পুলিশ টহল বাড়ানো হোক

ঢিল ছুড়ে ডাকাতি

সম্পাদকীয়
সম্পাদকীয়

চলন্ত অবস্থায় কেউ ঢিল ছুড়ে আপনার গাড়ির কাচ ভেঙে দিলে বা অন্য কোনো ক্ষতি করলে আপনি স্বাভাবিকভাবেই থেমে এ অন্যায়ের প্রতিকার করতে চাইবেন। কিন্তু প্রতিকার দূরে থাক, আপনি বরং বিপদেই পড়ে যাবেন। ঢিল ছোড়া পার্টি অস্ত্র দেখিয়ে আপনার সর্বস্ব লুটে নিয়ে চলে যাবে। আপনি বাধা দেওয়ার চেষ্টা করলে মার খাবেন, এমনকি ছুরিকাহত হতে পারেন, হাত–পা বেঁধে আপনাকে মহাসড়কের পাশে ফেলে রেখে ডাকাতেরা চলে যাবে।

হ্যাঁ, গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের আশপাশের এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ইদানীং ডাকাতি–ছিনতাইয়ের এক অভিনব পন্থার খবর পাওয়া যাচ্ছে। ডাকাতেরা মহাসড়কে চলন্ত যানবাহন থামাতে ইট, পাথর, লোহার টুকরা, পাইপ বা রড ছুড়ে মারে। তারপর যানবাহন থামলে তাদের দুষ্কর্ম সারে। প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মহাসড়কটির গাজীপুরের পাঁচ কিলোমিটার অংশে গত দেড় মাসে এ রকম অন্তত ১২টি ডাকাতির খবর পেয়েছেন। গতকাল শুক্রবার প্রথম আলোর প্রথম পাতায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই এলাকায় এসব ডাকাতি শুরু হয় সন্ধ্যার পর থেকে; চলে সারা রাত। এমনকি ভোরবেলাও। এসব চলছে প্রায় বছরখানেক ধরে। তবে শীত শুরু হওয়ার পর থেকে ওই ডাকাতদের উপদ্রব ভীষণভাবে বেড়ে গেছে। এর কারণ, শীতকালে কুয়াশা পড়ে এবং সন্ধ্যার পর পরই মহাসড়কের ওই এলাকা নির্জন হয়ে পড়ে। ঢিল ছোড়া ডাকাত পার্টিগুলো এখন এ সুযোগ নিচ্ছে। তাদের মহাসড়কের ওই নির্দিষ্ট এলাকা বেছে নেওয়ার কারণ সড়কের দুই পাশে ভাওয়ালের জঙ্গল; যা তাদের ডাকাতি সেরে সটকে পড়ার জন্য সুবিধাজনক।

প্রশ্ন হলো, মহাসড়কের পাঁচ কিলোমিটারের একটি নির্দিষ্ট অংশে দিনের পর দিন এ রকম বিপজ্জনকভাবে ছিনতাই–ডাকাতি চলছে, সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এ ব্যাপারে কী করছে? ঢিল ছোড়া ডাকাত দলগুলো নিশ্চিতভাবে পেশাদার অপরাধী, পুলিশ কি তাদের চিহ্নিত করে পাকড়াও করার চেষ্টা করেছে? আর এটা সবারই জানা আছে যে সন্ধ্যার পর থেকে ওই এলাকায় ডাকাত দলগুলোর উপদ্রব শুরু হয়, তখন পুলিশ কেন সেখানে পাকড়াও অভিযান চালায় না? এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের বক্তব্য হলো, ডাকাতির খবর পেলেই পুলিশ সেখানে অভিযান চালায়; কিন্তু দুর্বৃত্তরা পাশের জঙ্গলে লুকিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের নাগাল পায় না।

তাহলে এখন যা করণীয়, তা হলো এই এলাকায় পুলিশের টহল বাড়ানো। লোকবল বাড়িয়ে নিয়মিত টহল দিলে এসব ডাকাতি অবশ্যই বন্ধ করা সম্ভব।