
সজাগ অবস্থায় প্রত্যেক মানুষের মস্তিষ্ক ঘণ্টায় দুই হাজারটির মতো সিদ্ধান্ত নিতে পারে। এর বেশির ভাগই মামুলি এবং স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া সিদ্ধান্ত। কিছু মানুষ ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আর কিছু মানুষ থাকেন, যাঁরা ধারাবাহিকভাবে খারাপ সিদ্ধান্ত নিয়ে থাকেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একজন রাজনীতিবিদে পরিণত হয়েছেন, যিনি অব্যাহতভাবে বাজে সিদ্ধান্ত নিয়ে চলেছেন। বিশেষ করে পুতিনের সিদ্ধান্তগুলো স্বল্প ও দীর্ঘ মেয়াদে রাশিয়ার জনগণের বিরুদ্ধে যাচ্ছে। পুতিন কেন এত বাজে সিদ্ধান্ত নেন, সেটা খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করা জরুরি।
খারাপ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ বড় ভূমিকা পালন করে। এ আবেগের মধ্যে রাগ, হতাশা, নিরাশা যেমন আছে, আনন্দ ও উত্তেজনাও আছে। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পুতিন রাগ ও হতাশাকে পাশ কাটাতে পারেন না। এর ফলাফলই তাঁর বাজে সিদ্ধান্ত। রেগে গিয়ে প্রতিক্রিয়া জানানো কারও শক্তি নয়, সেটা একেবারে তাঁর দুর্বলতার লক্ষণ।
কোনো ব্যক্তি যখন অনেক ধরনের তথ্যের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েন, তাঁর পক্ষে ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এ ছাড়া সিদ্ধান্ত গ্রহণকারী যখন কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় পড়েন কিংবা তাঁকে যাঁরা তথ্য দেন, সবাই যখন একই ধরনের চিন্তার মানুষ হন, তখনো বাজে সিদ্ধান্ত গ্রহণ করাটাই স্বাভাবিক। অকেজো যেকোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি বাস্তবায়নে প্রচুর তোড়জোড় ও কর্মকাণ্ডের দেখা মিললেও শেষ পর্যন্ত এর ফলাফল যৎসামান্য।
পুতিনের একের পর এক ভুল সিদ্ধান্ত নতুন এক ইউক্রেনের জন্ম দিচ্ছে। বিশ্বের পরাশক্তি হিসেবে বিবেচিত একটি রাষ্ট্রের সামনে দেশটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুতিনের অব্যাহত ব্যর্থতা রাশিয়ার পরাশক্তির মর্যাদা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এখন রাশিয়া একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। সেখানে সামরিক কিংবা গণ-অভ্যুত্থান হতে পারে।
গত শনিবার রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কার্চ সেতুতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এর প্রতিক্রিয়ায় পুতিন নির্বিচার ইউক্রেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোগুলোয় বোমা হামলা চালানোর অনুমোদন দেন। পুতিনের কাছে এই হামলা তাঁর শক্তিমত্তার বহিঃপ্রকাশ বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে এটা তার আরও একটা বাজে সিদ্ধান্ত। এখানে রাশিয়ার দুর্বলতা পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে। পুতিন তাঁর ক্ষোভ থেকে এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কৌশলগতভাবে চিন্তা করতে ব্যর্থ হয়েছেন।
এই ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ইউক্রেনের বেসামরিক নাগরিকেরা নিহত হচ্ছেন। এতে ইউক্রেনের ভূখণ্ড রুশ ফেডারেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেওয়ার পুতিনের যে আকাঙ্ক্ষা, তাতে ইউক্রেনের জনগণের মন গলবে না। বরং রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার যে দাবি উঠেছে, তার জোরালো সমর্থক হয়ে উঠবেন তাঁরা। এ হামলায় ইউক্রেনের প্রতি বৈশ্বিক সংহতি আরও জোরালো হবে।
রাশিয়া-ইউক্রেন সংঘাত থেকে চোখ সরিয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুতিনের চূড়ান্ত রকমের ব্যর্থতার মূল্যায়ন করাটা জরুরি। এ ক্ষেত্রে ক্রিমিয়ার কার্চ সেতু একটা গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে। ক্রিমিয়ার এই সেতু আন্তর্জাতিক আইনে স্বীকৃত কোনো সেতু নয়। ক্রিমিয়াকে অবৈধভাবে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করে নেওয়ার পর পুতিন অবৈধভাবে এ সেতু নির্মাণ করেছেন। শনিবারের হামলার পর পুতিন এটিকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এমন একটি সেতুতে সেদিন হামলা হয়েছে, যার কোনো অস্তিত্ব আন্তর্জাতিক আইনে নেই।
কার্চ সেতুটিকে বিবেচনায় নিলে এ পর্যন্ত তিনটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। প্রথমত, পুতিন এমন একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন, যেটা অত্যন্ত ব্যয়বহুল। আর সে কারণেই এ সেতু ইউক্রেনের সেনাবাহিনী এবং যেকোনো সন্ত্রাসী সংগঠনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
দ্বিতীয়ত, সেতুর প্রতিরক্ষা কৌশল কী হবে, তা প্রণয়নে ব্যর্থ হয়েছেন পুতিন। এ ধরনের কৌশল থাকলে শনিবারের হামলা ঠেকাতে পারত রাশিয়া। একটা বিষয় বিবেচনা করা জরুরি যে বিস্ফোরণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং পুতিনের নীতির ব্যর্থতা থেকে তা ঘটেছে।
তৃতীয় ভুলটা হলো সেতুটিতে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় নিতান্তই ক্ষোভের বশবর্তী হয়ে পুতিন ইউক্রেনজুড়ে নির্বিচার হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এ ধরনের হামলা যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও জলবায়ুবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে।
আমার বিবেচনায় তিনটি কারণে এ ধরনের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার অনুমোদন পুতিনের দেওয়া ঠিক হয়নি। প্রথমত, এ ধরনের হামলা ক্রিমিয়া সেতু যে প্রতীকী ও কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ, সে বিষয় সামনে চলে এসেছে। সেতুটি এখন হামলার এক নম্বর লক্ষ্যবস্তু হবে। পুতিনকে এখন তাঁর সম্পদ ও সময় সেতুটির প্রতিরক্ষার পেছনে ব্যয় করতে হবে। পুতিনের জন্য এখন করণীয় হচ্ছে, কার্চ সেতুটি দ্রুততার সঙ্গে মেরামত করা এবং এমন একটা মনোভাব দেখানো যে সেতুতে যে বিস্ফোরণ ঘটেছে, সেটি মামুলি একটা বিস্ফোরণ। পুতিনের কোনো ভুল সিদ্ধান্তের কারণে সেতুটিতে যদি আবার হামলা হয়, তাহলে সেটা হবে রাশিয়ার জন্য বড় ধরনের কৌশলগত ব্যর্থতা।
দ্বিতীয়ত, ইউক্রেনের ভূখণ্ড নিজেদের অধিভুক্ত করে নেওয়ার যে উদ্দেশ্য পুতিনের রয়েছে, এ ধরনের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা, তাতে কোনো সহায়তা করবে না। এ ধরনের হামলা বরং মূল উদ্দেশ্য থেকে পুতিনকে অন্যদিকে সরিয়ে নেবে।
তৃতীয়ত, এ ধরনের উদ্দেশ্যবিহীন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার সেনাবাহিনীর জন্য দুষ্প্রাপ্য হয়ে ওঠা সামরিক রসদের বৃথা অপচয়। সম্মুখসারির সামরিক কর্মকাণ্ডের জন্যই এ ধরনের সম্পদ মজুত রাখা জরুরি। পুতিনের এ ধরনের অকেজো সিদ্ধান্তের যে বাজে ফলাফল, তা ভোগ করেই রাশিয়ার জনগণকে তাঁদের দেশে বাস করতে হবে। কিন্তু সেখানকার অনেক মানুষ এখন ভাবতে শুরু করেছেন রাশিয়াতে তাঁদের কোনো ভবিষ্যৎ নেই। ফলে তাঁরা দেশ ছেড়ে পালাচ্ছেন।
পুতিনের একের পর এক ভুল সিদ্ধান্ত নতুন এক ইউক্রেনের জন্ম দিচ্ছে। বিশ্বের পরাশক্তি হিসেবে বিবেচিত একটি রাষ্ট্রের সামনে দেশটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুতিনের অব্যাহত ব্যর্থতা রাশিয়ার পরাশক্তির মর্যাদা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এখন রাশিয়া একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। সেখানে সামরিক কিংবা গণ-অভ্যুত্থান হতে পারে। ক্ষমতার পালাবদল হতে পারে। একটা বিষয় এখন নিশ্চিত যে পুতিনের বিশেষ সামরিক অভিযান নেতিবাচক প্রভাবসহ ব্যর্থ হতে চলেছে।
জন আর ব্রাইসন ইংল্যান্ডের বার্মিংহাম বিজনেস স্কুলের এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি বিষয়ে অধ্যাপক
এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ মনোজ দে