সম্পাদকীয়
সম্পাদকীয়

পাটপণ্য বিদেশে যাচ্ছে

বগুড়া মডেল ছড়িয়ে পড়ুক

পাটশিল্প বাঙালির মননে সোনালি অতীতের একটি ঋদ্ধ অধ্যায় হয়ে আছে। একটা সময় ছিল, যখন আন্তর্জাতিক পরিসরে এই সোনালি আঁশ তার প্রোজ্বল বিভায় বাংলাদেশের পরিচয় বহন করত।

কিন্তু নতুন প্রজন্মের কাছে তা আজ কার্যত এক বিলীয়মান শিল্প। তবে বগুড়ার একাধিক উদ্যোক্তা পাটশিল্পের সেই সোনালি দিন ফিরিয়ে আনার ক্ষেত্রে আশা জাগাচ্ছেন।

ইতিমধ্যে তাঁরা পাট প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে সুতা, সুতলি ও বস্তা উৎপাদন করছেন, তাতে পাটের সেই হারানো গৌরব ফিরে আসার এক নতুন সম্ভাবনার ঝিলিক দেখা যাচ্ছে।

প্রথম আলোর খবরে দেখা যাচ্ছে, বগুড়ার নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভারসিফাই জুট মিলে পাট থেকে তৈরি হচ্ছে বিশেষ ধরনের সুতা, সুতলি ও বস্তা। হাসান জুট অ্যান্ড স্পিনিং মিলস নামের আরেকটি কারখানায় রপ্তানিযোগ্য পাটের বস্তা ও সুতলি উৎপাদন করা হচ্ছে।

এই সুতা রপ্তানি হচ্ছে ইউরোপ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে। সুতলি ও বস্তা রপ্তানি হচ্ছে মূলত ভারতের বাজারে। বিশ্ববাজারে এসব পণ্য রপ্তানি করে আয় হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। বগুড়া থেকে ইউরোপের বিভিন্ন দেশের বাজারে পাটপণ্য রপ্তানি করে চলতি বছরের আগস্ট পর্যন্ত আট মাসে একটি জুট মিল থেকেই ভারতের বাজারে শতকোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।

কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগাতে যে পৃষ্ঠপোষকতা দরকার, তার ঘাটতি আছে বলে জানা যাচ্ছে। জেলার তালোড়া পৌর এলাকায় গ্যাস-সংযোগ না থাকায় এবং যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ার কারণে এখানকার কারখানা থেকে উৎপাদিত পাটপণ্য বিদেশে রপ্তানি করা ব্যাহত হচ্ছে।

এসব কারখানায় কয়েক শ শ্রমিক কাজ করছেন। যন্ত্রের ক্যারিশমা আর শ্রমিকের শ্রমে-ঘামে পাট থেকে তৈরি হচ্ছে নানা পণ্য। বিদেশে নার্সারি, কারুশিল্প, কার্পেট, পাপোশ তৈরিসহ নানা কাজে পাটের সুতা ব্যবহৃত হচ্ছে। বিমানবন্দর চালু হলে বিদেশি ব্যবসায়ীরা বগুড়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে আরও বেশি আগ্রহী হবেন এবং তখন বগুড়ায় রপ্তানি সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে আশা করা যায়।

তবে যেকোনো শিল্পকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের দিক থেকে সর্বাত্মক সহযোগিতার দরকার হয়। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বলা যায়, পাটজাত পণ্য রপ্তানিকে আগামী এক বা দুই দশকে ঠিক কোন স্তরে নেওয়া সম্ভব, সে বিষয়ে সরকারের দিক থেকে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সে অনুযায়ী কার্যক্রমকে এগিয়ে নেওয়া দরকার।