বাণিজ্যমন্ত্রীর আশ্বাস

তেল উৎপাদন বাড়াতে কোনো পদক্ষেপ নেই

দ্রব্যমূল্যসংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দেশবাসীকে যে আশ্বাস দিয়েছেন ও সতর্কবার্তা শুনিয়েছেন, তা জনগণকে আদৌ আশ্বস্ত করবে বলে মনে হয় না। তিনি বলেছেন, সয়াবিন তেল ক্ষতিকর। তেলের মূল্যবৃদ্ধি কিংবা বাজারে দুর্মূল্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেছেন ধারণা করি। সয়াবিন যদি ক্ষতিকরই হয়ে থাকে, তাহলে তিনি কথাটি এত দিন বললেন না কেন? দ্বিতীয়ত, মন্ত্রী সয়াবিনের বদলে ভোক্তাদের ধানের কুঁড়া থেকে তৈরি রাইস ব্র্যান তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন। দেশে বর্তমানে ৫০ থেকে ৬০ হাজার টন রাইস ব্র্যান উৎপাদন হয়। এটিকে সাত লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার টাস্কফোর্স কমিটির দ্বিতীয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গম পরিস্থিতি নিয়েও কথা বলেন। গম আমদানির ৬৪ শতাংশ আসে ভারত থেকে। দেশটি গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও তা বাংলাদেশের জন্য পুরোপুরি প্রযোজ্য হবে না বলে মন্ত্রী জানান। কিন্তু বাস্তবতা হলো ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার পরপরই বাংলাদেশে আটার দাম কেজিতে চার টাকা বেড়ে গেছে। আটার দাম বাড়লে চালেও এর প্রভাব পড়বে।

পাবনার ঈশ্বরদীতে ২০১১ সালে রশিদ অয়েল মিলস লিমিটেড ‘হোয়াইট গোল্ড’ নামে ধানের কুঁড়ার তেল উৎপাদন শুরু করে। এরপর আরও অনেক প্রতিষ্ঠান রাইস ব্র্যান তৈরি করে। কিন্তু সরকারের কাছ থেকে তারা নীতি-সহায়তা তেমন পায়নি। ফলে আমদানি করা তেলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে না থাকতে পেরে অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, দেশে চাহিদা না থাকায় ২০১৭-১৮ অর্থবছরে দেশ থেকে ২০ হাজার টন ক্রুড রাইস ব্র্যান অয়েল রপ্তানি হয়েছে। ভারত, চীনসহ বেশ কিছু দেশে রাইস ব্র্যান অয়েল বেশ জনপ্রিয়।

আমাদের মন্ত্রীরা কোনো পণ্যের দাম বাড়লেই ‘ভয়ের কিছু নেই’ বলে দেশবাসীকে আশ্বস্ত করেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। বাণিজ্যমন্ত্রী যখন দেশবাসীকে বিদেশ থেকে আমদানি করা সয়াবিন না খেয়ে দেশে উৎপাদিত রাইস ব্র্যান তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন, তখন বাস্তব অবস্থা কী? এ তেলের পুষ্টিগুণ সয়াবিন ও পামের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও ভোক্তাদের কাছে জনপ্রিয় করা এবং এর উৎপাদন ব্যয় কমানোর কোনো উদ্যোগ নেই। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৫০ থেকে ৬০ হাজার টন রাইস ব্র্যান তেল উৎপন্ন হচ্ছে। একে সাত লাখে উন্নীত করতে কত দিন সময় লাগবে? তত দিনে মানুষ কী খাবে?

সয়াবিন বা পাম তেল যত ক্ষতিকর ও চড়া দামেই বিক্রি হোক না কেন, মানুষ কিনতে বাধ্য হবে, যতক্ষণ পর্যন্ত সরকার বিকল্প তেলের ব্যবস্থা করতে পারবে। এ মুহূর্তে রাইস ব্র্যানের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিলে হয়তো দুই-তিন বছর সময় লাগবে। তার আগপর্যন্ত আমদানি করা তেলই দেশবাসীকে খেতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর এ পরামর্শকে স্বাগত জানিয়েও বলতে চাই, সমাজের বিত্তবান মানুষ তাঁর পরামর্শ শুনবে কি না সেটাই বড় প্রশ্ন। সাধারণ ক্রেতা তথা দরিদ্র ও প্রান্তিক মানুষ সব সময়ই মিতব্যয়ী। কঠিন বাস্তবতাই তঁাদের মিতব্যয়ী হতে বাধ্য করে।