সম্পাদকীয়
সম্পাদকীয়

ব্যাংকিং খাতের সংকট

আস্থা পুনরুদ্ধারই কঠিন চ্যালেঞ্জ

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাত সম্পর্কে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা যা বলেছেন, তার মর্মার্থ সরকারের নীতিনির্ধারকেরা অনুধাবন করবেন আশা করি। প্রথমত সরকারকে সমস্যা স্বীকার করতে হবে। দ্বিতীয়ত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিন্তু সরকারের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে সবকিছু ঠিক আছে—সরকারের মধ্যে এ রকম একটি প্রবণতা আছে; যা ভবিষ্যতে মহা সর্বনাশ ডেকে আনতে পারে।

প্রখ্যাত অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য রেহমান সোবহান অর্থনীতির সংকটকে ক্যানসারের সঙ্গে তুলনা করেছেন। ক্যানসার যেমন শরীরের কোনো অংশ সংক্রমিত হলে অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে। কাঠামোগত সমস্যা, সুশাসনের অভাব, সময়মতো সংস্কারের পথে না যাওয়ার কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। সরকারি হিসাবে বর্তমানে দেশে খেলাপি ঋণ আছে ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা। প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি। সংলাপে অংশগ্রহণকারী অন্যান্য অর্থনীতিবিদও ব্যাংকিং খাতের সমস্যা তুলে ধরে বলেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক লুট হচ্ছে। খেলাপি ঋণের টাকা ও অবৈধ আয় পাচার করা হচ্ছে।

এর সঙ্গে রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীরা জড়িত। বলার অপেক্ষা রাখে না যে ব্যাংকিং খাতের ওপর রাজনৈতিক প্রভাব আগের যেকোনো সময় থেকে বেড়েছে। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংককেও নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয়েছে। এ অবস্থায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা ব্যাংক কমিশন গঠনের দাবি জানালেও সরকার আমলে নেয়নি। কিন্তু বিরোধী দলের এক আইনপ্রণেতা ব্যাংক খাতের লুটপাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করেছেন। তাঁর এ তুলনা যে খুব অযৌক্তিক নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন এ দেশ থেকে সম্পদ লুট করেছে, তেমনি ঋণখেলাপিদেরও কেউ কেউ বিদেশে মোটা অঙ্কের অর্থ পাচার করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।

সংলাপে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অর্থনৈতিক সংকট কেটে যাবে এবং মূল্যস্ফীতিও কমবে বলে দেশবাসীকে আশ্বাস বাণী শুনিয়েছেন। সরকারি ব্যাংকের অবস্থা বহু বছর ধরেই শোচনীয়। পরিচালনা পর্ষদে এক পরিবারের চারজন সদস্য ও একনাগাড়ে এক পরিচালকের একটানা ৯ বছর থাকার বিধান অনেক বেসরকারি ব্যাংককে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। ব্যাংকগুলোতে কায়েম হয়েছে পরিবারতন্ত্র। গত ২৪ নভেম্বর প্রথম আলোয় ‘ইসলামী ব্যাংকের ভয়ংকর নভেম্বর’ শিরোনামে খবর প্রকাশিত হলে ব্যাংকপাড়ায় চাঞ্চল্য তৈরি হয়। ব্যাংকটি থেকে নভেম্বরে তুলে নেওয়া হয় ২ হাজার ৪৬০ কোটি টাকা।

সব মিলিয়ে তিন ব্যাংকে সন্দেহজনক ঋণ ৯ হাজার ৫০০ কোটি টাকা। এরপর সরকারের নীতিনির্ধারকেরা কিছুটা নড়েচড়ে বসেন। কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি ব্যাংকের লেনদেনের বিষয়ে কিছু বিধিনিষেধও আরোপ করে। ব্যাংকিং খাতে যে ভয়াবহ নৈরাজ্য চলছে, তাতে এ ধরনের বিক্ষিপ্ত পদক্ষেপ কাজে আসবে বলে মনে হয় না। আমরা দেখছি, দুর্ভাগ্যজনকভাবে ব্যাংকিং খাতে রাজনৈতিক চাপের পাশাপাশি বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর প্রভাব ও চাপ আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠছে। এবং তাদের চাপে অনেক কিছুই বদলে যায়।

নির্বাচন সামনে রেখে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। নির্বাচনে প্রার্থী হতে অনেকেই ২ শতাংশ পরিশোধ করে পুনঃ তফসিল করিয়ে নেন। এ নিয়ম রহিত হওয়া প্রয়োজন।

সরকারের নীতিনির্ধারকদের দাবি অনুযায়ী, ব্যাংকে টাকার অভাব না থাকলেও আস্থার অভাব আছে। আর এ আস্থা তখনই ফিরিয়ে আনা যাবে, যখন ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং পরিবারতন্ত্রের অবসান ঘটবে।