সম্পাদকীয়
সম্পাদকীয়

ভৈরব রেলওয়ে চিকিৎসাকেন্দ্র

চিকিৎসক নিয়োগ দিতে আর কত দেরি 

রেলওয়েতে কর্মরত বিশাল জনবল ও যাত্রীদের চিকিৎসার জন্য আছে আলাদা হাসপাতাল ও চিকিৎসালয়। কিন্তু সেসব প্রতিষ্ঠান কতটা চিকিৎসাসেবা দিতে পারছে? সংবাদমাধ্যমগুলোর গত দু-এক বছরের কিছু শিরোনাম দেখা যাক, ‘ধুঁকছে কমলাপুরের রেলওয়ে হাসপাতাল’, ‘রোগী নেই চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে!’, ‘রেলওয়ের সবচেয়ে বড় হাসপাতাল, এখন যেন ভুতুড়ে বাড়ি’, ‘চিকিৎসক ও জনবলসংকটে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল’, ‘পরিকল্পিতভাবে অচল করা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল’, ‘একজন চিকিৎসক দিয়েই চলছে সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল’।

এরই ধারাবাহিকতায় গত রোববার প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি, কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ রেলওয়ে চিকিৎসালয়ে কোনো চিকিৎসক নেই। দেড় যুগ ধরে পদটি শূন্য। এমনকি ফার্মাসিস্ট পদটিও রাখা হয়েছে শূন্য। সেখানকার স্বাস্থ্যসেবা চালিয়ে নিচ্ছেন একজন মেডিসিন ক্যারিয়ার, একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন নৈশপ্রহরী, যা খুবই দুঃখজনক তো বটেই, হতাশাজনকও।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত রেলওয়ে চিকিৎসালয়টির আওতাধীন ঢাকা-চট্টগ্রাম ও ভৈরব-ময়মনসিংহ রেলপথের প্রায় ১৭০ কিলোমিটার এলাকা। তিন দিকেই বিস্তৃত রেলপথ থাকায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিনা পয়সায় এখান থেকে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। যাত্রীদের জরুরি স্বাস্থ্যসেবার জন্যও এ চিকিৎসালয়।

দুই যুগ আগেও এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মিলত। এখন ওষুধ সরবরাহও নেই। ভৈরব স্টেশনের একজন কর্মকর্তা বলছেন, ট্রেন দুর্ঘটনা বা অজ্ঞান পার্টির শিকার যাত্রীদের জরুরি চিকিৎসার জন্য বিকল্প হাসপাতালে পাঠাতে হয়। এতে মৃত্যুঝুঁকি ও বিড়ম্বনা—দুই-ই বেড়ে যায়।

ঢাকার রেলওয়ে হাসপাতালের চিকিৎসক ইয়াছির আহমেদকে সেখানে চিকিৎসক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি কয়েক মাসেও ভৈরবমুখী হন না। ফার্মাসিস্ট পদে অতিরিক্ত দায়িত্বে আছেন ময়মনসিংহের কেওয়াটখালী রেলওয়ে হাসপাতালের মো. কামরুজ্জামান। তিনিও ভৈরবমুখী হন না বললেই চলে। ভৈরব রেলওয়েতে কর্মরত ব্যক্তিদের ভাষ্য, হাসপাতালে দায়িত্ব পালন না করলে কর্তৃপক্ষের জবাবদিহি নেই। এ জন্য চিকিৎসালয়টি এমন বেহাল। তবে এটিও ঠিক, অতিরিক্ত দায়িত্ব দিয়ে চিকিৎসালয়টি চালানো কোনোভাবেই বাস্তবসম্মত বা যৌক্তিক নয়। এতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া যাওয়াটাই স্বাভাবিক।

রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম, অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগের শেষ নেই। সেটিই যেন প্রতিফলিত হয় দেড় যুগ ধরে তাদের একটি চিকিৎসালয় চিকিৎসকবিহীন থাকায়।

ভৈরব রেলওয়ে চিকিৎসালয়ে দ্রুত চিকিৎসকসহ অন্যান্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা হোক। সেই সঙ্গে সেখানকার সুযোগ-সুবিধাও বৃদ্ধি করে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা হোক।