চি ঠি প ত্র

নতুন ব্যাংকনতুন কিছু বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা চলছে। সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারের পক্ষে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার যেহেতু দলীয়, সে ক্ষেত্রে এই সিদ্ধান্তও যে রাজনৈতিক বিবেচনার অন্তরালে একটি দলীয় বিবেচনার সিদ্ধান্ত, তা সবাই বোঝেন। অর্থমন্ত্রী রাখঢাক না করে বিষয়টি খোলাসা করেছেন, এ ক্ষেত্রে এটা একটা ইতিবাচক দিক। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এখন ৪৭টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এ দেশের অর্থনীতির ব্যাপ্তি, আমদানি-রপ্তানি, বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহসহ সর্বপ্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের আকার বিবেচনায় এই সংখ্যক ব্যাংক বেশি বলেই ইতিমধ্যে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।বাস্তবতা হচ্ছে, বেসরকারি ব্যাংকগুলোর বেশির ভাগই রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত। যখন যে দল ক্ষমতায় এসেছে, সে দল যে কয়টি ব্যবসার ধরনকে দলীয়করণ করার চেষ্টা করেছে, তার মধ্যে ব্যাংক, বিমা ও মিডিয়া (বিশেষ করে টিভি ও রেডিও) অন্যতম। অর্থনীতি ও সামাজিক বিকাশ নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ারগুলোই এখন রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত। রাজনৈতিক দলের স্বার্থ আর দেশের স্বার্থ আমাদের দেশের বাস্তবতায় অভিন্ন নয়।গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় সরকার প্রতিষ্ঠার পর দল বা জোট সরকার গঠন-প্রক্রিয়ায় মন্ত্রিসভা, সংসদীয় কমিটি, প্রশাসনিক পদে দলের নেতা, কর্মী ও মতাদর্শীদের বসাবেন, এটা আমাদের গৃহীত সংস্কৃতিরই একটি অংশ। সরকারি ব্যাংকগুলোতে পরিচালক পদে দলের নেতা-কর্মীদের বসানো হয়। আর তাঁদের অনেকেই দলীয় বিবেচনায় ঋণ প্রদানসহ এমন সব কাজের অনুমোদন দিতে চাপ প্রয়োগ করেন, যা সার্বিক বিবেচনায় ব্যাংকের জন্য সব সময় সঠিক হয় না। পত্রপত্রিকায় এমন রিপোর্ট আমরা দেখেছি। রিপোর্টের বাইরের ঘটনাও রয়েছে অনেক। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তথাকথিত রাজনৈতিক বিবেচনা দেশের স্বার্থ কতটা সংরক্ষণ করল?বেসরকারি ব্যাংক, বিমা, মিডিয়াগুলো রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেওয়ায় রাজনীতিতে ব্যবসায়ীদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অন্যদিকে রাজনীতিবিদদের কেউ কেউ যাঁরা ব্যবসায়ী ছিলেন না, তাঁরাও ব্যবসায়ীর খাতায় নাম লেখাচ্ছেন আর সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ ও সংস্কৃতিকে যোগ্যতা ও অভিজ্ঞতার বিবেচনায় ভিন্ন এক চারিত্র্যিক রূপ দিচ্ছেন। রাজনীতি ও ব্যবসার যুগপৎ স্খলন হচ্ছে।কিছুদিন আগে আইএমএফ বাণিজ্যিক ব্যাংকগুলোকে শেয়ারবাজারে অধিক এক্সপোজার না দেওয়ার পরামর্শ দেয় বলে জানা গেছে। সে সময় (২০১০ সালের শেষ দিকে) এর প্রতিক্রিয়ায় শেয়ারবাজারে ব্যাপক দরপতনও লক্ষ করা গেছে। সরকার, অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক সেই সুপারিশ বহুলাংশে গ্রহণ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। যদিও শেয়ারবাজার নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে যে অন্তরায়গুলো এখনো সরকার দূর করতে পারেনি, তার পেছনেও রয়েছে অনেকের মতে রাজনৈতিক কারণ। সরকার তার পক্ষে গেলে সবার মতামত-উপদেশ গ্রহণ করেন আর বিপক্ষে গেলে নিজের দলের লোককেও শায়েস্তা করেন। এখন আইএমএফের মতামত সরকার কি গ্রহণ করবে?রাজনৈতিক বিবেচনা থাকতেই পারে। অনেক দেশেই তা আছে। আমেরিকায়ও যে দল ক্ষমতায় যায়, সে দল প্রশাসন, এমনকি গোয়েন্দা সংস্থায়ও দলীয় অনুগত লোক বসায়। পার্থক্য এই যে সেখানে দলীয় বিবেচনায় বসানো ব্যক্তিরা যোগ্য হন। আমাদের এখানে কেবল দলীয় বিবেচনাটাই সার।কথা উঠেছে যে সরকার রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেবে। কিন্তু সেই বিবেচনারও তো গাইডলাইন থাকতে হবে। অন্যথায় দলীয় লোকেরাও নাখোশ থাকবেন। কাকে রেখে কাকে দেবেন? সেই সঙ্গে দলীয় নয়, এমন লোকেরও তো অনুমোদন পাওয়ার সুযোগ থাকতে হবে। না হলে দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার খর্ব করা হবে। আর তার জন্য প্রয়োজন সঠিক নীতিমালা। নীতিমালা থাকলে সরকার অন্তত দলীয় যোগ্য লোক খুঁজে না পেলে দলীয় নয় (হয়তো অন্য দলীয়ও নয়) এমন কাউকে লাইসেন্স দিতে পারবেন। নিদেনপক্ষে লাইসেন্স প্রদান করা থেকে বিরত থাকতে পারবেন, যদি নির্দলীয় কাউকেও তা দিতে না চান। দেশ অযোগ্য, দলীয় রাজনীতিবিদ-কাম-ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাবে।শাকিল মনজুরযুগ্ম সাংগঠনিক সম্পাদকবাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন।Shakil_monzur@yahoo.comবাংলাদেশ নিষিদ্ধ!আমরা দুই বন্ধু ভারতে গিয়েছিলাম গত আগস্ট মাসে। সে সময় আমরা বেছে নিয়েছিলাম বিশ্বের নানা দেশের পর্যটকের মিলনমেলা লাদাখ। হিমালয়ের দীর্ঘ, ক্লেশকর, ঝুঁকিপূর্ণ, দুর্গম পথ পেরিয়ে নানা দেশের নানা ভাষার শত শত পর্যটক এসেছিলেন। লাদাখ হলো ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের অন্তর্গত একটি অঞ্চল, যা হিমালয়ের ১২ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। লাদাখের পর্যটকপ্রিয় স্থানগুলো হলো: শতাব্দীপ্রাচীন কয়টি বৌদ্ধমন্দির, প্যালেস ও লে থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী সোমোরিরি লেক, ১৫০ কিলোমিটার দূরবর্তী প্যাংগাংলেক ও ২৫০ কিলোমিটার দূরবর্তী পার্বত্য মরুভূমি নুব্রাভেলি। নুব্রাভেলি যেতে অতিক্রম করতে হয় পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মোটরপথ খারদুং লা (লা অর্থ পাস)। তবে এই এলাকাগুলোতে যেতে বিদেশি নাগরিকদের বিশেষ অনুমতিপত্র নিতে হয়, যা ইস্যু করে থাকেন লের ডিস্ট্রিক্ট কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সরকার অনুমোদিত কোনো ভ্রমণ সংস্থার মাধ্যমে তা সংগ্রহ করতে হয়। চারজন পর্যটক মিলে একটি অনুমতিপত্র দেওয়া হয়। আমরা দায়িত্ব দিলাম লে-এর অতিপরিচিত ভ্রমণ ব্যবস্থাপত্র সংস্থা ‘ইন্দাস ভেলি ট্রাভেল এজেন্সি’কে। সার্ভিস চার্জ দিতে হলো প্রতি পাসপোর্টের জন্য ১৫০ টাকা। চারজন মিলিয়ে নিতে আমাদের যুক্ত করা হলো একজন ইতালীয় ও একজন ইসরায়েলি নাগরিকের সঙ্গে। একটি সরকারি ছাপানো দীর্ঘ ফরমও পূরণ করে পাসপোর্টসহ আমাদের তা জমা দিতে হলো। কিন্তু ডেপুটি কমিশনার অফিস আমাদের অনুমতিপত্র দিল না। ইন্দাস ভ্যালির প্রধান আন্তরিকতার সঙ্গে দুঃখ প্রকাশ করে আমাদের কাছ থেকে নেওয়া সার্ভিস চার্জ পুরোটাই ফেরত দিলেন। তিনি জানালেন, লাদাখের এই তিব্বতীয় অংশে চীন, পাকিস্তানসহ মোট আটটি দেশের নাগরিকদের যেতে দেওয়া হয় না। তার মধ্যে যে বাংলাদেশের নামও আছে, এটি তাঁদের কখনো জানা ছিল না। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম, ২০১০ সালে বাংলাদেশ হাইকোর্টের একজন বিচারপতি লে-তে গিয়েছিলেন। তিনি নাকি নিজেই লে-তে গিয়ে ডিসি সাহেবের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তার পর তাঁকেও এই অনুমতিপত্র দেওয়া হয়নি। চীন-পাকিস্তানের সঙ্গে ভূখণ্ড নিয়ে ভারতের কয়েকবার যুদ্ধ হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের হিমালয় নিয়ে কোনো দ্বন্দ্ব-বিরোধ নেই। তাহলে সুদূর লাদাখে ভারত বাংলাদেশকে কেন তার শত্রুরাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে?আনিস উল হকআইনজীবী সমিতি, নীলফামারীauhaq@yahoo.comসুন্দর ঢাকার প্রত্যাশাআমাদের এই ঢাকা শহরে অহরহ একটি চিত্র দেখতে পাই—পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে নানাভাবে ব্যবহার করা। তার মধ্যে একশ্রেণীর মানুষের সংসারের পসরা সাজিয়ে বসবাস করার দৃশ্যও চোখে পড়ে। রাজধানীর যত্রতত্র দেখা যায় এ চিত্র। যেন দেখার কেউ নেই। এই অসহায় মানুষগুলো এখানে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে—এটা বড় কথা নয়। কথা হলো, এদের মধ্যেও আছে কর্মক্ষম মানুষ। এরা কাটাচ্ছে অলস সময়। বেঁচে থাকার জন্য এরাই একসময় জড়িয়ে পড়ে অপরাধমূলক বিভিন্ন কাজের সঙ্গে, যা নগরের আইনশৃঙ্খলার অবনতির জন্য অনেকাংশে দায়ী। পুনর্বাসন ও সুযোগ দিলে এরাও ভূমিকা রাখতে পারে এ দেশের অর্থনীতিতে। এভাবে মানুষের ফুটপাতে অবস্থান আমাদের দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে বিদেশিদের কাছে। পৃথিবীর অন্য কোনো দেশের রাজধানীতে এ চিত্র হয়তো কল্পনাও করা যাবে না। ফার্মগেট, কলাবাগান, নিউমার্কেট, সুন্দরবন হোটেলের সামনে পান্থকুঞ্জ, কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের অপর পাশে পেট্রোবাংলা ভবনের নিচে প্রতিনিয়ত এ দৃশ্য দেখা যায়। সোনারগাঁও-সুন্দরবন-লা ভিঞ্চি হোটেল থেকে বিদেশি অতিথিরা যখন রাস্তায় বেরিয়ে দেখেন এ দৃশ্য, তখন আমাদের প্রতি তাঁদের কী মনোভাব হতে পারে? সরকারের প্রতি প্রত্যাশা, এসব ছিন্নমূল মানুষকেও যেন সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও সেবা কর্মসূচির আওতাভুক্ত করা হয়। দিনবদলের হাওয়া যেন দোলা দেয় এ মানুষগুলোর জীবনেও।খোলা আকাশের নিচে বসবাস করা এসব অসহায় মানুষকে পুনর্বাসন করে সরকার একটি সুন্দর রাজধানী উপহার দেবে আশা রাখি।কাজী রুমী কবিরপূর্ব রাজাবাজার, ঢাকা।