
একটি কালভার্ট বা সেতুই বদলে দিতে পারে প্রত্যন্ত কোনো এলাকার চেহারা। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি অফিস ও বাজারব্যবস্থার সঙ্গে সংযোগ সহজ হয়ে যায় সেখানকার বাসিন্দাদের। ফলে তঁাদের জীবনমানেও উন্নতির ছোঁয়া লাগে। সেতু দিয়েই শুরু, এরপর নানা উন্নয়নে অনেক গ্রামের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে গত ৫০ বছরে। কিন্তু লালমনিরহাটের পাটগ্রামের দুই সেতুর অভাবে অনেক গ্রামের মানুষ পিছিয়ে পড়ে আছেন। দেশে এমন গ্রামের সংখ্যাও কম নয়। তবে বারবার সেতুর আশ্বাস পেয়েও সেটির চেহারা না দেখতে পাওয়ার চেয়ে বেদনা আর কী আছে। পাটগ্রামে দুটি সেতুর ক্ষেত্রে তেমনটিই ঘটেছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের জোড়াপুল (গাড়িঘাট) গ্রামে কোনো সেতু না থাকায় ঝুঁকি নিয়ে ১০টি গ্রামের মানুষ সানিয়ারজান নদ পারাপার হচ্ছেন। একটি সেতু নির্মাণ করা হলে প্রায় ১৫ হাজার মানুষের ৩০ বছরের দুর্ভোগ দূর হবে। সেখানে সেতু নির্মাণের জন্য স্থানীয় ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই দাবি জানালেও দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপজেলার বাঁশকাটা গ্রামে ধরলা নদীর ওপরেও একটি সেতুর অভাবে জোংড়া ও জগতবেড় নামে দুটি ইউনিয়নের ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। শুকনা মৌসুমে লোকজন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করেন। বর্ষাকালে ভরসা নৌকা। সঙ্গে মালামাল থাকলে লোকজনকে ১২ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হয়।
জোড়াপুল আর বাঁশকাটা—উভয় গ্রামেই সেতু দুটি হয়ে গেলে সেখানকার শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে। সেতু না থাকার কারণে সেখানকার ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নানা অসুবিধায় পড়তে হয়। এ ছাড়া অন্তঃসত্ত্বা ও অসুস্থ ব্যক্তিদের জরুরি মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু দুই জায়গাতেই সেতুর জন্য নানা মাপজোখ করে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেতু আর হয় না। উভয় জায়গায় দুই সেতুর জন্য একই ধরনের বক্তব্য আমরা পাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাটগ্রাম উপজেলা প্রশাসন থেকে।
সেখানকার প্রকৌশলী মাহাবুব–উল আলম বলেন, সেতু নির্মাণ করার জন্য দুই জায়গাতেই মাটি পরীক্ষা করা হয়েছে। বরাদ্দ এলেই সেতু দুটির নির্মাণকাজ শুরু করা যাবে। এখন সেই বরাদ্দ পাওয়ার জন্য মন্ত্রণালয়কেই ভূমিকা রাখতে হবে। পাটগ্রামের এ দুটি সেতুর জন্য দ্রুত বরাদ্দ দেওয়া হোক। এতগুলো গ্রামের হাজার হাজার মানুষের জন্য দুর্ভোগের অবসান ঘটুক।