ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ

সবুজ এলাকাটি রক্ষায় গুরুত্ব দিন

সম্পাদকীয়
সম্পাদকীয়

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর অন্যতম রাজধানী শহর হিসেবে পরিচিত এখন ঢাকা। যার কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, এটিই এখন এ শহরের জন্য বাস্তবতা। মানুষের বসবাস বা টিকে থাকার বিষয়টি চিন্তা করেই এ আলোচনা হয় মূলত। কিন্তু ঢাকা শহরের গাছপালা, প্রাকৃতিক বৈচিত্র্য কেমন আছে, সেই ভাবনা আমাদের নেই বললেই চলে। ফলে দিন দিন বৃক্ষশূন্য হয়ে পড়ছে ঢাকা। এই মহানগরীর যে কয়েকটি স্থানে এখন একটু টুকরা সবুজের দেখা মেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার অন্যতম। সেখানকার গাছগুলো এখন হুমকির মুখে। সাম্প্রতিক সময়ে একের পর এক গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটছে ক্যাম্পাসটিতে। চার বছরে এলাকাটির অন্তত ১৫টি গাছ শিকড়সহ উপড়ে পড়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমনকি গোটা ঢাকা শহরের প্রকৃতি-পরিবেশের জন্য উদ্বেগজনক।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক জরিপে বলা হচ্ছে, ক্যাম্পাসে অন্তত ২০টি বিলুপ্তপ্রায়সহ ৫৪১ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এগুলোর ৫৯ শতাংশ দেশীয় প্রজাতির। বিদেশি গাছের প্রজাতি শতাংশের হিসাবে কম হলেও সংখ্যায় বেশি। ক্যাম্পাসের অধিকাংশ গাছই বেশ বয়সী। কিছু গাছের বয়স শতবর্ষের কাছাকাছি। গাছগুলো আমাদের অনেক ইতিহাস-ঘটনাবলির সাক্ষী। এই গাছগুলো উপড়ে যাওয়ার পেছনে মাটির সঙ্গে সংগতিপূর্ণ দেশীয় গাছ কেটে বিদেশি গাছ লাগানোকে অন্যতম কারণ বলছেন উদ্ভিদবিজ্ঞানীরা। এ ছাড়া নানা উন্নয়নমূলক ও সেবামূলক কাজের (ইউটিলিটি সার্ভিস) জন্য গাছের মূল কাটা পড়া, বয়সের কারণে দুর্বল হয়ে পড়া, চারা উৎপাদন ও রোপণের সময় পলিথিনের ব্যবহার, গাছের যথাযথ পরিচর্যা না করা ইত্যাদি কারণও রয়েছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলছেন, ‘এখানকার মাটির জন্য আমাদের দেশি গাছ ছিল উপযোগী। যেমন: শাল, কড়ই, গাব, আমলকী, হরীতকী, বহেড়া, কদম, পানি ফল, বরই, পলাশ, শিমুল, উদাল ইত্যাদি। কিন্তু সেসব কেটে ফেলেছি। ক্যাম্পাসজুড়ে লাগানো হয়েছে বিদেশি গাছ। ক্যাম্পাসের মাটি হয়তো তার বুক ছেদ করে এসব গাছকে নিচে যেতে দেয়নি।’ এখন ক্যাম্পাসজুড়ে আরও অনেক গাছ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় সেগুলো উপড়ে পড়ে হতাহতের ঘটনার আশঙ্কাও আছে।

বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টার জানাচ্ছে, ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও নতুন গাছ রোপণের বিষয়টি তাদের ভাবনায় রয়েছে। সেটি ভাবনায় না থেকে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হোক, সেটিই আমরা চাই। এ ছাড়া মাটির সঙ্গে উপযোগী গাছ রোপণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হোক। সবুজ ক্যাম্পাসটির গাছপালার পরিচর্যার কোনো অভাব বা অবহেলা হোক, সেটি আমরা চাই না।