সম্পাদকীয়
সম্পাদকীয়

মাদক মামলা

দায়সারা তদন্ত কবে বন্ধ হবে

দুই বছর আগে তারেক মাহমুদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি তাঁকে ভয়ংকর মাদক আইস ব্যবসাচক্রের হোতা হিসেবে চিহ্নিত করেছিল। প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ না থাকায় গত ৬ মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মুক্তি পান তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার বারিধারার দূতাবাস সড়কের ২০ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তারেক আহমেদকে আটক করা হয়। এ সময় তাঁর কক্ষ থেকে ৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, গ্যারেজে রাখা ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় ১০০টি ইয়াবা। এ ঘটনায় গুলশান থানায় মামলা করেন ডিএনসির এসআই সাজ্জাদ হোসেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চোখে যিনি ভয়ংকর মাদক আইস ব্যবসা চক্রের হোতা, তিনি কীভাবে বেকসুর ছাড়া পেলেন? এর পেছনে রহস্যটি কী।

মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, দায়সারা তদন্ত করে মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়েছিল। এরপর বিচার চলাকালে তদন্ত কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ পাঁচ সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে যাননি। ফলে আসামি খালাস পেয়েছেন। সাক্ষ্য দিয়েছেন কেবল মামলার বাদী এসআই সাজ্জাদ হোসেন ও এএসআই জিয়াউর রহমান।

মামলার বিচার হয় তথ্য-প্রমাণের ভিত্তিতে। তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষীরা তথ্য-প্রমাণ হাজির করতে না পারলে বিচারকের কিছু করার থাকে না। আরও অবাক কাণ্ড যে আসামি খালাস পাওয়ার পর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপিল করেনি। এর অর্থ তারা তদন্ত কর্মকর্তার দায়সারা তদন্তই মেনে নিয়েছে। মাদক মামলার আসামির বেকসুর খালাস পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। বেশির ভাগ মামলার আসামিকেই শাস্তির আওতায় আনা যায় না।

১১ ডিসেম্বর পত্রিকান্তরের খবরে বলা হয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাত্র ৩৭ শতাংশ মামলায় সাজা হচ্ছে। বাকিরা খালাস পেয়ে যাচ্ছেন। তদন্তে অবহেলা, যথাযথ প্রক্রিয়ায় মাদক জব্দ না করা, যথাযথ সাক্ষ্যের অভাব কিংবা সাক্ষ্য দিতে অনীহার কারণেই এটি ঘটছে।

২০১৮ সালে মাদকবিরোধী কঠোর অভিযান চালানোর পরও দেশে মাদক ব্যবসা বা সেবন কমেনি। বাংলাদেশে ৯০ শতাংশ মাদক আসে মিয়ানমার থেকে। সেখানে সীমান্তে বিজিবি, কোস্টগার্ড ইত্যাদি আছে, তাদের সতর্ক দৃষ্টি এড়িয়ে কীভাবে মাদক আসে, সেটা বড় প্রশ্ন। প্রায়ই বিভিন্ন স্থানে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে আসে।

কিন্তু তারপর কী হয়, সেটা আমরা জানি না। পুলিশের অভিযানে সাধারণত মাদক বহনকারীরাই ধরা পড়েন। নেপথ্যে যেসব রাঘববোয়াল আছে, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তারা কেবল নিজেরাই শুধু দৃশ্যের আড়ালে থাকে না; নানাভাবে এসব মামলাকে প্রভাবিত করে। তদন্তে মাদকের উৎস পর্যায়ের ব্যক্তি এবং সরবরাহকারী কার কাছে মাদক পৌঁছে দিচ্ছেন, তাঁদের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে না। ফলে মাদক ব্যবসার মূল হোতারা সব সময় আড়ালে থেকে যান।

মাদকবিরোধী অভিযানের নামে কয়েক শ মানুষ মারা যাওয়ার পরও কেন মাদকের বিস্তার রোধ করা গেল না, ওপরের ঘটনায় সেটাই স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামি গ্রেপ্তার করেই দায়িত্ব শেষ করেন।

দেশে মাদকের বিস্তার রোধ করতে হলে প্রথমে মাদকের প্রবেশ বন্ধ করতে হবে। তারপর এই ব্যবসার সঙ্গে জড়িত নেপথ্যের কুশীলবকে পাকড়াও করে শাস্তির আওতায় আনতে হবে। মাদক মামলায় যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়সারা তদন্ত করে পার না পেয়ে যান, সেটাও নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে নিরীহ মানুষের পকেটে ইয়াবা দিয়ে ভুয়া মামলা করার প্রবণতাও।