সম্পাদকীয়
সম্পাদকীয়

টিলাধসের ঝুঁকিতে চা-শ্রমিক

দ্রুত নিরাপদ স্থানে সরানো হোক

বর্ষা বা বৃষ্টি মৌসুমে চট্টগ্রামে পাহাড়ধস আর সিলেটে টিলাধসের ঘটনা নতুন কিছু নয়। প্রতিবছরই ঘটছে প্রাণহানি। সচেতনতা তৈরি ও নানা পদক্ষেপ নেওয়ার পরও পাহাড় বা টিলার ওপর বা পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস ঠেকানো যায়নি।

একটি ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। যতই প্রাণহানি ঘটুক, শোক ভুলে যেতে দেরি হয় না মানুষের, এরপর আবারও বিপজ্জনকভাবে বসবাস চলতে থাকে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-বাগানে।

গত ১৯ আগস্ট শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাই ছড়া চা-বাগানে এক টিলাধসে চা-শ্রমিক চার নারীর প্রাণহানি ঘটে। মূলত টিলা থেকে মাটি সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে।গত জুনেও সিলেটের জৈন্তাপুরে টিলা কেটে ঘরবাড়ি বানানোর কারণে একই পরিবারের চারজন নিহত হন, যার মধ্যে শিশুও রয়েছে। তার মানে, এখানে মূল সমস্যা হচ্ছে টিলা কাটা বা এর মাটি সংগ্রহ করা।

সিলেটের চা-বাগানগুলো টিলাসমৃদ্ধ। অনেক বাগানের শ্রমিকেরা বসবাস করেন টিলার পাদদেশে। ঘর সম্প্রসারণ করতে গিয়ে টিলার ক্ষতি করেন তাঁরা। ফলে টানা কয়েক দিনের বৃষ্টিতে সর্বনাশ ঘটে যায়। অতএব টিলার ক্ষতি রোধ করতে চা-শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

প্রাণহানির ঘটনার পর লাখাই ছড়া চা-বাগান কর্তৃপক্ষ নিরাপদ স্থানে ঘর তৈরি করে দিয়েছে টিলার ওপর থাকা শ্রমিকদের জন্য। কিন্তু কিছু পরিবার নতুন ঘরে চলে গেলেও অনেকেই টিলা ছাড়তে চাইছেন না। একরকম জোর করে ঝুঁকি নিয়েই তাঁরা টিলার ওপর বসবাস করছেন। টিলার ওপর ওঠানামার রাস্তাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অনেক ঘরের সামনে ও পেছনে মাটিধসে খাদ তৈরি হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, মালিক কর্তৃপক্ষের করে দেওয়া নতুন ঘরে জায়গা কম। সেখানে গেলে গাদাগাদি করে থাকতে হবে। যদিও প্রাণহানির ঘটনার পর অনেকেই বাধ্য হয়ে নতুন ঘরে উঠেছেন। এখন যেসব পরিবার টিলা ছাড়ছে না, তাদের নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তৈরি হয়েছে।

বাগান কর্তৃপক্ষের বক্তব্য, বারবার চিঠি দিয়ে, এমনকি নিজেরা সেখানে গিয়েও কিছু পরিবারকে টিলার ওপর থেকে সরানো যাচ্ছে না।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করেছেন। এখন চা-শ্রমিকদের নিরাপদ স্থানে সরে আসতে রাজি করানোর কোনো বিকল্প নেই। তাঁদের নেতৃস্থানীয় ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়েই সে কাজটি করতে হবে বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের। এ ছাড়া ঘর নিয়ে শ্রমিকদের যে অভিযোগ, সেটিও গুরুত্ব দিতে হবে। টিলাধসে আর কোনো চা-শ্রমিকের প্রাণহানি ঘটুক, আমরা তা চাই না।