প্রকৃতি ও প্রতিবেশকে সংরক্ষণ করে জীবনযাপনের টেকসই কৌশল উদ্ভাবনই আধুনিক নগর ব্যবস্থাপনার মূল বিষয়। শহর মানে শুধু স্বাচ্ছন্দ্য আর ইট-কংক্রিটের জঞ্জাল নয়। জনপরিসর, খেলার মাঠ, সবুজ বেষ্টনী ও জলাশয়ও থাকতে হবে নাগরিকদের সুস্থভাবে বেঁচে থাকার স্বার্থে। একসময় বাংলাদেশের শহরগুলোতে এ রকম চিত্র স্বাভাবিক হলেও গত কয়েক দশকের যে আগ্রাসী উন্নয়ন নীতি, সেখানে দালানকোঠা ও অবকাঠামোই একমাত্র বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।
ফলে ‘শহর’ আর ‘নগর’ শব্দ দুটির অনেকটা সমার্থক হয়ে উঠেছে বিচার-বিবেচনা ছাড়া ‘দখল’ আর ‘দূষণ’। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে জলাশয় সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা বিষয়ে সুস্পষ্ট আইন থাকলেও তার তোয়াক্কা কেউ করছেন না। আর আইন প্রয়োগকারী কর্তৃপক্ষও এ ক্ষেত্রে কিছুই দেখার দায় অনুভব করছে না। অভিযোগ দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে—চিরচেনা সেই আমলাতান্ত্রিক চর্চা থেকে বেরিয়ে আসছে না।
হবিগঞ্জ শহরের দেড় একর আয়তনের ২০০ বছরের পুরোনো পুকুরটি কীভাবে ভরাট করে দখল হয়ে যাচ্ছে, তার ব্যাখ্যা ও জবাবদিহি কি জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর দেবে না? মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণে ২০০০ সালে আইন প্রণয়ন করা হয়। এই আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, এ ধরনের সম্পদ কেউ চাইলেই শ্রেণি পরিবর্তন করতে পারবে না কিংবা ভাড়া, ইজারা ও হস্তান্তর করতে পারবে না। এই আইন লঙ্ঘন করা হলে পাঁচ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
বরিশাল শহরের ঝাউতলায় শতবর্ষী একটি পুকুর দখল ও ভরাট বন্ধে একটি রিট পিটিশনের রায়ে ২০২০ সালে হাইকোর্ট ব্যক্তিমালিকানাধীন জলাশয়ও চাইলেই কেউ ভরাট করতে পারবে না বলে আদেশ দেন।
হবিগঞ্জের পুকুরটি চার পাড়ের বসবাসরত ৪০ থেকে ৫০টি পরিবারের মালিকানাধীন। এ পুকুরের চারপাশ ঘেঁষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসবাস। সম্প্রতি শহরের রাধানগর এলাকার বাসিন্দা আবদুস সালাম ও আবদুল কালাম নামের দুই সহোদর পুকুরের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব পাড়ে মাটি ফেলে দখল করে নিয়েছেন পুকুরের একাংশ। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে দখলদার দুই ভাই তা আমলে নেননি। পরে বাধ্য হয়ে তাঁরা জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের শরণাপন্ন হয়েছেন।
শহরের সবচেয়ে প্রাচীন পুকুরটি বাসিন্দাদের কাছে ‘বড় পুকুর’ নামে পরিচিত। এটা হবিগঞ্জ শহরের ইতিহাস ও ঐতিহ্যেরও অংশ। পুকুরটির অংশবিশেষ দখল করা ও ভরাট করা পুরোপুরি বেআইনি। আমরা দেখতে চাই, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পুকুরটি রক্ষায় জোরালো ভূমিকা নিয়েছে। দখলদারদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং পুকুরটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে হবে।