
বাংলাদেশে আর্সেনিক সমস্যা একসময় প্রকট ছিল। নব্বই দশকে প্রথম আর্সেনিক শনাক্ত হওয়ার পর থেকে সেই সমস্যা মোকাবিলায় সরকারিভাবে গণসচেতনতা সৃষ্টিসহ ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। আর্সেনিক সমস্যা মোকাবিলায় বাংলাদেশ অনেকটা সফলই বলা যায়। এরপরও আশঙ্কা থেকে যায়। যেমনটি আমরা দেখছি শরীয়তপুর সদরে। সেখানে অনেক গ্রামে নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। বছরের পর বছর ধরে মানুষ সে পানি ব্যবহার করে গেলেও বিষয়টি তাদের জানার কোনো সুযোগ ছিল না। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি কর্মসূচিতে বিষয়টি ধরা পড়েছে। ফলে সেখানকার অসংখ্য মানুষ এখন স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সদর উপজেলার ২৭ হাজার ৫০০ নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা চালাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয়। গত ২০ এপ্রিল এ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকেরা পানি সংগ্রহ করছেন। যেসব নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে, সেগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ওই নলকূপের পানি ব্যবহার ও পান না করার জন্য বলা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয় জানাচ্ছে, সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ৯২৮টি পরীক্ষার ফলাফল হাতে এসেছে। তার মধ্যে ২ হাজার ৪৯৯টি নলকূপে আর্সেনিকের মাত্রা পাওয়া গেছে। পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে দশমিক শূন্য ৫ মিলিগ্রাম। আর এ অঞ্চলে পাওয়া যাচ্ছে প্রতি লিটারে ৫ মিলিগ্রাম, যা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। এমন মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি অবশ্যই দুশ্চিন্তার বিষয়।
এখন বিকল্প পানির উৎস না থাকায় আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করতে হচ্ছে সেখানকার মানুষকে। ডোমসার ইউনিয়নের একজন বাসিন্দা বলছেন, ‘পাঁচ বছর ধরে নলকূপের পানি ব্যবহার করছি। এখনো তেমন কোনো সমস্যায় পড়িনি। এখন পানিতে উচ্চমাত্রায় আর্সেনিক রয়েছে বলে লাল রং লাগিয়ে দেওয়া হয়েছে। পানি পাওয়ার অন্য কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ওই পানিই সাংসারিক কাজে ব্যবহার করছি। এখন কিছুটা ভয় লাগছে।’
গোটা জেলাটিতেই আর্সেনিক পরীক্ষা চালাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে সদর উপজেলাতেই এমন চিত্র উঠে এসেছে। এতেই বোঝা যাচ্ছে, শরীয়তপুরে আর্সেনিক সমস্যা কতটা প্রকট হয়ে উঠেছে। আর্সেনিকযুক্ত পানি পান না করতে জেলাটিতে বড় ধরনের গণসচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে পানির বিকল্প উৎস না পেলে সেখানে সংকট আরও চরম আকার ধারণ করবে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলে সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত।