
আরেকটি সাধারণ নির্বাচন হওয়ার আগে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস মাত্র দুই বছর কয়েক মাসের কার্যকাল পাচ্ছেন। এই সংক্ষিপ্ত সময়টুকু গদিতে টিকে থাকার জন্য তাঁকে নীতিগত চ্যালেঞ্জের একটি দীর্ঘ তালিকা মোকাবিলা করতে হবে। তাঁকে গভীরভাবে বিভক্ত হয়ে পড়া নিজ দলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং আরও বেশি জনসাধারণের মন জয় করতে হবে।
৮০ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার আড়াই বছর পরে পূর্বসূরি বরিস জনসনকে যেহেতু ক্ষমতাচ্যুত হতে হয়েছে, সেহেতু তাঁর উত্তরসূরি হিসেবে ট্রাসের পক্ষে সফলভাবে কাজ করাটা সহজ হবে না।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে মধ্যরক্ষণশীল ঘরানার কনজারভেটিভ পার্টি ব্যক্তি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কর কমানো ও অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করার যে ক্ল্যাসিক রীতি অনুসরণ করে থাকে, তা প্রয়োগ করার প্রতিশ্রুতি দিয়ে লিজ ট্রাস তাঁর দলের ১ লাখ ৮০ হাজার সদস্যের সামনে নিজেকে ‘আধুনিক মার্গারেট থ্যাচার’ হিসেবে উপস্থাপন করেছেন।
কিন্তু যেহেতু যুক্তরাজ্যের জনগণ আরও নানা ধরনের তাৎক্ষণিক সমস্যার মুখে আছে, তাই তিনি এই প্রতিশ্রুতিগুলো পালন করবেন কি না বা তা করতে পারবেন কি না বা করা উচিত হবে কি না, তা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অনেক রাজনৈতিক ভাষ্যকার বলছেন, ট্রাসের কর্মক্ষমতা এবং রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত স্বল্পমেয়াদি কার্যক্রমের ভিত্তিতে বিচার করা হবে। তাঁরা বলছেন, কোনো প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর জনগণ তাঁর ‘প্রথম ১০০ দিন’-কে সাধারণত ক্ষমাসুন্দর চোখে দেখে। কিন্তু ট্রাসকে সেই ‘প্রথম ১০০ দিন’-এর ছাড় পাওয়ার কথা ভুলে যেতে হবে এবং তাঁকে ভাবতে হবে কীভাবে তিনি প্রথম মাসের মধ্যেই নিজের কাজের সাফল্য চিহ্ন আঁকতে পারেন।
ট্রাস ২০১০ সাল থেকে বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক রেকর্ডের গুরুত্বপূর্ণ দিক হলো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার তাঁর অসামান্য অভিযোজন-সক্ষমতা। ইউরোপ থেকে যুক্তরাজ্যের বিচ্ছিন্ন হওয়া অর্থাৎ ব্রেক্সিট প্রচারণার সময় তিনি প্রবলভাবে ব্রেক্সিটবিরোধী ছিলেন। কিন্তু ব্রেক্সিট হয়ে যাওয়ার পর তিনি পক্ষ পরিবর্তন করেন এবং দৃঢ়ভাবে ব্রেক্সিটপন্থী দুটি মন্ত্রিসভায় (প্রথমে থেরেসা মে এবং পরে বরিস জনসনের মন্ত্রিসভায়) নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হন।
ট্রাস যদি ভোটারদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে চান, তাহলে অবশ্যই তাঁকে উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে যেসব অঞ্চলে উৎপাদনশীলতা ধারাবাহিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে, সেসব অঞ্চলে উৎপাদন বাড়াতে হবে। এটি করতে পারলে তিনি থ্যাচার বা টনি ব্লেয়ারের চেয়েও বেশি দিন প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন।
টোরি দলের নেতৃত্ব নেওয়ার প্রচারে তিনি আবারও তাঁর অভিযোজন-যোগ্যতা প্রমাণ করেছেন। বর্তমানে ব্রিটেনের মানুষ জ্বালানি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে যে সংকটে পড়েছে, তা তিনি কীভাবে সামলাবেন?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই সংকট মোকাবিলা করতে গিয়ে তিনি জনগণকে আপৎকালীন খরচা বাবদ থোক অর্থ দেওয়ার ধারণা সমর্থন করেন না।
ভোটের আগে তাঁর শেষ সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে তিনি একটি সুনির্দিষ্ট নীতি প্রতিক্রিয়া দেবেন। গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি জ্বালানি ও বিদ্যুতের মূল্যকে ‘ফ্রিজ’ করে দেবেন। অর্থাৎ, বিদ্যুৎ-জ্বালানির দাম যেখানে আছে, সেখান থেকে আর তিনি বাড়তে দেবেন না, মূল্য স্থির করে দেবেন। কিন্তু এই নীতিতে তিনি যদি অটল থাকেন, তাহলে রাজকোষ থেকে বাড়তি ১১ হাজার ৫০০ কোটি ডলার খরচ হবে।
যদি ট্রাস তাঁর পূর্ব ঘোষণায় অনড় থাকেন এবং সে অনুযায়ী এখনো জাতীয় বিমাকর কমাতে চান, বরিস জনসনের করপোরেট ট্যাক্স বাড়ানোর পরিকল্পনাকে বাতিল করতে চান এবং প্রতিরক্ষা ব্যয়কে জিডিপির ৩ শতাংশে উন্নীত করতে চান, তাহলে বলা যায় তাঁর জ্বালানি ও বিদ্যুতের দাম না বাড়ানোর পরিকল্পনা দেশকে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে ফেলে দিতে পারে। তবে শুরুটা ভালোভাবে করতে চাইলে হয়তো রাজনৈতিকভাবে এটিই সম্ভবত ঠিক কাজ হবে।
চূড়ান্ত নির্বাচনী প্রচারণার সময় এক সাক্ষাৎকারে লিজ ট্রাসের কাছে সুদের হার এবং ব্যাংক অব ইংল্যান্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সে সময় তিনি সুদহার নির্ধারণের বিষয়ে নমনীয়তাও প্রদর্শন করেছিলেন।
কিন্তু যদি ট্রাস চান আরও বড় পরিসরের নির্বাচকমণ্ডলী তাঁকে ২০২৪ সালের শেষের দিকে (বা তার আগে) অনুষ্ঠেয় পুনর্নির্বাচনের একজন যোগ্য নেতা হিসেবে দেখুক, তাহলে তাঁকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেয়েও বেশি কিছু করতে হবে।
তাঁকে যৌক্তিক বিশ্লেষণ দ্বারা সমর্থিত নীতি অনুসরণ করতে হবে এবং তার জন্য তাঁকে প্রায় নিশ্চিতভাবেই কর কমানো এবং নিয়ন্ত্রণমুক্তকরণের প্রচারণা থেকে সরে আসতে হবে।
ট্রাস যদি ভোটারদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে চান, তাহলে অবশ্যই তাঁকে উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে যেসব অঞ্চলে উৎপাদনশীলতা ধারাবাহিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে, সেসব অঞ্চলে উৎপাদন বাড়াতে হবে। এটি করতে পারলে তিনি থ্যাচার বা টনি ব্লেয়ারের চেয়েও বেশি দিন প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
জিম ও’নিল যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী। বর্তমানে স্বাস্থ্য ও টেকসই উন্নয়নসংক্রান্ত সংস্থা প্যান-ইউরোপিয়ান কমিশন অন হেলথ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সদস্য