করে।
নারী-পুরুষের বৈষম্য নতুন নয়। স্বাস্থ্যসেবা, কর্মক্ষেত্র, শিক্ষাসহ সমাজের নানা ক্ষেত্রে নারীরা দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হয়ে আসছেন। ফসেট সোসাইটির শ্বেতপত্রের লেখক মরিয়ম ইয়াকুব যথার্থই বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শূন্য থেকে বৈষম্য তৈরি করে না। আমাদের প্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই যে পক্ষপাত রয়েছে, তা থেকেই শেখে এবং ব্যাপক পরিসরে তার পুনরাবৃত্তি ঘটায়। আমরা যদি এখনই ব্যবস্থা না নিই, তাহলে যেসব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ইতিমধ্যে নারীদের প্রতি বৈষম্য করছে, সেগুলোই কেবল স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত হবে।’
এআইয়ের পক্ষপাত মানুষের পক্ষপাতের চেয়ে আলাদা কেন? পার্থক্য মূলত তিনটি জায়গায়—ব্যাপকতা, গতি ও প্রাতিষ্ঠানিকীকরণ। একজন নিয়োগকর্তার পক্ষপাত হয়তো কয়েকজন নারীকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু পক্ষপাতদুষ্ট একটি এআই–ব্যবস্থা মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রার্থীর বিষয়ে বৈষম্যমূলক সিদ্ধান্ত দিতে পারে। একই ধরনের বৈষম্য বারবার ঘটতে পারে। সবচেয়ে উদ্বেগজনক হলো, প্রযুক্তিনির্ভর সিদ্ধান্তকে অনেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বলে ধরে নেন। ফলে বৈষম্য শনাক্ত করা এবং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশের জন্য এই উদ্বেগ বিশেষভাবে প্রাসঙ্গিক। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ১৪৫টি দেশের মধ্যে অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৪২তম। শিক্ষায় নারী-পুরুষের ব্যবধান ৯৬ দশমিক ১ শতাংশ দূর হলেও অর্থনৈতিক ক্ষেত্রে তা মাত্র ৪১ দশমিক ৯ শতাংশ। আইনপ্রণেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবস্থাপকদের মধ্যে নারীর অংশ মাত্র ৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ শিক্ষায় অগ্রগতি কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি।
এমন পরিস্থিতিতে অতীতের নিয়োগ, বেতন ও পদোন্নতির তথ্য ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দেওয়া হলে কী ঘটবে? যে প্রতিষ্ঠানগুলোয় নারীরা দীর্ঘদিন নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, সেসব প্রতিষ্ঠানের তথ্য থেকে এআই শিখতে পারে যে পুরুষেরাই নেতৃত্বের জন্য বেশি উপযুক্ত। ফলে পুরোনো বৈষম্য নতুন প্রযুক্তির মাধ্যমে আরও প্রকট হতে পারে।
এআই এখন আর ভবিষ্যতের কোনো কল্পনা নয়। রোগনির্ণয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ পর্যন্ত দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। মানবসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে এআইয়ের ব্যবহার যাঁরা করছেন, তাঁরা নিজেদের কাজ তুলে ধরেছিলেন; ছিল নানা আলোচনা। প্রযুক্তির সম্ভাবনা দেখে আশাবাদী হয়েছি। এটাও ভেবেছি, আমরা কি এসব প্রযুক্তির সম্ভাব্য বৈষম্যমূলক প্রভাব নিয়ে যথেষ্ট সচেতন? বৈষম্য যাতে না ঘটে, তা নিশ্চিতে কোন পদক্ষেপ নিচ্ছি?
বাংলাদেশে নারীরা নানা প্রতিবন্ধকতার কারণে কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষমতায়নে অনেক পিছিয়ে আছে। প্রযুক্তির কারণে সেই বৈষম্যকে বাড়ানোর সুযোগ দেওয়ার ফলাফল অত্যন্ত ভয়াবহ হতে পারে। তা ঘটতে দেওয়া যায় না। তাই যেকোনো প্রযুক্তি নকশার পরিকল্পনার পর্যায় থেকেই জেন্ডার সমতাকে বিবেচনা করা প্রয়োজন। নিয়োগ, বেতন ও পদোন্নতিতে ব্যবহৃত এআই চালুর আগে লিঙ্গভিত্তিক প্রভাব মূল্যায়ন এবং নিয়মিত নিরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। প্রশিক্ষণের তথ্য প্রতিনিধিত্বমূলক হওয়া দরকার। প্রযুক্তিবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।
পাশাপাশি কর্মীদের জানতে দিতে হবে, তাঁদের সম্পর্কে কোনো সিদ্ধান্তে এআই ব্যবহার করা হয়েছে কি না। বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ এবং মানবিক পর্যালোচনার ব্যবস্থা থাকা প্রয়োজন। সরকারকে উচ্চ ঝুঁকির এআই ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা ও জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। নারীদের এআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোও জরুরি।
লায়লা খন্দকার উন্নয়নকর্মী