একাদশ জাতীয় সংসদ

নির্বাচন সুষ্ঠু না হলে দায়বদ্ধতা থাকে না 

একাদশ জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুসন্ধানে যেসব তথ্য-উপাত্ত বেরিয়ে এসেছে, তা অনাকাঙ্ক্ষিত হলেও অপ্রত্যাশিত নয়। ২০১৮ সালের যে নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে, তার গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন আছে। নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দায়বদ্ধতা থাকে না। একাদশ জাতীয় সংসদ তার একমাত্র না হলেও অন্যতম উদাহরণ হয়ে থাকবে।

জাতীয় সংসদের প্রধান কাজ জনগণের কল্যাণে আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের কাজের জবাবদিহি করা। কিন্তু এ দুটি বিষয়ে আমাদের সংসদ সদস্যদের অনীহা প্রকট। যেসব দেশে সংসদীয় গণতন্ত্রের দীর্ঘ ঐতিহ্য আছে, সেসব দেশে সংসদীয় কমিটিগুলো খুব শক্তিশালী। সরকারি হিসাবরক্ষণ কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির প্রধান পদে বিরোধী দলের সদস্যদের মনোনীত করা হয় সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে। কিন্তু আমরা এমন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, যেখানে বিরোধী দল বছরের পর বছর সংসদ বর্জন করে, না হয় প্রকৃত বিরোধী দল ছাড়াই সংসদ গঠিত হয়। দশম সংসদের মতো একাদশ জাতীয় সংসদেও যাঁরা বিরোধী দলে ভূমিকা পালন করছেন, তাঁরাও সরকারি দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করেছেন। সরকারি দলের জোটসঙ্গী কখনো প্রকৃত বিরোধী দল হতে পারে না। 

সংসদে প্রকৃত বিরোধী দল না থাকায় সংসদীয় কমিটিগুলোও ঠিকমতো কাজ করেনি। একাদশ জাতীয় সংসদে ৫০টি কমিটির কোনোটি মাসে একটি বৈঠক করার শর্ত পূরণ করেনি। এর কারণ এই সংসদের অধিকাংশ সদস্যের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই কিংবা তাঁরা আইনসভা ও নির্বাহী বিভাগের বিভাজনটাই বুঝতে পারেন না।

জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির হারও হতাশাজনক। ৩৫০ সদস্যের জাতীয় সংসদে কোরাম পূরণ করার জন্য ৬০ জনের উপস্থিতি প্রয়োজন। টিআইবির গবেষণা প্রতিবেদন অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের প্রথম থেকে ২২তম অধিবেশনে কোরাম-সংকটে রাষ্ট্রের ক্ষতি হয়েছে ৮৯ কোটি ২৮ লাখ টাকা। এই ক্ষতির দায় অবশ্যই সংসদ সদস্যদের নিতে হবে। সংসদ নেতা যদি ৯৪ শতাংশ সময় অধিবেশনে উপস্থিত থাকতে পারেন, অন্যরা পারবেন না কেন? পারেন না এ কারণে যে অধিবেশন চলাকালে তাঁদের অনেকে সংসদে হাজির থাকার চেয়ে সচিবালয়ে তদবিরে বা অন্য কাজে ব্যস্ত থাকেন। 

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, চলতি সংসদে আইন প্রণয়নের কাজে ব্যয় হয়েছে ১৭ শতাংশ সময়। এটি পূর্ববর্তী সংসদের চেয়ে কিছুটা বেশি। কিন্তু সরকারি দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ২০ শতাংশ সময় যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রশংসায় ব্যয় করেছেন, তা একেবারে অগ্রহণযোগ্য। তাঁরা দলীয় সভায় সেটি করতে পারেন, জনগণের কষ্টার্জিত অর্থ খরচ করে জাতীয় সংসদে কেন সেটি করেছেন?

আসলে একটি সংসদ তখনই কার্যকর হয়, যখন সেখানে সরকারি ও বিরোধী দলের সরব উপস্থিতি থাকে। আর যে সংসদে প্রকৃত বিরোধী দলই থাকে না, সেখানে সংসদ কার্যকর হওয়ার প্রশ্নই ওঠে না। একাদশ জাতীয় সংসদে অংশীজনের আপত্তি উপেক্ষা করে সাইবার নিরাপত্তা আইন পাস করা হয়েছে, যাকে আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতা তথা নাগরিক অধিকার হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইনের রকমফের বলে মনে করি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংবাদমাধ্যমে যে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল, নতুন আইন তা প্রশমিত করতে পারেনি। এ ক্ষেত্রে দশম সংসদ ও একাদশ সংসদের মধ্যে মৌলিক কোনো ফারাক নেই।