
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম সীমান্তে মেঘনা নদীর পাড়ে খাসজমিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই একটি ইটভাটা এক যুগের বেশি সময় ধরে চলছে। মেসার্স জোনাকি ব্রিকস ফিল্ড নামের ইটভাটাটির কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনসহ নানা দুর্ভোগের মুখে পড়েছেন দুই উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা।
এ নিয়ে বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ জেলা প্রশাসক, দুদকের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ইটভাটার মালিকেরা প্রভাবশালী হওয়ায় অভিযোগকারীদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়া হয়েছে।
প্রথম আলোর খবরে জানানো হয়েছে, ইটভাটা নিয়ে নানা সমস্যায় পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার এলাকার বাসিন্দারা। ইটভাটার ক্ষতিকর ধোঁয়ায় দুই উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। ওই ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছপালা ও ফসলি জমি। মেঘনা নদীর পাড়ে অবস্থিত ইটভাটার কারণে দক্ষিণ পাশে জেগে উঠেছে চর। বর্ষাকালে চরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে পাশের শত বছর পুরোনো চকবাজারে ভাঙন সৃষ্টি হয়।
ইটভাটাটির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ১৩ মে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে বলা হয়, ইটভাটা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ায় অভিযোগকারীদের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। ইটভাটার মালিকদের দাবি, এটি খাসজমিতে অবস্থিত নয়। তাঁরা স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয়ে খাজনা দিচ্ছেন। কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ বলেন, ওই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এক কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় জোনাকি ইটভাটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইটভাটাটির বিষয়ে অষ্টগ্রামের ইউএনও বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ইটভাটার মালিকদের কর্মকাণ্ডে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান, তাঁরা দেশের প্রচলিত কোনো আইনকানুন ও নিয়মনীতির তোয়াক্কা করেন না। তবে প্রশ্নটি হলো, এ সুযোগ তাঁরা কীভাবে পাচ্ছেন?
পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবার নাকের ডগায় বছরের পর বছর ধরে একটা ইটভাটা কীভাবে চলছে? ভুক্তভোগী মানুষ অভিযোগ জানালে প্রতিকার তো দূরে থাক, তাঁরা উল্টো মামলার মুখে পড়েছেন। ইটভাটার মালিকদের এ ধরনের বেপরোয়া ক্ষমতার উৎস কোথায়? মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, দুদক, জেলা প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কেন স্থানীয় লোকজন প্রতিকার পাবেন না?