নৌকার প্রার্থী ও ইভিএম

এই ব্যক্তি প্রার্থী থাকেন কীভাবে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে একই পদে সরকারদলীয় মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তা নির্বাচনী ব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা ও অপমান হিসেবেই বিবেচিত হবে। তা-ও একবার নয়, দুবার। এই দুঃসাহস তিনি কোথায় পেলেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুল হক চৌধুরীর বক্তব্যে শোনা যায়, তিনি ইভিএমকে যথেচ্ছভাবে ব্যবহার করে কীভাবে বিজয় ছিনিয়ে আনা যায়, কীভাবে একজনের ভোট অন্য কেউ দিয়ে দিতে পারেন, তার কৌশল বাতলে দিয়েছেন কর্মী সমর্থকদের। প্রথমবার তাঁর দেওয়া বক্তব্য ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হয়। এরপরও তাঁকে নিবৃত্ত করার উদ্যোগ কোনো পক্ষ থেকে নেওয়া হয়নি। নীরবতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়।

দ্বিতীয়বারের বক্তব্যে মুজিবুল হক চৌধুরী সোজাসাপ্টা বলেছেন, ‘আমরা বললে সুষ্ঠু, আমরা না বললে অসুষ্ঠু...তোমার আঙুল, িটপ দেব আমি।’ সরকার সুষ্ঠু ভোট হওয়ার লিখিত অঙ্গীকার দেয়নি বলেও মন্তব্য করেছেন এই প্রার্থী। এর মাধ্যমে তিনি সরকারকেও আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। নিকট অতীতে নির্বাচনে যত অনিয়ম ও জালিয়াতি হয়েছে, তাতে সরকারের অনুমোদন আছে বলেও ইঙ্গিত দিয়েছেন। ভোটকেন্দ্রে যে-ই হাজির হোন না কেন, তাঁর ভোট নৌকা প্রার্থীর পক্ষে যাবে। অদ্ভুত যুক্তি। তাহলে ভোটারের ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজন কী? নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে পছন্দসই প্রার্থীকে জয়ী ঘোষণা করলেই হলো!

এত দিন বিরোধী দল সরকারের বিরুদ্ধে ইভিএম দিয়ে ভোট কারচুপির যে অভিযোগ করে আসছিল, সেটাই সত্যায়িত করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হলে এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবে ধরে নেওয়া যেত। কিন্তু মুজিবুল হক চৌধুরী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকধারী প্রার্থী। ফলে তিনি ইভিএম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার দায় আওয়ামী লীগকেও নিতে হবে।

আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, মুজিবুল হক চৌধুরীর বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ নেতৃত্বের কোনো স্তর থেকে কোনো প্রতিবাদ বা প্রতিক্রিয়া নেই। অন্যদিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তদন্ত হচ্ছে বলে যে কালক্ষেপণ করেছেন, তা-ও গ্রহণযোগ্য নয়। যঁার মুখ থেকে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট কারচুপি করার খোলাখুলি ঘোষণা এসেছে, নির্বাচন কমিশন তাঁর কৈফিয়ত চেয়েছে কি না, চাইলেও তিনি কী জবাব দিয়েছেন, সে সম্পর্কে দেশবাসী কিছুই জানে না।

ঝিনাইদহ পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মিছিল ও সমাবেশে হামলার দায়ে নির্বাচন কমিশন সেখানকার নৌকার প্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে। আমরা মনে করি, তাদের এ সিদ্ধান্ত সঠিক। কিন্তু বাঁশখালীর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ভোট কারচুপির কাজে ইভিএম ব্যবহার করার ঘোষণা দিয়ে আরও গুরুতর অপরাধ করেছেন। তিনি কেবল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি, নির্বাচনী ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই, যে ব্যক্তি ইভিএম ব্যবহার করে ভোট কারচুপির স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তিনি প্রার্থী থাকেন কী করে?