
প্রথম আলোতে ১ জুন প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নবনির্মিত বহুতল ভবন ‘বিজয়-৭১’ নিয়ে আইনজীবীরা অসন্তুষ্ট। কারণ, ভবনটি আদালত ভবনের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আইনজীবীরা এজলাসের আকার-আকৃতি এবং ভবনটির অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি কেউ কেউ সেখান থেকে এজলাস সরিয়ে নেওয়ারও দাবি করেছেন। আমাদের প্রশ্ন, যে ভবনটি তৈরিই হয়েছে এজলাসসহ বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য, সেখানে মূল সুবিধাগুলো ত্রুটিপূর্ণ হয় কী করে।
আইনজীবীদের অভিযোগ, ব্যবহারকারীর তুলনায় ওই ভবনে লিফটের সংখ্যা কম। যে দুটি লিফট আছে, সেগুলোর ধারণক্ষমতাও যথেষ্ট নয়। ফলে আদালত চলাকালে প্রায়ই লিফটের জন্য তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ভবনের ভেতরে চলাচল ও এজলাস খুঁজে পাওয়ার সমস্যার কথাও বলেন তাঁরা। বোঝা যায়, আদালত ভবনের মতো একটি বিশেষায়িত ভবন নির্মাণের আগে যেসব বিষয় বিবেচনায় নেওয়া উচিত ছিল, তা যথাযথভাবে করা হয়নি। প্রতিদিন কতসংখ্যক মানুষ লিফট ব্যবহার করতে পারে, সেই প্রাক্কলন যদি যথাযথ হতো, তবে লিফটের সংখ্যা অপ্রতুল হওয়ার কথা নয়।
আইনজীবীদের অসন্তোষের কথা জানতে পেরে গত ২৩ মে বিজয়-৭১ ভবন পরিদর্শন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তাঁরা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের অসুবিধাগুলো দূর করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে আইনজীবীদের কেউ কেউ বলেছেন, আদালত ভবনে যে ধরনের স্থাপত্যবৈশিষ্ট্য থাকা উচিত, এ ভবনে তা নেই। সুপ্রিম কোর্টের মূল ভবন ও অ্যানেক্স ভবনের তুলনায় এজলাসকক্ষ আকারে ছোট। সেখানে আইনজীবীদের বসার এবং ফাইলপত্র রাখার পর্যাপ্ত জায়গা নেই। সুপ্রিম কোর্ট প্রশাসন ইতিমধ্যে ভবন নির্মাণের দায়িত্বে থাকা গণপূর্ত মন্ত্রণালয়কে সমস্যাগুলো সম্পর্কে অবহিত করেছে।
একটি ভবন কোন কাজে ব্যবহার করা হবে, তা বিবেচনায় রেখেই ডিজাইন করা হয় এবং সে কারণেই ভিন্ন ভিন্ন কাজের জন্য ভবনগুলোর স্থাপত্যগত বৈশিষ্ট্যও আলাদা হয়ে থাকে। একটি আবাসিক ভবনের স্থাপত্য যেমন হয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-হাসপাতালের স্থাপত্য তেমন হলে হবে না। একইভাবে দেশের সর্বোচ্চ আদালতের ভবনেরও কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। আদালত ভবন হিসেবে এর ব্যবহারযোগ্যতা নিয়ে ব্যবহারকারীদের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ উঠেছে, তাতে যাঁরা এর নকশা করেছেন, তাঁদের যোগ্যতা ও বাস্তব বিবেচনা বোধ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সরকার যেখানে যা নির্মাণ করে, তার সবই হয় জনগণের ট্যাক্সের টাকায়। এর খামখেয়ালিপূর্ণ ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। কাদের অবহেলায় এমনটি হয়েছে, তার তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।