উচ্চশিক্ষার নিম্নযাত্রা

শিক্ষার অভিভাবকেরা কি ঘুমিয়ে আছেন

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৪ সালের জন্য বিশ্বের সেরা যে ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা করেছে, তাতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। অথচ দক্ষিণ এশিয়ার অপর দুটি দেশ ভারত ও পাকিস্তানের যথাক্রমে ২৪ ও ৮টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। গত বছরের টাইমস হায়ার এডুকেশন–এর র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ থেকে ৮০০-এর মধ্যে।

এবার ৮০১ থেকে ১ হাজার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। এগুলো হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ১ হাজার ১ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে আছে তিনটি—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর পরের ১ হাজার ২০১ থেকে ১ হাজার ৫০০-এর মধ্যে তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

গত বছর একই সংস্থার জরিপে এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম ছিল না। ওই তালিকার ১৮৬তম অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ১৯২তম অবস্থানে ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

প্রতিবছরই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের জরিপে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তালিকার তলানিতে থাকে। এই তথ্যগুলো লজ্জা ও অস্বস্তির কারণ হলেও শিক্ষার যাঁরা অভিভাবক হয়ে বসে আছেন, তাঁরা ভাবিত বলে মনে হয় না। তাঁরা বরাবরই উন্নয়নের রোল মডেলের খোয়াব দেখেন। কিন্তু পৃথিবীতে এমন দেশ খুঁজে পাওয়া যাবে না, যারা শিক্ষা ছাড়া উন্নতি করেছে। 

একসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম ছিল বিশ্বজুড়ে। সেই সুনাম ধরে রাখতে না পারার কারণ কি সেরা শিক্ষার্থীদের আমরা ধরে রাখতে পারছি না? আগে সেরা শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলেও ফিরে আসতেন। এখন তাঁদের বড় অংশই আর ফিরে আসছেন না। যাঁরা আসছেন, তাঁদের অনেকেই নানা কারণে দেশে থাকতে পারছেন না বলেও আলোচনা আছে। ফিরে আসা মেধাবীদের যথাযোগ্য স্থানে বা বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে নিয়োগ পান না, তা কে না জানে।  

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ যেসব বিষয় বিবেচনা করা হয়। নির্মম সত্য হলো, পাঠদান ছাড়া অন্য বিষয়গুলো আমাদের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার অভিভাবকেরা বরাবর উপেক্ষা করে চলেছেন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও জ্ঞান সৃষ্টিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে; বাংলাদেশ এই দুই ক্ষেত্রেই সবচেয়ে কম নজর দেয়। 

আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা কম। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও শিক্ষার সরঞ্জাম নেই। এগুলো সমস্যা নিশ্চয়ই। কিন্তু এসবের চেয়ে বড় সমস্যা হলো শিক্ষার প্রতি সার্বিক দৃষ্টিভঙ্গি। সরকারের নীতিনির্ধারকেরা বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নের চেয়ে জেলায় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে বেশি আগ্রহী। তাঁরা সংখ্যা দিয়ে মানের ঘাটতি পূরণ করতে চান। 

দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশেই শিক্ষায় বরাদ্দের হার সবচেয়ে কম। ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা—কোনোটিরই মান রক্ষা করা যাচ্ছে না। একটি দেশের শিক্ষার মান উন্নত তখনই বলা যাবে, যখন বিদেশি শিক্ষার্থীরা সেই দেশে পড়তে আগ্রহী হন। দেশের মেধাবী শিক্ষার্থীদেরই আমরা ধরে রাখতে পারছি না, সেখানে বিদেশি শিক্ষার্থী আসবেন কেন? 

মৌলিক গবেষণা ও উদ্ভাবনে ১ শতাংশের কম বরাদ্দ রেখে শিক্ষার মান ধরে রাখা অলীক কল্পনা বলেই মনে করি।