চিকিৎসাসেবার নামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নানা রকম অনিয়ম, অব্যবস্থা ও অপচিকিৎসার ঘটনা নতুন নয়। দেশে যেসব সরকারি হাসপাতাল আছে, তা রোগীর চাহিদা পূরণ করতে পারছে না।
বিদেশে চিকিৎসা করার সামর্থ্য যঁাদের আছে, তঁারা সেখানে গিয়ে চিকিৎসাসেবা নেন। কিন্তু যাঁদের সামর্থ্য নেই (সংখ্যায় তাঁরাই বেশি), তাঁরা বাধ্য হয়ে দেশেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান বা করাতে বাধ্য হন।
এই সুযোগে একশ্রেণির বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের মালিক কেবল রোগীদের পকেট কেটেই ক্ষান্ত হচ্ছেন না, অনেক সময় চিকিৎসার নামে রোগীদের জিম্মি করছেন। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনার ঘটনাও ঘটছে। এ ব্যাপারে সরকারি হাসপাতালের একশ্রেণির চিকিৎসক ও কর্মচারীর যোগসাজশের কথাও শোনা যায়। মেয়াদোত্তীর্ণ
ওষুধ, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশকে তাঁরা কোনো অন্যায়ই মনে করছেন না। বেসরকারি হাসপাতালে হাতুড়ে চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের নামে মানুষ মেরে ফেলার ঘটনাও কম নয়। সম্প্রতি অবৈধ হাসপাতাল ও ক্লিনিকবিরোধী অভিযানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অপচিকিৎসার কিছু কিছু চিত্র উঠে এসেছে। কর্তৃপক্ষ কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
তবে এ কথাও স্বীকার করতে হবে, সব বেসরকারি হাসপাতাল এই অনিয়ম ও অব্যবস্থা প্রশ্রয় দেয় না। অনেক বেসরকারি হাসপাতালেই রোগীরা উন্নত মানের চিকিৎসা পেয়ে থাকেন এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতের গুরুত্বকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
গত ৩০ আগস্ট আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের যেসব চিত্র উঠে এসেছে, তা–ও কম উদ্বেগজনক নয়। ২০১৯-২০ সালে করা ওই গবেষণায় দেখা যায়, ৩৫ শতাংশ বেসরকারি হাসপাতাল-ক্লিনিক চলছে নিবন্ধন ছাড়াই।
১৯৮২ সালের অধ্যাদেশের অত্যাবশ্যকীয় সাত শর্তের মধ্যে মাত্র তিনটি পূরণ করেছে ৯০ শতাংশ প্রতিষ্ঠান। অত্যাবশ্যকীয় ১৪টি ওষুধ পাওয়া গেছে মাত্র ৭ শতাংশ প্রতিষ্ঠানে। নিবন্ধনের জন্য ১৪ শতাংশ প্রতিষ্ঠান কর সনদ ও ৪২ শতাংশ প্রতিষ্ঠান ভ্যাট সনদ জমা দেয়নি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জমা দেয়নি ৬৮ শতাংশ প্রতিষ্ঠান। মাদকবিষয়ক ছাড়পত্র নেই ৭৫ শতাংশ প্রতিষ্ঠানের। এত সব নেইয়ের মধ্যে এগুলো চলছে কীভাবে?
উল্লেখ্য, গত শতকের আশির দশকে দেশে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ হাসপাতাল বেসরকারি স্বাস্থ্য খাতের আওতাভুক্ত। হাসপাতালের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও এসবের পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যাপক ঘাটতি আছে।
গবেষণায় ১২টি সিটি করপোরেশন ও ১০টি জেলার মোট ১ হাজার ১১৭টি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হয়। গবেষকেরা এসব প্রতিষ্ঠানের দলিল পর্যালোচনার পাশাপাশি একটি প্রশ্নপত্র পূরণ করেন। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ৩১ জনের বিশেষ সাক্ষাৎকার নেন।
গত দুই বছরে পরিস্থিতির ইতরবিশেষ ঘটেনি। অভিযান শেষ হওয়ার পরও অনেক বেসরকারি হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতা চলছে। দেখার কেউ আছে বলে মনে হয় না।
আইন লঙ্ঘনের দায়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন বাতিল করলেও খুব লাভ হয় না। অসাধু ‘স্বাস্থ্যসেবকেরা’ আইনকে ফাঁকি দিয়ে নতুন নামে হাসপাতাল–ক্লিনিক খুলে বসেন। তাই এ ব্যাপারে সরকারের নিবিড় নজরদারি প্রয়োজন। বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী ও কার্যকর করতে আইন ফাঁকি দিয়ে কিংবা নিবন্ধন না করে যাতে কেউ হাসপাতাল ও ক্লিনিক খুলে বসতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি।