মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষার মানোন্নয়নে যেসব অত্যাবশ্যকীয় প্রকল্প হাতে নিয়েছে, গত এক যুগে তার কোনোটি সময়মতো শেষ হয়নি। কোনোটির নির্মাণকাজের সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় ব্যয়ও। আবার কোনোটির প্রকল্প পরিচালক বদল হয়েছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে।
২০ ডিসেম্বর প্রথম আলোয় মাউশির নেওয়া বিভিন্ন প্রকল্পের যে চিত্র প্রকাশিত হয়েছে, তা কেবল হতাশাজনক নয়; উদ্বেগজনকও। বিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিভিত্তিক মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ করতে মাউশি ১ হাজার ৩৫৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছিল ২০১৬ সালে। ছয় বছর পর একটি শ্রেণিকক্ষও মাল্টিমিডিয়া হয়নি। প্রকল্পের অগ্রগতি মাত্র ৮ শতাংশের মতো।
শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া করার ক্ষেত্রে কোনো কাজ না হলেও প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখ শিক্ষক ও কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে; যাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। প্রকল্পের সাবেক পরিচালক মো. আবদুস সবুর খান ২০টি স্থানে আয়োজিত প্রশিক্ষণস্থলে উপস্থিত না হয়েও ‘প্রোগ্রাম পরিচালক’ হিসেবে ভিন্ন ভিন্ন স্বাক্ষরে প্রায় ১৭ লাখ টাকা সম্মানী নেন। প্রশিক্ষণ-সংশ্লিষ্ট আরও অনেকে এভাবে সম্মানীর নামে সরকারি টাকা আত্মসাৎ করেন। এরপর প্রকল্পে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়।
কেবল এই প্রকল্প নয়, মাউশির নেওয়া এ রকম ১০টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ধীরগতিতে। জেলা সদরে অবস্থিত ৭০টি সরকারি পোস্টগ্র্যাজুয়েট কলেজের অবকাঠামো উন্নয়ন প্রকল্প শুরু হয় ২০১০ সালে। মেয়াদ ছিল তিন বছর। দফায় দফায় সংশোধন করে প্রকল্পটির মেয়াদ আগামী জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এই প্রকল্পের ব্যয় ১ হাজার ৬৯০ কোটি টাকা। ঢাকা কলেজসহ বেশ কিছু কলেজের ১০ তলা ভবন নির্মাণকাজ শেষ হয়েছে কয়েক বছর আগে। শুধু লিফট ও জেনারেটর স্থাপন না করায় ভবনগুলো ব্যবহারের উপযোগী করা সম্ভব হয়নি।
শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য ৩ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে মাধ্যমিক শিক্ষায় বিনিয়োগ কর্মসূচির (সেসিপ) মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি মাসে। সর্বশেষ তথ্য হলো, প্রকল্পটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হচ্ছে। ২০১৭ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়নে নেওয়া প্রকল্পের কাজ হয়েছে মাত্র ১৫ শতাংশ।
গত ২৩ নভেম্বর প্রকল্প পর্যালোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির প্রকল্পের কাজ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়াই প্রতিকারের জন্য যথেষ্ট নয়।
সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এমন পরিস্থিতির জন্য প্রকল্প পরিচালকের অভিজ্ঞতার অভাব ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। এটা হয়তো আংশিক সত্য। প্রকল্পের পরিচালক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার স্থলে পছন্দ-অপছন্দ অগ্রাধিকার পেলে এ রকম হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রকল্পের যেমন একজন পরিচালক থাকেন, তেমনি সেই প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা দেখার জন্য থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও। এখানে ঊর্ধ্বতন ও অধস্তন মিলেই প্রকল্পের বারোটা বাজিয়েছেন। মন্ত্রী বদল হন, সচিব বদল হন, মাউশির মহাপরিচালক বদল হন, তারপরও প্রকল্প শেষ হয় না, এটা কেমন কথা?
প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত যেসব ব্যক্তির নামে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ আছে, তদন্ত সাপেক্ষ তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। জনগণের করের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্প নিয়ে বছরের পর বছর যাচ্ছেতাই কাণ্ড চলতে দেওয়া যায় না। ঊর্ধ্বতন–অধস্তন সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।