সম্পাদকীয়
সম্পাদকীয়

মানবাধিকার কমিশন

যোগ্যদের নিয়োগ দিয়ে কমিশন সচল করুন

দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলেও জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল। অভিযোগ জমা হচ্ছে, কিন্তু সেগুলোর অনুসন্ধান, শুনানি ও নিষ্পত্তি হচ্ছে না। ভুক্তভোগীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রাতিষ্ঠানিক সুযোগও অব্যবহৃত থাকছে। এ পরিস্থিতি কেবল প্রশাসনিক শূন্যতা নয়; মানুষের অধিকার রক্ষায় সরকারের অগ্রাধিকার ও আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলে।

নতুন কমিশন গঠনের জন্য বাছাই কমিটি হয়েছে। বিলম্বিত হলেও এটি প্রয়োজনীয় পদক্ষেপ। কিন্তু কবে কমিশন দায়িত্ব নেবে, তার সুস্পষ্ট সময়সীমা নেই। আইনমন্ত্রীর ‘হয়ে যাবে, কাজ চলছে’ বক্তব্যে দীর্ঘ অনিশ্চয়তার অবসানের নিশ্চয়তা মেলে না। কমিশন অকার্যকর কি না, সে বিষয়ে তাঁর মন্তব্য না করাও হতাশাজনক। একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকলে তার কারণ ও প্রতিকার সম্পর্কে জনগণকে জানানো সরকারের দায়িত্ব।

কমিশনে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ হাজার ৫৩৮টি অভিযোগ। প্রতিটি অভিযোগের পেছনে আছেন এক বা একাধিক মানুষ, যাঁদের নিরাপত্তা, মর্যাদা কিংবা ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন জড়িত। অভিযোগ নথিভুক্ত করে রেখে দেওয়াকে প্রতিকার বলা যায় না। বিলম্বের কারণে সাক্ষ্যপ্রমাণ হারিয়ে যেতে পারে, ভুক্তভোগীর ঝুঁকি বাড়তে পারে এবং অভিযোগকারী আস্থা হারাতে পারেন। যেসব ক্ষেত্রে জরুরি সুরক্ষা প্রয়োজন, সেসব ক্ষেত্রেও নতুন কমিশনের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা বিশেষভাবে উদ্বেগজনক।

মানবাধিকার পরিস্থিতির যে চিত্র পাওয়া যাচ্ছে, তা এই নিষ্ক্রিয়তাকে আরও অগ্রহণযোগ্য করে তোলে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, বছরের প্রথম ১০ মাসে মব সহিংসতায় ১৯১ জন এবং রাজনৈতিক সহিংসতায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। হেফাজতে মৃত্যু, শিশুহত্যা ও সাংবাদিক হয়রানির অভিযোগও রয়েছে। এসব ঘটনার তদন্ত ও বিচারের মূল দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে স্বাধীন অনুসন্ধান, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জবাবদিহির দাবি জোরালো করতে মানবাধিকার কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা।

নতুন আইনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কমিশনের করণীয় আরও স্পষ্ট করা হয়েছে। প্রতিবেদন চাওয়া, সুপারিশ পাঠানো এবং জবাব সন্তোষজনক না হলে পরবর্তী কার্যক্রম নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এসব বিধান কার্যকরভাবে প্রয়োগ করা গেলে জবাবদিহির পরিসর বাড়তে পারে। কিন্তু কমিশনই না থাকলে বাড়তি ক্ষমতা কাগজে সীমাবদ্ধ থাকবে। আইনের সংস্কারকে সাফল্য হিসেবে দেখাতে হলে তার সুফল ভুক্তভোগীর কাছে পৌঁছাতে হবে। কমিশন গঠনের ক্ষেত্রে দ্রুততার পাশাপাশি নিয়োগের মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক আনুগত্য, ব্যক্তিগত যোগাযোগ কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়নের বিবেচনায় নিয়োগ হলে প্রতিষ্ঠানটির স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে।

মানবাধিকার বিষয়ে অভিজ্ঞতা, সততা, নিরপেক্ষতা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামর্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। বাছাইপ্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড প্রকাশ্য থাকলে নিয়োগের গ্রহণযোগ্যতা বাড়বে। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলনও প্রয়োজন।

শুধু চেয়ারপারসন ও কমিশনার নিয়োগ দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। জমে থাকা অভিযোগ নিষ্পত্তির সময়বদ্ধ পরিকল্পনা, জরুরি অভিযোগ চিহ্নিত করার ব্যবস্থা এবং তদন্তের প্রয়োজনীয় জনবল ও বাজেট নিশ্চিত করতে হবে। যেসব দপ্তরের প্রতিবেদন না পাওয়ায় অভিযোগ আটকে আছে, তাদের কাছ থেকেও জবাব চাইতে হবে। কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বার্ষিক প্রতিবেদন নিয়মিত প্রকাশ করতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগে কমিশন গঠনের প্রত্যাশা রয়েছে সরকারের। তবে দিবস পালন নয়, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার পাওয়াই আসল কথা। সরকারকে অবিলম্বে স্বাধীন ও যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।