মতামত

জাতীয় মিলমিশ কি জনতুষ্টিবাদকে পরাস্ত করতে পারে

‘বিদেশের মাটিতে ইউক্রেনের প্রতিবেশী চারটি ক্রেমলিনপন্থী ন্যাটো দেশের মধ্যে তিনটির সঙ্গেই বাইডেনকে দ্বন্দ্বে নামতে হতে পারে।’
‘বিদেশের মাটিতে ইউক্রেনের প্রতিবেশী চারটি ক্রেমলিনপন্থী ন্যাটো দেশের মধ্যে তিনটির সঙ্গেই বাইডেনকে দ্বন্দ্বে নামতে হতে পারে।’

স্লোভাকিয়ার নির্বাচনে রুশপন্থী জনতুষ্টিবাদী নেতা রবার্ট ফিকোর জয় দেখে মনে হচ্ছে, ভ্লাদিমির পুতিনের সাম্রাজ্যবাদ মোকাবিলায় গড়ে ওঠা পশ্চিমা নেতৃত্বাধীন জোটে আরেকটি ফাটল ধরতে পারে। অন্যদিকে ১৫ অক্টোবর অনুষ্ঠেয় পোলিশ নির্বাচনের আগে ইতিমধ্যে ইউক্রেন ও পোল্যান্ডের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।

পুতিনের নির্ভরযোগ্য মিত্র ভিক্তর ওরবানের শাসনাধীন হাঙ্গেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিরোধে জড়াতে হতে পারে। অচিরেই বাইডেনকে নিজ দেশে রাশিয়াপন্থী রিপাবলিকান শিবিরের সঙ্গে লড়তে হবে। আর বিদেশের মাটিতে ইউক্রেনের প্রতিবেশী চারটি ক্রেমলিনপন্থী ন্যাটো দেশের মধ্যে তিনটির সঙ্গেই বাইডেনকে দ্বন্দ্বে নামতে হতে পারে।

এখন জাতীয় মিলমিশ বা পুনর্মিলন প্রক্রিয়ার মাধ্যমে মিত্রদেশগুলোতে ত্রুটিপূর্ণ গণতন্ত্র সংশোধনে সহায়তা করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের উচিত হবে। একই সঙ্গে ত্রুটিপূর্ণ গণতন্ত্রে বিভিন্ন দলের ক্ষমতার ভাগাভাগি ও ভারসাম্য সৃষ্টিতেও সহায়তা করা উচিত হবে।

অধিকাংশ জনতুষ্টিবাদী শাসনব্যবস্থা তাদের দেশের সমাজের গভীর রাজনৈতিক মেরুকরণকে প্রতিফলিত করে। তুরস্কে রক্ষণশীল ও প্রগতিশীল; ভারতে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়; হাঙ্গেরিতে জাতিগত জাতীয়তাবাদী ও আন্তর্জাতিকতাবাদী এবং স্লোভাকিয়ায় পশ্চিমাপন্থী ও প্যান-স্লাভিকদের মধ্যে গভীর বিভেদ রয়েছে। সম্পর্কের এই ফাটলের কারণে ভোটাররা মনে করতে থাকে, তাদের স্বার্থ রক্ষার একমাত্র উপায় হলো অগণতান্ত্রিক উপায়ে নিজেদের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেওয়া।

হাঙ্গেরি ক্রমাগত ইউক্রেনের প্রতি শত্রুসুলভ আচরণ করে গেলেও স্লোভাকিয়া এখন পর্যন্ত তার পূর্ব দিকের প্রতিবেশী ইউক্রেনকে সোভিয়েত আমলের যুদ্ধবিমান ও প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে সহায়তা করে যাচ্ছে। তবে স্লোভাকিয়ায় রবার্ট ফিকোর দল ক্ষমতায় আসায় এখন তার সরকার ইউক্রেনবিরোধী পথে হাঁটতে পারে। পোল্যান্ড শুরুতে ইউক্রেনকে সমর্থন দিলেও পরে যেমন ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, অস্ত্র সরবরাহও বন্ধ করেছে। স্লোভাকিয়াও সেই ধরনের পদক্ষেপ নিতে পারে।

পোল্যান্ডের মতো স্লোভাকিয়াও ইউক্রেন প্রশ্নে উল্টো অবস্থানে গেলে তা দুঃখজনক হবে, কিন্তু তা মোটেও হতবাক করার মতো ঘটনা হবে না।

লক্ষণীয় বিষয় হলো পোল্যান্ডের ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির (পিআইএস) মতো কর্তৃত্ববাদী জাতীয়তাবাদী আন্দোলনগুলো তাদের তাৎক্ষণিক রাজনৈতিক স্বার্থসিদ্ধির আন্তর্জাতিক বাধ্যবাধকতাকেও পদদলিত করতে পিছপা হয় না। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্য হওয়া প্রশ্নে তুরস্ক ও হাঙ্গেরির ভেটো দেওয়া তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পোল্যান্ড ইউক্রেনের লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তাদের সোভিয়েত আমলের অস্ত্র-সরঞ্জাম দিয়ে তারা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল। পোল্যান্ডের বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহারের সুবিধা এখনো ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি পোল্যান্ড বলেছে, তারা ইউক্রেনকে আর অস্ত্রসহায়তা দিতে পারবে না। এটি ইউক্রেনের জন্য বড় দুঃসংবাদ। ইউক্রেনের সমর্থক হিসেবে যুক্তরাষ্ট্রের জন্যও এটি উদ্বেগের বিষয়।

অধিকাংশ জনতুষ্টিবাদী শাসনব্যবস্থা তাদের দেশের সমাজের গভীর রাজনৈতিক মেরুকরণকে প্রতিফলিত করে। তুরস্কে রক্ষণশীল ও প্রগতিশীল; ভারতে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়; হাঙ্গেরিতে জাতিগত জাতীয়তাবাদী ও আন্তর্জাতিকতাবাদী এবং স্লোভাকিয়ায় পশ্চিমাপন্থী ও প্যান-স্লাভিকদের মধ্যে গভীর বিভেদ রয়েছে। সম্পর্কের এই ফাটলের কারণে ভোটাররা মনে করতে থাকে, তাদের স্বার্থ রক্ষার একমাত্র উপায় হলো অগণতান্ত্রিক উপায়ে নিজেদের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দেওয়া।

পোল্যান্ডে এই বিভেদরেখা অতি স্পষ্ট। সেখানে জনতুষ্টিবাদী সরকারের আট বছরে ভোটাররা গভীরভাবে বিভক্ত হয়েছেন। ডানপন্থী ও প্রগতিশীল দলগুলো ভোটারদের প্রায় সমানভাবে বিভক্ত করেছে। এই বিভক্তি শেষ পর্যন্ত কর্তৃত্ববাদী শাসকদেরই শক্তিশালী করছে।

এ অবস্থায় জাতীয় সংহতি বা মিলমিশের পরিবেশ আনা সবচেয়ে জরুরি। সেই পরিবেশ আনতে গেলে শিক্ষা, সংস্কৃতি ও জনজীবনে চর্চিত ধর্মের ভূমিকার মতো ক্ষেত্রেও অনেক আপস করতে হয়।

সেই দিকটি মাথায় রেখে যুক্তরাষ্ট্রের উচিত মিত্রদেশগুলোর রাজনৈতিক স্থিতিশীলতাকে সমর্থন করা; সেসব দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া। এই উদ্যোগগুলো বিদেশে ইতিবাচক ফল আনলে তা দেশেও (যুক্তরাষ্ট্রে) সফলতা আনতে পারে।

ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট

  • মাসিজ কিসিলোভস্কি ভিয়েনার সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির আইন ও কৌশল বিষয়ের শিক্ষক

  • আনা ওয়াজসিউক ওয়ারশ ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক