গ্রিন রোডের ফুটপাতফার্মগেট থেকে গ্রিন রোড হয়ে পান্থপথ মোড়ে যাওয়ার ফুটপাতটি সম্পূর্ণ বেদখল হয়ে আছে। আইবিএ ছাত্রাবাসসংলগ্ন এই রাস্তায় সব সময় রিকশা ও গাড়ির জট লেগেই থাকে। তাই হেঁটে পথচলাই ভালো। কিন্তু হেঁটে পথ চলতে চাইলেও বেদখল হওয়া ফুটপাতে তা খুবই কঠিন। ফুটপাতের ওপর পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন ধরনের দোকান। খাবারের দোকান, রিকশা মেরামতের দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকানসহ অন্যান্য দোকানে ভরা এই ফুটপাত। দোকানগুলোকে অস্থায়ী বলা যায় না। একেবারে খুঁটি গেড়ে ও বেড়ায় ঘিরে যেন স্থায়ী অবস্থান নিয়েছে তারা। কর্তৃপক্ষ কত দিন যে ফুটপাতটির দিকে তাকায়নি, তা অনুমান করা কঠিন। ফুটপাতটি যেন ইজারা নিয়েছে তারা, অবস্থা দেখে এমন ধারণাও হতে পারে অনেকের। তাই কর্তৃপক্ষকে অনুরোধ, পথচারীদের সুবিধার কথা ভেবে গ্রিন রোডের ফুটপাতকে দখলমুক্ত করতে ব্যবস্থা করা হোক।মো. নূর আলম, শিক্ষার্থীসরকারি তিতুমীর কলেজ nur.alam_22@yahoo.comস্টেনোটাইপিস্টসচিবালয় ছাড়া বাংলাদেশের বিভিন্ন সংস্থায় কর্মরত স্টেনোটাইপিস্টদের আজীবন পদোন্নতির কোনো সুযোগ নেই। তাঁদের মাথার ওপর ছাদ নেই, সন্তানদের দেহে প্রয়োজনীয় পুষ্টি নেই, কর্মে উদ্যম নেই। সামাজিক মর্যাদায়ও তাঁদের যথাযথ কোনো স্থান নেই। সবকিছুতেই যেন নেই আর নেই। আজীবন পদোন্নতিবঞ্চিত স্টেনোটাইপিস্ট নামের অভিশপ্ত পদবিধারী ব্যক্তিদের দৈনন্দিন অসহনীয় পরিস্থিতি, স্বপ্নভঙ্গের বেদনা, প্রাণ ওষ্ঠাগত স্বর ক্ষমতার প্রাণকেন্দ্রে প্রতিধ্বনিত হয় না। ২৪ বছর আগে যখন চাকরিতে প্রবেশ করি, তখন তাদের নাম ছিল স্টেনোটাইপিস্ট। পরে বিয়ে করেছি, সন্তানের বাবা হয়েছি। আমার ছেলে কলেজে পড়ে। এখনো পদের নাম স্টেনোটাইপিস্ট। কিছুদিন পর আমার ছেলে কর্মক্ষেত্রে প্রবেশ করবে। বিয়ে করবে। আমি নাতি-নাতনির দাদা হব। একসময় অবসরও নেব। তখনো থাকবে পদের নাম, থাকবে স্টেনোটাইপিস্ট। জীবনের শেষ প্রান্তে এসে অনিবার্য পরিণতিস্বরূপ কবরে প্রবেশ করব। তার পরও পদের নাম উল্লেখ করা হবে—স্টেনোটাইপিস্ট।অনেক পদবিধারী চাকরিজীবী কম যোগ্যতা থাকার পরও চোখের সামনে রাতারাতি পদোন্নতির সিঁড়ি টপকিয়ে স্টেনোটাইপিস্টদের ‘বস’ হয়ে যান। কিন্তু রাত-দিন হাড়ভাঙা পরিশ্রম করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও স্টেনোটাইপিস্ট নামের অভিশপ্ত পদবির শক্ত বৃত্তে আটকে পড়া ব্যক্তিদের আজীবন পদোন্নতির স্বপ্ন দেখারও কোনো অবকাশ নেই। আমাদের বৈষম্যপীড়িত সমাজের এও এক নিদারুণ বাস্তবতা।মাহবুবুর রহমানসাঁট-মুদ্রাক্ষরিক, নরসিংদী।